Monday, February 7, 2022

রোনার টিকা হাতে আছে ১০ কোটি, টিকা নেন: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

সরকার টিকা দেওয়ার লোক খুঁজে পাচ্ছে না বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। যারা এখনও টিকা নেননি, তাদের দ্রুত টিকা নেওয়ার তাগিদ দিয়েছেন মন্ত্রী।

সোমবার মন্ত্রিসভার বৈঠক শেষে মন্ত্রিপরিষদ বিভাগের সভাকক্ষ থেকে বেরিয়ে যাওয়ার সময় সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, করোনার টিকা হাতে আছে ১০ কোটি। সবাই টিকা দেওয়ার পরও টিকা বেঁচে যাবে। যারা টিকা নেননি তারা দ্রুত টিকা নেন। হাসপাতালে এখন সারা দেশে মিলে আড়াই হাজার রোগী আছে, আর ঢাকায় রয়েছে দেড় হাজার রোগী। টিকা নেওয়ার কারণে মৃত্যুহার কমেছে।

এ বছরের মধ্যে লক্ষ্যমাত্রা অনুযায়ী সংশ্লিষ্ট সবাইকে বুস্টার ডোজসহ করোনার টিকা দেওয়া শেষ করা হবে বলেও আশা প্রকাশ করেন মন্ত্রী। এ জন্য পর্যাপ্ত টিকার ব্যবস্থাও আছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকার জন্য এখন পর্যন্ত ২০ হাজার কোটি টাকার বেশি খরচ হয়েছে। দেশের ৭০ শতাংশ মানুষকে টিকা দেওয়া (প্রথম ডোজ) সম্পন্ন হয়েছে। আর লক্ষ্যমাত্রা মানুষের মধ্যে ৮২ শতাংশের টিকা দেওয়া হয়েছে। ১০ কোটি প্রথম ডোজ টিকা দেওয়া হয়েছে।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, টিকা কার্যক্রমে সফল হয়েছে বাংলাদেশ। দেশের ১০ কোটি মানুষ টিকা পেয়েছে। ৭০ শতাংশ মানুষ টিকার আওতায় এসেছে। পৌনে সাত কোটি ২য় ডোজ পেয়েছে। বুস্টার ডোজ পেয়েছে ২৬ লাখ মানুষ।

The post রোনার টিকা হাতে আছে ১০ কোটি, টিকা নেন: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/MNX9GUh

Sunday, February 6, 2022

এরদোগানের আরোগ্য কামনায় রাষ্ট্রপ্রধানদের ফোন

আন্তর্জাতিক ডেস্ক:

তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগানের দ্রুত আরোগ্য কামনা করেছেন ইসরাইলের প্রেসিডেন্ট ইসাক হারজগ। রোববার তিনি এরদোগানকে ফোন করে তার এবং তুরস্কের ফার্স্টলেডি এমিনে এরদোগানের করোনা থেকে দ্রুত আরোগ্য কামনা করেন। খবর ডেইলি সাবাহর।

সম্প্রতি ইউক্রেন সফর থেকে ফেরার পর এরদোগানের করোনা ধরা পড়ে। পরে নমুনা পরীক্ষা করে তার স্ত্রী এবং দেশটির ফার্স্টলেডি এমিনে এরদোগানেরও করোনা ধরা পড়ে।

ফোন করে স্বাস্থ্যের খোঁজখবর নেওয়ার জন্য ইসরাইলের প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান এরদোগান। এ সময় খুব শিগগির তারা বৈঠকে বসবেন বলে আশাবাদ ব্যক্ত করেন তুরস্কের প্রেসিডেন্ট। আরোগ্য কামনা করে এরদোগানকে ফোন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং ইরাকের প্রধানমন্ত্রী মুস্তফা আল-কাদমি।

এদিকে রোববার এক বিবৃতিতে এরদোগান জানান, করোনায় আক্রান্ত হলেও তিনি এবং তার স্ত্রী এখন ভালোই আছেন। তারা ইস্তানবুলে তাদের বাসভবনের আইসোলেশনে আছেন, সেখান থেকেই তিনি রাষ্ট্রীয় জরুরি কাজকর্ম করছেন।

The post এরদোগানের আরোগ্য কামনায় রাষ্ট্রপ্রধানদের ফোন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/lhWXsx5

কানাডায় ট্রাকচালকদের বিক্ষোভ, জরুরি অবস্থা ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাস বিধিনিষেধের বিরুদ্ধে এক সপ্তাহের বেশি সময় ধরে ট্রাকচালকদের বিক্ষোভের মুখে কানাডার রাজধানী অটোয়ায় জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। রবিবার শহরটির মেয়র জিম ওয়াটসন এই জরুরি অবস্থা ঘোষণা করেন।

ডয়চে ভেলের প্রতিবেদনে বলা হয়েছে, সপ্তাহান্তে হাজার হাজার বিক্ষোভকারী অটোয়ার বিভিন্ন রাস্তায় নেমে আসে। মার্কিন যুক্তরাষ্ট্র এবং কানাডার সীমান্ত অতিক্রম করার সময় ট্রাকাররা ভ্যাকসিনের প্রয়োজনীয়তার বিরুদ্ধে প্রতিবাদ শুরু করে। এর পরই সেখান থেকে বিক্ষোভ ছড়িয়ে পড়ে এবং তা করোনা বিধিনিষেধ ও প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো সরকারের বিরুদ্ধে প্রতিবাদে পরিণত হয়।

মেয়র জিম ওয়াটসন বলেছেন, ‘জরুরি অবস্থার ঘোষণাটি অন্যান্য এখতিয়ার এবং সরকার থেকে সমর্থনের প্রয়োজনীয়তা তুলে ধরে।’ এর আগে দিনের শুরুতে, পরিস্থিতিকে সম্পূর্ণ নিয়ন্ত্রণের বাইরে বলে বর্ণনা করেছিলেন ওয়াটসন। স্থানীয় রেডিও স্টেশন সিএফআরএকে তিনি বলেছেন, ‘স্পষ্টতই আমরা এই যুদ্ধে হেরে যাচ্ছি।’
এদিকে, বিক্ষোভকারীদের সাহায্য করা থেকে লোকজনকে আটকাতে নতুন ব্যবস্থা ঘোষণা করেছে পুলিশ। এক টুইট বার্তায় অটোয়ার পুলিশ বলেছে, ‘কেউ যদি বিক্ষোভকারীদের জন্য সহায়তা আনার চেষ্টা করে তাহলে তাকে গ্রেফতার করা হবে।’

 

The post কানাডায় ট্রাকচালকদের বিক্ষোভ, জরুরি অবস্থা ঘোষণা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/kKMIi2x

করোনায় আরও ২৯ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৪৫

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে গত ২৪ ঘণ্টায় ২৯ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মোট মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৮ হাজার ৫৮৯ জনে।

একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ৩৪৫ জনের। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৮ লাখ ৬১ হাজার ৫৩২ জনে। শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ।

রোববার (৬ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

রোববারের বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৮ হাজার ১৫৯ জন। এখন পর্যন্ত সুস্থ হয়েছেন ১৬ লাখ ২ হাজার ৫৫০ জন।

২৪ ঘণ্টায় নমুনা সংগ্রহ করা হয় ৩৮ হাজার ২৪৭টি। পরীক্ষা করা হয় ৩৮ হাজার ৮২১টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ২১ দশমিক ৫০ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৪ দশমিক ৬৩ শতাংশ।

২৪ ঘণ্টায় মারা যাওয়াদের মধ্যে ১৫ জন পুরুষ, ১৪ জন নারী। ঢাকা বিভাগে মারা গেছেন ১৪ জন। চট্টগ্রামে ৪, রাজশাহীতে ১, খুলনায় ৪, সিলেটে ১, রংপুরে ৩ ও ময়মনসিংহে ২ জন মারা গেছেন।

২০২০ সালের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ওই বছরের ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়। গেল বছরের ৫ ও ১০ আগস্ট দুদিন সর্বাধিক ২৬৪ জন করে মারা যান।

 

The post করোনায় আরও ২৯ জনের মৃত্যু, শনাক্ত ৮৩৪৫ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3DoA7SJ

Saturday, February 5, 2022

কওমি মহিলা মাদরাসায় টিকাদান কার্যক্রম শুরু

ফাতেহ ডেস্ক:

দেশে এবার মাদ্রাসা শিক্ষার্থীদের করোনাভাইরাসে টিকা দেওয়া শুরু হলো। আজ রবিবার রাজধানীর মিরপুরের একটি মহিলা মাদ্রাসার শিক্ষার্থীদের টিকা দেওয়ার মধ্য দিয়ে দেশের কওমি মাদ্রাসার শিক্ষার্থীদের টিকাদান কার্যক্রম শুরু হয়েছে।

সকালে মিরপুর জামিয়া সিদ্দীকিয়া নুরানি মহিলা মাদ্রাসায় শিক্ষার্থীদের টিকা দেওয়ার সময় স্বাস্থ্য অধিদপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ঢাকা সিভিল সার্জন উপস্থিত ছিলেন। এসব শিক্ষার্থীদের ফাইজারের টিকা দেওয়া হচ্ছে বলে জানা গেছে।

এসময় স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা ও অধিদপ্তরের করোনার টিকাবিষয়ক কমিটির সদস্যসচিব ডা. শামসুল হক উপস্থিত ছিলেন।

 

The post কওমি মহিলা মাদরাসায় টিকাদান কার্যক্রম শুরু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/E3mkylZ

Thursday, February 3, 2022

শপথ নেওয়ার আগেই বিচারপতির মৃত্যু

ফাতেহ ডেস্ক:

শপথ নেওয়ার আগেই মারা গেলেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগে সদ্যনিয়োগ পাওয়া বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান। শুক্রবার (৪ ফেব্রুয়ারি) সকাল ৬টা ১৫ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

বিষয়টি নিশ্চিত করেছেন সুপ্রিম কোর্টের বিশেষ কর্মকর্তা ব্যারিস্টার মোহাম্মাদ সাইফুর রহমান।

গত ৯ জানুয়ারি নাজমুল আহাসানসহ চার বিচারপতি আপিল বিভাগে বিচারপতি হিসেবে নিয়োগ পান। ওইদিনই তিন বিচারপতি শপথ নিলেও নাজমুল আহাসান শপথ নিতে পারেননি। করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি ছিলেন তিনি। শপথ নেওয়া তিন বিচারপতি হলেন বিচারপতির বোরহান উদ্দিন, এম. ইনায়েতুর রহিম ও কৃষ্ণা দেবনাথ।

নাজমুল আহাসানের মৃত্যুতে শোক জানিয়েছেন প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী। তিনি মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

১৯৫৫ সালের ১৫ ফেব্রুয়ারি জন্মগ্রহণ করেন নাজমুল আহাসান। তিনি বিএ (সম্মান) ও স্নাতকোত্তর ডিগ্রি লাভের পর এলএলবি পাস করেন। এরপর আইনপেশায় যোগ দেন।

১৯৮৬ সালের ১৮ মার্চ জেলা আদালতের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন নাজমুল আহাসান। ১৯৯৪ সালের ২২ জানুয়ারি হাইকোর্ট বিভাগের ও ২০০৯ সালের ১৩ ডিসেম্বর সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন তিনি।

বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ২০১০ সালের ১৮ এপ্রিল হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান। পরে ২০১২ সালের ১৫ এপ্রিল স্থায়ী হন। এ বছরের ১৪ ফেব্রুয়ারি তার অবসর গ্রহণের তারিখ ছিল।

The post শপথ নেওয়ার আগেই বিচারপতির মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/PfuoCXW

Wednesday, February 2, 2022

৫৭ দেশে অমিক্রনের অতি সংক্রামক উপধরন বিএ.২: ডব্লিউএইচও

আন্তর্জাতিক ডেস্ক:

করোনাভাইরাসের অতি সংক্রামক অমিক্রনের একটি উপধরন (বিএ.২) বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে। গতকাল মঙ্গলবার বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এ তথ্য জানিয়েছে। খবর এএফপির।

ইতিমধ্যে কিছু গবেষণা ইঙ্গিত দিয়েছে, অমিক্রনের মূল ধরনের চেয়ে উপধরন ‘বিএ.২’ অনেক বেশি সংক্রামক হতে পারে।

অনেক মিউটেশনের অমিক্রনের উচ্চ সংক্রমণক্ষমতা রয়েছে। অমিক্রনের আবার বেশ কিছু উপধরন তৈরি হয়েছে। এগুলো হলো বিএ.১, বিএ.১.১, বিএ.২ ও বিএ.৩। এই উপধরনগুলোর মধ্যে বিএ.২ মূল ধরনের চেয়ে অনেক বেশি সংক্রামক হতে পারে বলে বিভিন্ন গবেষণায় আভাস মিলেছে।

মহামারিসংক্রান্ত সর্বশেষ সাপ্তাহিক তথ্য উপস্থাপন করতে গিয়ে গতকাল ডব্লিউএইচও জানায়, গত মাসে করোনার যত নমুনা সংগ্রহ করা হয়েছে, তার বেশির ভাগই অমিক্রন। এর মধ্যে বিএ.১, বিএ.১.১, বিএ.২ ও বিএ.৩ রয়েছে।

করোনার জিনোমের উন্মুক্ত বৈশ্বিক তথ্যভান্ডার জার্মানির গ্লোবাল ইনিশিয়েটিভ অন শেয়ারিং অল ইনফ্লুয়েঞ্জা ডেটাতে (জিআইএসএআইডি) অমিক্রনের যেসব তথ্য আপলোড করা হয়েছে, তার ৯৬ শতাংশই বিএ.১ ও বিএ.১.১। তবে বিএ.২ উপধরনটি শনাক্তের হারও ক্রমাগত বাড়তে দেখা যাচ্ছে বলে উল্লেখ করেছে ডব্লিউএইচও।

ডব্লিউএইচও জানায়, জিআইএসএআইডির হালনাগাদ তথ্য অনুযায়ী, বিএ.২ উপধরনটি বিশ্বের ৫৭টি দেশে শনাক্ত হয়েছে। কিছু কিছু দেশে মোট শনাক্ত অমিক্রনের অর্ধেকের বেশি বিএ.২।

The post ৫৭ দেশে অমিক্রনের অতি সংক্রামক উপধরন বিএ.২: ডব্লিউএইচও appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/Ay4CNatP5