ফাতেহ ডেস্ক
প্রাণঘাতী করোনাভাইরাসের সংক্রমণ আতঙ্কে এবার টাঙ্গাইলের ঐতিহাসিক ২০১ গম্বুজ মসজিদে জুমার নামাজ স্থগিত করা হয়েছে। জেলার গোপালপুরে অবস্থিত বিশ্বখ্যাত মসজিদটির কর্তৃপক্ষ আজ বৃহস্পতিবার এ সিদ্ধান্ত নিয়েছে।
ইতোমধ্যে বাংলাদেশে ১৭ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এর মধ্যে তিনজন সুস্থ হয়েছেন। আর মৃত্যু হয়েছে একজনের।
এই পরিস্থিতিতে সংক্রমণ ঠেকাতে আগেই সরকারের পক্ষ থেকে গণজমায়েত এড়িয়ে চলতে বলা হয়েছে। বন্ধ ঘোষণা করা হয়েছে সকল শিক্ষাপ্রতিষ্ঠান। এমনকি ওয়াজ-মাহফিল আয়োজনেও নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।
এমনই প্রেক্ষাপটে ওই মসজিদে জুমার স্থগিত করা হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। মসজিদটির প্রতিষ্ঠাতা বীর মুক্তিযোদ্ধা মো. রফিকুল ইসলাম খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি গণমাধ্যমকে জানান, বিশ্বব্যাপী করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে। আমাদেরও দেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে। আর তাই ২০১ গম্বুজ মসজিদে আগত হাজার হাজার মুসল্লির মধ্যে ভাইরাসটির সংক্রমণ ঠেকাতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
দর্শনার্থী ও মুসল্লিদের সাময়িক এ অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেন রফিকুল ইসলাম। সেইসঙ্গে পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলেও জানান তিনি।
-এ
The post টাঙ্গাইলে জুমার নামাজ স্থগিত appeared first on Fateh24.
from Fateh24 https://ift.tt/3dddh38
No comments:
Post a Comment