Saturday, April 11, 2020

আরো তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮

ফাতেহ ডেস্ক

বাংলাদেশে গত ২৪ ঘণ্টায় করোনা ভাইরাসে আরও তিনজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে মোট মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ৩০ জনে।এছাড়া গত ২৪ ঘন্টায় নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছে ৫৮ জন। এ নিয়ে মোট আক্রান্ত শনাক্ত হয়েছে ৪৮২ জন। গত একদিনে ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করে এ তথ্য জানা গেছে। এছাড়া সুস্থ হয়ে উঠেছেন আরও তিনজন, ফলে মোট সুস্থ হয়েছেন ৩৬ জন।

আজ শনিবার (১১ এপ্রিল) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। অনলাইন বুলেটিনকালে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল কালাম আজাদ। নিজের বাসা থেকে এতে যুক্ত হন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক এবং আইইডিসিআরের পরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা।

প্রথমে স্বাস্থ্যমন্ত্রী বলেন, গত ২৪ ঘণ্টায় আরও ৯৫৪ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে ৫৮ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। ফলে মোট আক্রান্তের সংখ্যা হয়েছে ৪৮২। আমরা আক্রান্তদের মধ্যে আরও তিনজনকে হারিয়েছি। ফলে এ রোগে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০ জনে। নতুন করে আক্রান্তদের মধ্যে ১৪ জন ঢাকার, ৮ জন নারায়ণগঞ্জ ও বাকিরা ঢাকার বাইরে বিভিন্ন জেলার।

রাজধানীর মিরপুর, বাসাবো ও নারায়ণগঞ্জে আক্রান্তদের সংখ্যা সবচে বেশি বলে জানানো হয় ব্রিফিংয়ে। নতুন করে আক্রান্তদের মধ্যে ৪৮ জন পুরুষ ও ১০ জন নারী।

এ বিষয়ে ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা বলেন, নতুন শনাক্ত ও মৃত্যুর তথ্য আমরা ইতোমধ্যেই স্বাস্থ্যমন্ত্রীর মাধ্যমে জেনেছি। এছাড়া গত ২৪ ঘণ্টায় আরও তিনজন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের মধ্যে ৩৬ জন সুস্থ হয়ে উঠেছেন। সুস্থ হওয়ার তিনজনের মধ্যে দুজন পুরুষ এবং একজন নারী। তাদের বয়স যথাক্রমে ২৬, ৫৭ ও ৫৫ বছর।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনা পরিস্থিতির কারণে স্বাভাবিক জীবন থমকে দাঁড়িয়েছে। আগামী কয়েকটা দিন কষ্ট করুন। সময়ের এক ফোঁড় অসময়ের দশ ফোঁড়।

আগামী ২৫ এপ্রিল পর্যন্ত লকডাউন কার্যকর করতে জনগণকে ঘরে থেকে সুস্থ থাকতে অনুরোধও জানান স্বাস্থ্যমন্ত্রী।

-এ

The post আরো তিনজনের মৃত্যু, নতুন আক্রান্ত ৫৮ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3e9V1YS

No comments:

Post a Comment