Saturday, October 8, 2022

দেশে বাড়ছে ইসলামি সংগীতের জনপ্রিয়তা

রাকিবুল হাসান নাঈম:

বাংলাদেশে প্রতিনিয়ত ইসলামি সংগীতের জনপ্রিয়তা বেড়েই চলছে। সংগীতের গুণগত মান নিয়ে প্রশ্ন থাকলেও জনপরিসরে ইসলামি ভাবধারার সংগীত সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তির কল্যাণে ব্যাপক সমাদৃতি পাচ্ছে। ফলে ইসলামি অঙ্গনে গড়ে উঠেছে বেশকিছু সংগীত-দল। সংগীত-দলের বাইরে থেকে ব্যক্তি পর্যায়েও গানের চর্চা করছেন অনেকে। সবার সুর ও মেধায় ভর করেই বিস্তৃত হচ্ছে ইসলামি সংগীতের জগত। সংশ্লিষ্টগণ বলছেন, কথা, সুর ও বুননে ইসলামি সংগীতে এখন একটা পরিবর্তন দেখা যাচ্ছে। আগে কেবল হামদ ও নাত গাইলেও এখন শিল্পীরা জীবনমুখী সংগীতও করছেন। ফলে সংগীতগুলো আগের তুলনায় বেশি মানুষের হৃদয় স্পর্শ করতে পারছে।

ফেসবুক ইউটিউবে বাড়ছে শ্রোতা

ইসলামি সংগীতের বিস্তৃতির ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখছে ফেসবুক ইউটিউব। করোনার আগে ব্যাপকভাবে কনসার্ট হলেও করোনার পর তা কমে গেছে। ফলে ফেসবুক ইউটিউবই সংগীত ছড়িয়ে দেয়ার একমাত্র মাধ্যম হয়ে উঠেছে। শ্রোতাগণও নিচ্ছেন বেশ ভালো করেই। নিত্য নতুন তৈরী হচ্ছে নতুন মাইলফলক।

এ প্রসঙ্গে কথা হয় সংগীতশিল্পী আবু উবায়দার সঙ্গে। তিনি একইসঙ্গে গীতিকার, সুরকার ও কম্পোজার। ইউটিউবে তার সাবসক্রাইবার ৩ লাখ ২৫ হাজার। ফাতেহকে তিনি জানান, ‘ইসলামী সংগীতের প্রচারে অবশ্যই ফেসবুক ইউটিউবের বিরাট ভূমিকা রয়েছে। নয়ত এত মানুষের কাছে সংগীত পৌঁছত কিভাবে।’ আবু উবায়দা জানান, ১৩ আগস্ট তার চ্যানেলে ‘আস সুবহু বাদা’ শিরোনামে একটি সংগীত প্রকাশ করেন। প্রকাশের দুই মাস না পেরুতেই গানটি উঠে এসেছে তার সবচে বেশিবার শোনা গানের তালিকার প্রথমে। ফেসবুক-ইউটিউব মিলিয়ে এ গানটির ভিউ ১০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

গত দু’ এক বছরে অনেকগুলো গান ইউটিউবে কয়েক মিলিয়ন ভিউ পার করেছে। এরমধ্যে কলরবের সংগীতশিল্পী আহমদ আব্দুল্লাহর গান ‘ইশকে নবী জিন্দাবাদ’ কেবল ইউটিউবে ভিউ হয়েছে ১৪ মিলিয়ন। গানটি প্রকাশ পেয়েছে হলি টিউনে। আহমদ আব্দুল্লাহর নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। তাতে ১ লাখ ৪০ হাজার সাবসক্রাইবার রয়েছে। সেই চ্যানেলের কোনো কোনো গানের ভিউ মিলিয়ন স্পর্শ করার পথে।

বর্তমান ইসলামি সংগীতের জগতে চেনামুখ শেখ এনাম। তার সবচে বেশি আলোচিত সংগীতের নাম ‘ইশক কি রং মে’। গানটি প্রকাশ করেছে সিরাত মিডিয়া”। ভিউ পেয়েছে ৪.৬ মিলিয়ন। শেখ এনাম জানান, ফেসবুকের ভিউ ধরলে কত হবে, সেটা বলা যাচ্ছে না।

কেন জনপ্রিয়তা বাড়ছে ইসলামি সংগীতের?

ইসলামি সংগীতের জনপ্রিয়তা বাড়ার পেছনে বিভিন্নজন বিভিন্ন কারণ দেখিয়েছেন। প্রত্যেকেই তুলে ধরেছেন তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি। তবে সবাই একটা কথা স্বীকার করেছেন, এর পেছনে সবচে বড় কারণ সবার সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা।

আবু উবায়দা ফাতেহকে বলেন, কারও একক প্রচেষ্টায় ইসলামি সংগীতের এ জনপ্রিয়তা তৈরী হয়নি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা হয়েছে। ২০০১ সাল পর্যন্ত আমরা ভালো ভালো গান পেয়েছি। এরপর দীর্ঘ সময় আমরা কালজয়ী গান পাইনি। ২০১৫ সালের পর ইসলামি সংগীতের জগতে নতুন একটা জোয়ার শুরু হয়। বছর খানেক আগে হলি টিউনের অফিসে আমরা সংগীতশিল্পীরা একত্রে বসেছিলাম। পরামর্শ করেছিলাম, কিভাবে ইসলামি গানের জগতকে বিস্তৃত করা যায়। সবাই পরামর্শ দিয়েছিল, কন্টেন্ট ভালো করতে হবে। তারপর সবাই ভালো করার চেষ্টা করেছে, তার একটা ফলও দেখতে পাচ্ছি।’

আবু উবায়দা আরও জানান, ‘ইসলামি সংগীতের জগতে এখন বিরহ, বেদনা, অনুভব, রোমান্টিকতাও আসছে। ফলে মানুষ ভাবছে, মিউজিক দিয়ে না শুনে বরং মিউজিক ছাড়া এ গানগুলো শুনলে ভালো। তাই তারা এগুলো বেশি শুনছে, ভাবছে। মানুষের অনুভব চাঙ্গা করে, মানুষকে ভাবতে বাধ্য করে, এমন সংগীত আমাদেরকে আরও বেশি গাইতে হবে।’

ইসলামি সংগীতের জগতে জনপ্রিয় একটি নাম হলি টিউন। ইসলামি সংগীত প্রকাশকারী এই ইউটিউব চ্যানেলের সাবসক্রাইবার ৬.২৯ মিলিয়ন। চ্যানেলটিতে বিশেষভাবে কাজ করছেন দেশের জনপ্রিয় ইসলামী সংগীতের শিল্পীগোষ্ঠী কলরবের শিল্পীরা। এর সিইও হিসেবে রয়েছেন কলরবের সিনিয়র শিল্পী ও নির্বাহী পরিচালক মুহাম্মাদ বদরুজ্জামান। এই চ্যানেলের বেশ কয়েকটি গান ৫০ মিলিয়ন ভিউ পার করেছে। এত জনপ্রিয়তার পেছনে বাণিজ্যিক ব্যবহারকেই কারণ হিসেবে দেখছেন তিনি। ফাতেহকে তিনি বলেন, ইসলামী সংগীতের বাণিজ্যিক কার্যক্রমের ক্ষেত্রে ‘হলিটিউন’ ব্যাপক ভূমিকা রেখেছে। ইসলামী সংগীতের বাণিজ্যিক ব্যবহার না হলে এ ইন্ডাস্ট্রি টিকবে না। সংগীত দিয়েই সংগীতের খরচ উঠানোসহ এর সঙ্গে সংশ্লিষ্টদের জীবন-জীবিকা পরিচালিত হলেই তবে এই ইন্ডাস্ট্রি সামনে এগোবে। শ্রোতাদের মতামত বিবেচনা করলে বুঝা যায়- হলিটিউনের ব্যবস্থাপনায় ইসলামী সংগীতের বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সবচেয়ে বড় উপকার হলো ব্যাপকভাবে মানুষের কাছে ইসলামী সংগীত পৌঁছেছে। ইতোমধ্যে ইসলামী সংগীতের একটি বড় বাজার তৈরি হয়েছে। ‘শ্রোতাদের কাছে পৌঁছাতে হবে’ এ প্রতিযোগিতা অব্যাহত থাকায় এটি সম্ভব হয়েছে।

মানুষের হামদ ও নাতপ্রীতি ইসলামি সংগীতের জনপ্রিয়তায় বেশ ভূমিকা রেখেছে বলে মনে করেন শেখ এনাম। তিনি ফাতেহকে বলেন, ‘ইসলামী সংগীতের পরিসর বৃদ্ধি হচ্ছে। যেমন আগে কেবল হামদ ও নাত হতো। এখন এ দুটোর মাঝামাঝি জীবনমুখী সংগীতও হয়, যেগুলো মানুষকে খুব স্পর্শ করে। ফলে মানুষ শোনেও বেশি।’

লিরিক ও সুরের অভাব

ইসলামি সংগীতের জনপ্রিয়তা বাড়লেও লিরিক ও সুরের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন সবাই। সংশ্লিষ্টরা বলছেন, কখনও ভালো লিরিকের অভাবে ভালো গান হয় না। কখনও লিরিক ভালো হয়, কিন্তু ভালো সুরের অভাবে ভালো গান হয় না, হৃদয় স্পর্শ করে না।

এ প্রসঙ্গে আবু উবায়দা ফাতেহকে বলেন, ‘ইসলামি গানের জগতে এখন ভালো লিরিকের খুব অভাব। যারা আসলেই লিখতে পারেন, তারা অনেকেই লিখেন না। কারণ, এখানে গীতিকারের কদর করা হয় না। সুরকারও টাকা পায়, কিন্তু গীতিকার টাকা পায় না। তাহলে মেধাবী লেখকরা এখানে মেধা খাটাবে কেন?’ এ সঙ্কট কাটাতে চেষ্টা করছেন বলেও জানান তিনি।

এ সঙ্কটের কথা স্বীকার করেছেন আহমদ আব্দুল্লাহ। তিনি ফাতেহকে বলেন, ‘গীতিকাররা এখানে অবহেলিত। আমি নিজেই তো লিরিক বিক্রি শুরু করেছি অনেক পরে। আমি যত গান লিখেছি, তার অর্ধেক গান লিখে আমি কোনো টাকা পাইনি। কিন্তু তবুও লিখে গেছি।’ এখন সবচে দামে ইন্ড্রাস্ট্রিতে তার লিরিক বিক্রি হয় বলেও দাবি করেন তিনি।

তবে লিরিকের অভাবের চেয়ে সুরের অভাবকে বেশি প্রকট করে দেখছেন বিশিষ্ট গীতিকার তানভির এনায়েত। তিনি ফাতেহকে বলেন, ‘একটা লিরিক সাধারণ হলেও সুরকারের সুর বসানোর কারণে সেটা আসাধারণ হয়ে যায়। শুধু সুরের পারফেক্ট ব্যবহারের কারণে গানটা হয়ে উঠে মধুর, বোধগম্য। কিন্তু আমাদের ইসলামি গানের জগতে দক্ষ সুরকারের অভাব। একটু অন্যরকম লিরিক হলেই তারা সুর বসাতে পারেন না।’ এর উদাহরণ দিয়ে তানভির এনায়েত বলেন, ‘অনেক ইসলামি গানের শিল্পী বিগ বাজেট পেলে তার গানের সুর করে দেয়ার জন্য শফিক তুহিন ও বাপ্পা মজুমদারের দারস্থ হন।’

The post দেশে বাড়ছে ইসলামি সংগীতের জনপ্রিয়তা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/eKGlP2M

Saturday, October 1, 2022

প্রতিক্রিয়া-প্রশ্ন-নতুন রক্ত : দ্বিতীয় দশকে বেরলবি-সূফী ধারায় টানাপড়েন

ইফতেখার জামিল

 

দক্ষিণ এশিয়ায় পঁচিশ শতাংশের মত মানুষ ইসলাম ধর্মে বিশ্বাসী। এর মধ্যে দক্ষিণ ভারতের কিছু অঞ্চলের কথা বাদ দিলে অধিকাংশ মুসলমানই হানাফি-মাতুরিদি ধারার অনুসারী। হানাফি-মাতুরিদি ধারা অনেকগুলো উপধারায় বিভক্ত, এর মধ্যে দক্ষিণ এশিয়ায় প্রধান দুই উপধারা হল দেওবন্দি ও বেরলবি সিলসিলা।

দক্ষিণ এশিয়ার আঞ্চলিক-সামাজিক-রাজনৈতিক প্রেক্ষাপটে এসব ধারা-উপধারাগুলোর প্রভাব অপরিসীম, পাশাপাশি আধুনিক রাষ্ট্র ও পশ্চিমা প্রভাব-ধর্মনিরপেক্ষতার প্রেক্ষিতে এসব সিলসিলাগুলোর মধ্যেও এসেছে অনেক পরিবর্তন। এই লেখায় বাংলাদেশে দ্বিতীয় দশকে বেরলবি ও বেরলবি ঘনিষ্ঠ সিলসিলাগুলোর মধ্যে যেসব টানাপোড়েন-পরিবর্তন সাধিত হয়েছে, সেগুলোই দেখানোর চেষ্টা করবো।

প্রচলিত সিলসিলা-ব্যাখ্যার সীমাবদ্ধতা 

আমাদের সমাজে  ধর্মীয় ধারা-উপধারার ইতিহাস সংকলনে (তারিখুল ফিরাক/ফিরাকে বাতেলা)  দুটি বড়রকমের সরলীকরণ আছে। পশ্চিমা ব্যাখ্যায় সাধারণত সবকিছুকে বস্তুবাদীভাবে বুঝতে চেষ্টা করা হয়। যেনবা বস্তুগত ইতিহাস-রাজনীতি-অর্থনৈতিক প্রেক্ষিতেই সবকিছু ঘটে চলছে। এতে ধর্মীয় বিতর্কের অন্তর্নিহিত আধ্যাত্মিক-তাত্ত্বিক তাৎপর্য ঢাকা পড়ে যায়। মানুষ পরিণত হয় বৈষয়িক-বৈপরীত্যমুখর-স্বার্থবাদী যন্ত্রে। বাস্তবতা হচ্ছে, মানুষ নিছক জন্তু বা যন্ত্র নয়, মানুষ মাত্রই বিপুল সম্ভাবনার আধার। তাই আধ্যাত্মিক দৃষ্টিকোণ ব্যতীত কোন ব্যাখ্যাই পরিপূর্ণতা পেতে পারে না।

অপরদিকে প্রথাগত ধর্মীয় ব্যাখ্যায় সবকিছুই হক-বাতিল/ ভালো-খারাপের দ্বন্ধ। বিবাদ-বিতর্কমাত্রই ফেরেশতা-শয়তানের মোকাবেলা, এতে ইতিহাস-রাজনীতি-অর্থনীতির কোন প্রভাব নেই। প্রচলিত ধর্মীয় ব্যাখ্যায় ঢাকা পড়ে যায় মানবিক স্বার্থ-লোভ-পরম্পরা-মনস্তত্ত্বের ভূমিকা। ইতিহাসকে নিছক ‘আকিদাগত’ ও ‘ফিকহি’ ব্যাখ্যায় পরিণত করা হয়, যেটি মৌলিকভাবে অনুচিত কাজ। এতে কোন ঘটনার বৈষয়িক-সামাজিক-সাংস্কৃতিক তাৎপর্য বুঝা যায় না। আমাদেরকে অবশ্যই ফিকাহ ও ফিকিরের মধ্যে পার্থক্য করতে জানতে হবে।

ঐতিহাসিক পরম্পরা :  ব্রিটিশ ভারতে টানাপড়েন

ব্রিটিশরা উপমহাদেশ দখল করার পর মুসলিম সমাজে নেমে আসে এক অসহনীয় অস্থিরতা, অনিশ্চয়তা। মুসলমানরা খুঁজতে থাকে বিকল্প নেতৃত্ব, ‘আমাদের পিছিয়ে পড়ার ব্যাখ্যা কী, কারা করবে এর সমাধান?’ তারা অনুসন্ধান করেন বিকল্প ধর্মীয় ব্যাখ্যা ও বক্তব্য। এরই ধারাবাহিকতায় উনিশ শতকে মুসলিম সমাজে দানা বাঁধে এক বিশেষ বিতর্ক। যেটি পরবর্তীতে দেওবন্দি-বেরলবি বিতর্ক নামে পরিচিতি পায়।

বেরলবি ধারার পূর্বপুরুষরা ছিলেন প্রধানত রামপুর ও খাইরাবাদী সিলসিলার অনুসারী, যারা মূলত মুসলিম জমিদার-জোতদারদের আশ্রয়ে ধর্মপ্রচার করতেন। ব্রিটিশদের উত্থানে এই সিলসিলায় কিছু বিভ্রম তৈরি হয়, তারা ক্ষমতাসীন ব্রিটিশদের সাহায্য নিতে বাধ্য হন। বিশিষ্ট যুক্তিবাদী আলেম ফজলে ইমাম খাইরাবাদি ব্রিটিশ ইন্ডিয়ায় প্রধান ধর্মীয় উপদেষ্টা (ইসলাম) হিসেবে কাজ করেন। যার প্রেক্ষিতে এই সিলসিলায় প্রকাশ্যে ব্রিটিশ বিরোধিতা করা অনেকটাই কঠিন ছিল। এরই মধ্যে বিকল্প প্রকল্পের প্রচারে নামেন এক তরুণ তুর্কি, বনেদি পরিবারের সন্তান শাহ ইসমাইল শহীদ।
ইসমাইল শহীদ ছিলেন শাহ ওয়ালি উল্লাহর নাতি, দিল্লীর সবচেয়ে প্রভাবশালী পরিবারের উত্তরাধিকার। মোগল আমলেই ওয়ালিউল্লাহর পরিবার ধর্মীয় প্রতিষ্ঠান পরিচালনার বিকল্প অর্থনৈতিক কাঠামো প্রস্তাব করেন। ‘মাদরাসা, মসজিদ, আলেমরা হবেন স্বাধীন, তারা কোন রাজনৈতিক নেতৃত্বের অধীনস্ত হতে পারবেন না।’ ঠিক এ কারণেই ওয়ালিউল্লাহর সিলসিলাকে ফিরিঙ্গিমহল বা খাইরাবাদের পরিণতি বরণ করতে হয়নি। তারা খুব সহজেই মুসলিম সমাজে নতুন আন্দোলনের ডাক দিতে সক্ষম হন, যাকে ইতিহাস বালাকোট আন্দোলন নামে চিনে।

উনিশ শতকে অস্থির দিল্লী : বিবাদের সূত্রপাত

আন্দোলনের এক পর্যায়ে ফজলে ইমাম-ফজলে হক-ইসমাইল শহীদের মধ্যে বিরোধ মারাত্মক আকার ধারণ করে। ‘যুবক ইসমাইল আমাদের ধর্মীয় নেতৃত্বকে চ্যালেঞ্জ করছে?’, খাইরাবাদি ধারা ব্রিটিশ সাহায্যে ইসমাইল শহীদকে দিল্লী থেকে বিতাড়িত করে। আন্দোলন ছড়িয়ে যায় সারাদেশে, তৈরি হয় নতুন ‘তরিকা, তরিকায়ে মুহাম্মদিয়া’, তাওহীদ যার প্রধান কেন্দ্রবিন্দু। টানাপোড়েন একসময় ধর্মীয় বিতর্কে রুপ নেয় : শাহ ইসমাইল শহীদ বলেন, আল্লাহর ক্ষমতা-গুণাবলী সার্বভৌম ; খাইরাবাদি বলেন, রসূলের গুণাবলী অসাধারণ, তিনি অতুলনীয়। আল্লাহর সার্বভৌমত্ব ও রসূলের অতুলনীয়তার প্রতিতুলনা থেকেই জন্ম নেয় নতুন দুই সিলসিলা : দেওবন্দ ও বেরলবি ধারা।

দেওবন্দিরা অভিযোগ করেন, বেরলবিরা ‘শিরিকির সন্দেহমূলক’ কাজ করছেন, অনেক বিদআত সাদৃশ্য কাজ করছেন, তাই তারা বিদআতি। বেরলবিরা দাবী করেন, দেওবন্দিরা রসূলের ‘অতুলনীয়তা’কে অস্বীকার করেন, কাজেই তারা গুস্তাখে রাসুল। উনিশ শতকের এক ব্যক্তিগত বিরোধ ছড়িয়ে যায় দক্ষিণ এশিয়ার প্রতিটা গ্রামে, গত বিশ বছরে সেটা ওঠে আসে ইন্টারনেটের পাতাতেও। শুধু দক্ষিণ এশিয়ায় নয়, যেখানেই উপমহাদেশের মানুষরা আছেন, সেখানেই ছড়িয়ে যায় এই বিবাদ। তারা একসাথে খানা খান না, এক মসজিদে পড়েন না নামাজ। তারা একে অপরের চেহারা দেখতেও বিব্রত বোধ করেন।

মাসলাকে আ’লা হজরত  : দিল্লীর বিবাদের তত্ত্বায়ন

ইসমাইল শহীদ মারা যান বালাকোট যুদ্ধে, ছয়ই মে আঠার শো একত্রিশ খ্রিস্টাব্দে। ফজলে হক খাইরাবাদি মারা যান আরও ত্রিশ বছর পরে। খাইরাবাদি সিপাহী বিদ্রোহে নেতৃত্ব দানের অভিযোগে ‘দোষী’ সাব্যস্ত হন, অবশ্য পরবর্তীতে ছেলে আব্দুল হকের আবেদনের প্রেক্ষিতে রানী ভিক্টোরিয়া খাইরাবাদিকে ক্ষমা করে মুক্তির আদেশ জারি করেন। আন্দামান পৌঁছার কিছু আগে, আঠারো শো একষট্টি খ্রিস্টাব্দের আঠারই আগস্ট ইন্তেকাল করেন ফজলে হক খাইরাবাদি।

খাইরাবাদির মৃত্যুর পাঁচ বছর আগে, আঠারো ছাপ্পান্ন খ্রিস্টাব্দের চৌদ্দই জুন ব্রিটিশ ভারতের বেরেলি শহরে এক প্রতিভাবান শিশুর জন্ম হয়, যার নাম আহমদ রেজা খান কাদেরি। অনুসারীরা তাকে আ’লা হযরত নামে অভিহিত করে থাকে। আহমদ রেজা খান কর্ম-দ্বন্ধমুখর জীবনে খাইরাবাদি প্রচারিত ব্যাখ্যার তত্ত্বায়ন করেন। তিনি শেষনবি মুহাম্মদ (সাঃ) এর অসাধারণত্বকে বিভিন্ন সূত্রের সাহায্যে ব্যক্ত করেন। এই সূত্রগুলোই পরবর্তীতে মাসলাকে আ’লা হজরত নামে পরিচিতি পায়।

মাসলাকে আ’লা হজরত : প্রধান তত্ত্বসমূহ

– রেজা খান বিশ্বাস করতেন, নবিজি গায়েব জানেন। এক কবিতায় তিনি লেখেন, (যখন খোদ খোদা তা’আলা, ইয়া রসূলাল্লাহ্! আপনার নিকট থেকে গোপন থাকেননি, তখন আর এমন কি জিনিস থাকতে পারে যা আপনার থেকে গায়ব বা গোপন? অর্থাৎ কিছুই গোপন নেই। আপনার উপর কোটি কোটি দরূদ বর্ষিত হোক।)

– রেজা খান বিশ্বাস করতেন, নবিজি হাজির ও নাজির। প্রখ্যাত বেরলবি আলেম আবূ দাঊদ মুহাম্মদ সাদেক্ব লেখেন, ( সমগ্র বিশ্ব নবীজির দৃষ্টি বা চোখের সম্মুখে। রূহানিয়্যাত, নূরানিয়াত এবং সমস্ত বিশ্বের রহমত হওয়া তাঁর শানের অন্তর্ভুক্ত। আল্লাহ্ প্রদত্ত ক্ষমতা ও ইলম-এর বিশাল জগতে সর্বত্র তাঁরই উজ্জ্বলতা বিরাজিত। দুনিয়ার কোন স্থান ও বস্তু তাঁর নিকট থেকে অদৃশ্য নয়। তিনি যেখানে চান যতস্থানে চান একই সময়ে উপস্থিত হয়ে স্বীয় গোলামদেরকে স্বীয় দিদার এবং ফয়য ও বরকত দিয়ে তাদেরকে সাহায্য করতে পারেন।)

– রেজা খান বেরলবি বিশ্বাস করতেন, নবীজি মুখতারুল কুল। তিনি তার মালফুজাতে বলেন, (মহাপরাক্রমশালী প্রভু আপন দানের ভা-ার নিআমতের খাযানা হুযুরের কব্জায় দিয়ে দিয়েছেন। তিনি যাকে ইচ্ছা দিবেন যাকে ইচ্ছা দিবেন না। সমস্ত ফায়সালা কার্যকর হয় একমাত্র হুযুরের দরবার থেকেই। আর যে কেউ যখনই কোনো নিআমত কোনো দৌলত পায় তা পায় হুযুরের রাজ-ফরমান থেকেই।)

– রেজা খান বেরলবি বিশ্বাস করতেন, নবীজি ছিলেন নূরের তৈরি। প্রখ্যাত বেরলবি আলেম আহমদ ইয়ার খান নঈমী বদায়ূনী বলেন, (  নূর থেকে সৃষ্ট; বাহ্যিকভাবে মানবীয় সূরতে দুনিয়ায় তাশরীফ আনয়ন করেছেন। অন্যভাবে বলা যায়- তাঁর হাক্বীক্বত (মূল) হচ্ছে নূর; এ নূরী রসূল বাশারিয়াত বা মানবীয় আকৃতিতে দুনিয়ায় তাশরীফ এনেছেন। সুতরাং তাঁর যাত বা সত্তা মুবারকে দু’টি দিক রয়েছে- একটি হলো নূরানিয়াত, অপরটি হচ্ছে বাশারিয়াত।)

মাসলাকে আ’লা হজরত : প্রেক্ষাপট ও প্রতিক্রিয়া

ঠিক কেন ও কোন প্রেক্ষাপটে বেরলবি সিলসিলার জন্ম, সে নিয়ে অনেক বিপরীতমুখী বক্তব্য আছে। একদিকে অনেকে একে রাজনৈতিক প্রতিক্রিয়া হিসেবে দেখেন। মুসলমানরা রাজনৈতিক সার্বভৌমত্ব হারিয়ে ধর্মীয় সার্বভৌমত্ব নিয়ে বিবাদে লিপ্ত হন, অনেক গবেষক একে বিবাদের প্রধান প্রেক্ষাপট হিসেবে চিহ্নিত করেন। তাদের মতে, মুসলমানরা রাজনৈতিক সার্বভৌমত্বের বিকল্প হিসেবে আল্লাহর একত্ববাদ ও রসূলের অসাধারণত্বকে সংস্কারের কেন্দ্রবিন্দু হিসেবে ভাবতে শুরু করেন।

দেওবন্দি অনেক গবেষক বেরলবিদেরকে ইসমাইলি শিয়া ও বাতিল সুফি চিন্তার সিলসিলা হিসেবে আখ্যা দেন। পাশাপাশি ব্রিটিশরা দেওবন্দি সংস্কার প্রকল্পের বিকল্প মুসলিম শক্তি দাড় করাতে চাচ্ছে, তারা বেরলবিদের বিরুদ্ধে এই অভিযোগও আরোপ করেন। বেরলবিদের মতে দেওবন্দিরা ওহাবি চিন্তার ভারতীয় সংস্করণ, দেওবন্দি রাজনৈতিক-সংস্কার আন্দোলন ব্রিটিশদের ‘কৌশলগত’ প্রচেষ্টা। ব্রিটিশরা বিকল্প রাজনীতি ও সংস্কার আন্দোলনের মাধ্যমে মুসলমানদের ( পড়ুন, বেরলবিদের) দমাতে চাচ্ছে। অবশ্য নিরপেক্ষ দৃষ্টিকোণ থেকে বিচার করলে এসব অভিযোগ কতটা সত্য, কতটা ষড়যন্ত্রতত্ত্ব, সেটি বিশদ আলোচনার দাবী রাখে।

বেরলবি সিলসিলা নবী-রসূল-পীরদের অসাধারণ ক্ষমতা-প্রভাবে বিশ্বাস করে। তারা একে কেন্দ্র করে বিভিন্ন উৎসব-দোয়ার আয়োজন করে, উদযাপন করে। দেওবন্দিরা নির্বিশেষে এসব বিশ্বাস-আয়োজনকে ‘বিদআত’ বলে চিহ্নিত করে। দেওবন্দিদের কাছে তাই বেরলবি মাত্রই বিদআতি, পরিত্যাজ্য মুসলমান। বেরলবিরা এর চেয়ে আরও বেশী কঠোর। আহমদ রেজা বেরলবি হুসামুল হারামাইন শিরোনামে ফতোয়া সংকলন করেন, এতে দেওবন্দিদের কাফের আখ্যা দেন, ‘যারা তাদেরকে কাফের বলবে না, তারাও কাফের।’ এই শেষ বাক্যটি বেরলবিদের সর্বদা ভীতির মধ্যে রাখে, যদি আপনি তাকফির না করেন, তবে আপনি নিজেই কাফের হয়ে যাচ্ছেন।

বাংলাদেশে বেরলবি সিলসিলা  : শেরে বাংলা আজিজুল হক


তরিকায়ে মুহাম্মদিয়া কেন্দ্রিক পরিচালিত বালাকোট আন্দোলন বাংলা অঞ্চলে ব্যাপক প্রভাব বিস্তার করতে সক্ষম হয়, সাইয়েদ আহমদ শহীদের খলিফা কারামত আলী জৌনপুরী এই অঞ্চলে ইসলাম প্রচারে বিশেষ ভূমিকা পালন করেন। এরই ধারাবাহিকতায় বিহার-বাংলায় বালাকোট কেন্দ্রিক ধারাগুলোর বিস্তার ঘটে। কাছাকাছি সময়ে বাংলা অঞ্চলে তিতুমির ও হাজি শরিয়তুল্লাহর আন্দোলন দানা বাঁধে।  এসব আন্দোলনের মূলকথা ছিল প্রায় কাছাকাছি।  কাজেই এই অঞ্চলে খাইরাবাদি বা রেজভি সিলসিলার অনুসারী ছিল না বললেই চলে। অবশ্য বালাকোট কেন্দ্রিক ধারাগুলোর সাথে স্থানীয় সুফি ধারাগুলোর মধ্যে কিছু বিতর্ক তৈরি হয় : যেগুলোকে স্থানীয় ভাষায়  শরিয়তি-মারেফতি বিবাদ বলে অভিহিত করা হয়। পরবর্তীতে বাংলা অঞ্চলে বেরলবি সিলসিলার আগমন ঘটলে মারেফতি ধারার সাথে তাদের বিশেষ সখ্যতা তৈরি হয়।

বাংলা অঞ্চলে বেরলবি ধারার সর্বপ্রথম প্রচারক ছিলেন শেরে বাংলা আজিজুল হক।  হাটহাজারী আল জামিয়াতুল আহলিয়া দারুল উলুম মুঈনুল ইসলাম থেকে দাওরায়ে হাদিস সমাপ্ত করে তিনি উচ্চশিক্ষার উদ্দেশ্যে দিল্লীর ফতেহ্পুর আলিয়া মাদ্রাসায় ভর্তি হন, এখানেই তিনি বেরলবি সিলসিলায় দীক্ষা লাভ করেন এবং দেশে ফিরে নতুন চিন্তাধারা প্রচারে মনোযোগী হন। উনিশ শো বত্রিশ খ্রিস্টাব্দে নিজ গ্রাম  মেখল ফকিরহাটে এমদাদুল উলুম আজিজিয়া সুন্নিয়া মাদরাসা প্রতিষ্ঠা করেন। এই মাদরাসা ছাড়াও চট্টগ্রাম অঞ্চলে আরও বেশকিছু ‘বেরলবি মাদরাসা’ প্রতিষ্ঠায় তিনি প্রত্যক্ষ বা পরোক্ষ ভূমিকা পালন করেন।

এখানে কয়েকটি বিষয় লক্ষণীয় : ক) বেরলবি ধারার প্রথম প্রচারক শেরে বাংলা চট্টগ্রাম অঞ্চলে দাওয়াতি কার্যক্রম চালিয়েছিলেন, বাংলাদেশের প্রেক্ষাপটে চট্টগ্রামেই বেরলবি ধারার সূচনা ঘটে। খ) ঐতিহাসিক ধারাবাহিকতার অংশ হিসেবে এখনো চট্টগ্রামে বেরলবি সিলসিলা যথেষ্ট শক্তিশালী। দেশের প্রধান জশনে জুলুসের আয়োজন করা হয় চট্টগ্রাম অঞ্চলেই। গ) শেরে বাংলা কওমি মাদরাসার ছাত্র ছিলেন। পরবর্তীতে চিন্তাধারা পরিবর্তন করার প্রেক্ষিতে চট্টগ্রামে কওমি ও বেরলবি সিলসিলার মধ্যে মারাত্মক তিক্ততা সৃষ্টি হয়। যার রেশ এখনো কাটেনি। ঘ) শেরে বাংলা রাজনীতিতে সক্রিয় ছিলেন, টানা সতের বছর স্থানীয় চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। চট্টগ্রামের সুশীল সমাজের সাথেও ছিল তার ভালো সম্পর্ক, এসবের ভিত্তিতে পরবর্তীতে চট্টগ্রামে বেরলবি ধারা বিশেষ শক্তি সঞ্চয় করতে সক্ষম হয়।

জামেয়া আহমদিয়া সুন্নিয়া : ‘ইয়ে মাদ্রাসা কি বুনিয়াদ মাসলাকে আ’লা হাজরাত পর হুই’

শেরে বাংলা আজিজুল হক বেরলবি ধারার প্রথম গুরুত্বপূর্ণ প্রচারক হিসেবে বিবেচিত হলেও তিনি প্রাতিষ্ঠানিকভাবে খুব বেশী সফল ছিলেন না। বস্তুত তার পক্ষে শূন্য থেকে সফল প্রতিষ্ঠান-সংগঠন চালু করা সহজ ছিল, সেটাও বলা যাবে না। ঘটনাচক্রে মিয়ানমারের রাজধানী ইয়াঙ্গুনে ব্যবসায়ী পীর সৈয়দ মুহাম্মদ আহমদ শাহ সিরিকোটির সাথে শেরেবাংলার সাক্ষাত ঘটে। শেরেবাংলা সিরিকোটিকে চট্টগ্রামে দাওয়াত করেন।

আজাদি পত্রিকার তৎকালীন মালিক  ইঞ্জিনিয়ার আব্দুল খালেকের বাসায় জলসা-অনুষ্ঠানের আয়োজন করা হয়, সবাই বসে মিলাদ পড়ছে দেখে আহমদ শাহ সিরিকোটি বিস্মিত হন। তিনি আরও বিশুদ্ধ ‘সুন্নিয়ত’ প্রচারের উদ্যোগ গ্রহণ করেন। মজার বিষয় হচ্ছে, শেরে বাংলার মত পীর সৈয়দ মুহাম্মদ আহমদ শাহ সিরিকোটিও কওমি মাদরাসার ছাত্র ছিলেন। তিনি দারুল উলুম দেওবন্দে দাওরায়ে হাদিস সমাপ্ত করেন। সিরিকোট পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের একটি অঞ্চল, সৈয়দ মুহাম্মদ আহমদ শাহ এই অঞ্চলের সম্ভ্রান্ত পরিবারের সন্তান। তিনি ছিলেন একইসাথে বেরলবি সিলসিলায় দীক্ষিত, পীরতান্ত্রিক সাংগঠনিকতায় দক্ষ। ইয়াঙ্গুনের ব্যবসায়ী হিসেবে চট্টগ্রামের ব্যবসায়ী সমাজের সাথেও ছিল তার বিশেষ সুসম্পর্ক।

উনিশ শো চুয়ান্ন সালে সৈয়দ মুহাম্মদ আহমদ শাহ সিরিকোটির উদ্যোগে, স্থানীয় ব্যবসায়ীদের পৃষ্ঠপোষকতা ও শেরে বাংলার পরামর্শে  চট্টগ্রামের ষোলশহরে জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়া প্রতিষ্ঠিত হয়। প্রতিষ্ঠা মুহূর্তে সিরিকোটি বলেন, ‘ইয়ে মাদ্রাসা কি বুনিয়াদ মাসলাকে আ’লা হাজরাত পর হুই। এই লাইনটি পরবর্তীতে  জামেয়া আহমদিয়া সুন্নিয়া আলিয়ার মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হয়।  এই মাদরাসাকেই বলা যায় বাংলাদেশে বেরলবি সিলসিলার প্রধান কেন্দ্র। সিরিকোটি মৃত্যুবরণ করেন উনিশ শো একষট্টি সনে, ফজলে হক খাইরাবাদির ইন্তেকালের ঠিক একশো বছর পর। সিরিকোটির পরে, তার ছেলে ও নাতি  সৈয়দ মুহাম্মদ তৈয়্যব শাহে ও সৈয়দ মুহাম্মদ তাহের শাহ এই প্রতিষ্ঠানের দায়িত্ব গ্রহণ করেন। এই প্রতিষ্ঠানকে কেন্দ্র করে গড়ে ওঠে আরও অনেকগুলো প্রতিষ্ঠান।

‘জামেয়া আহমদিয়া সুন্নিয়া’  :  শাখা প্রতিষ্ঠানসমূহ

অভিভাবকত্বের অংশ হিসেবে চট্টগ্রামে প্রতিষ্ঠিত হয় সিরিকোট দরবার শরিফ। মূলত এই দরবার শরীফ সকল শাখা প্রতিষ্ঠানের অভিভাবক। রেঙ্গুনে অবস্থানকালীন উনিশ শো পঁচিশ খ্রিস্টাব্দে সৈয়দ মুহাম্মদ আহমদ শাহ সিরিকোটি আনজুমানে শূরা-এ রহমানিয়া নামে একটি সংগঠন প্রতিষ্ঠা করেন, উনিশ শো সাইত্রিশে চট্টগ্রামে এর শাখা কমিটি গঠিত হয়। উনিশ শো আটান্ন সালে এই আঞ্চলিক প্রতিষ্ঠানটি আনজুমানে রহমানিয়া আহমদিয়া সুন্নিয়া নাম ধারণ করে। উনিশ শো আটাশি খ্রিস্টাব্দে ছেলে  তৈয়্যব শাহ সংগঠন নিয়ন্ত্রণের জন্য একটি বিশেষায়িত কমিটি গঠনের উদ্যোগ গ্রহণ করেন। এই কমিটিই হল গাউছিয়া কমিটি। আনজুমান ও গাউছিয়া কমিটি, এই দুটি প্রতিষ্ঠানকে  সিরিকোটি দরবারের প্রধান অঙ্গ সংগঠন আখ্যা দেওয়া যায়।

তৈয়ব শাহ উনিশ শো চুয়াত্তর সালে চট্টগ্রামে বারোই রবিউল আওয়াল উপলক্ষে জশনে জুলুসের প্রবর্তন করেন। উনিশ শো ছিয়াশি সাল পর্যন্ত তিনি এতে নেতৃত্ব দেন। এরপর থেকে তাঁরই ছেলে দরবারে ছিরিকোট শরীফের সাজ্জাদানশীন সৈয়দ মুহাম্মদ তাহের শাহ্ জুলুসে নেতৃত্ব দিয়ে আসছেন। জশনে জুলুসকে বলা যায় বেরলবি ধারার সবচেয়ে বড় জনসমাবেশ। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে সালাফি-দেওবন্দি ধারার বাইরের সকল উপধারাগুলোর মধ্যে বেরলবি সিলসিলা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। সাংগঠনিক দৃঢ়তা, শিক্ষাপ্রতিষ্ঠান, দরবার শরীফ ও অঙ্গসংগঠনের মাধ্যমে সমচিন্তার উপধারাগুলোর সমীহ আদায় করে নিতে সক্ষম হয় তারা।

বাংলাদেশে সিরিকোটি দরবার পরিচালিত বেরলবি সিলসিলা বরাবরের মতোই ছিল রাজনীতির প্রতি অনাগ্রহী। খাইরাবাদি ও আ’লা হজরতের মধ্যেও এই বৈশিষ্ট্য বিশেষভাবে লক্ষণীয়। তবে অব্যাহত রাজনৈতিক চাপের মুখে, দেওবন্দি আন্দোলন ও জামায়াত-শিবিরের বিকল্প হিসেবে সিরিকোট দরবারের সমর্থকরা উনিশ শো আশি সালে  বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নামে একটি ছাত্র সংগঠন প্রতিষ্ঠা করেন। মূলত সিরিকোটি দরবারের রাজনৈতিক স্বার্থ রক্ষা ও বিপক্ষ শক্তির মোকাবেলার অংশ হিসেবেই এই দলের সূচনা ঘটে, তাদের মধ্যে কখনোই এর চেয়ে বেশী রাজনৈতিক উচ্চাশা ছিল না। এই ছাত্র সংগঠনের ধারা রক্ষা করে উনিশ শো নব্বই সনে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ একটি রাজনৈতিক সংগঠনের পথযাত্রা শুরু হয়। এর অরাজনৈতিক অঙ্গপ্রতিষ্ঠানের নাম, বাংলাদেশ আহলে সুন্নাত ওয়াল জামাত।

দ্বিতীয় দশকে বেরলবি সিলসিলা : আত্মদ্বন্ধ, সম্ভাবনা ও প্রতিক্রিয়া

বাংলাদেশের প্রেক্ষাপটে বেরলবি সিলসিলা এখনো খুব গুরুত্বপূর্ণ ধর্মীয় সিলসিলা নয়। তবে বেশকিছু কারণে এর সম্ভাবনা অনেক বেশী।

– ঐতিহাসিক পরম্পরা 

ঐতিহাসিকভাবে বাংলা অঞ্চলে শরীয়ত বনাম মারেফতের যে সামাজিক তর্ক জারি ছিল, বেরলবি সিলসিলা এর মধ্যে মারেফতি ধারা-উপধারাগুলোর পক্ষে যুক্তি দাড় করাতে সক্ষম হয়েছে। কাজেই বাংলাদেশের প্রেক্ষাপটে ছোট উপধারা হওয়া সত্ত্বেও সালাফি-দেওবন্দি সিলসিলা বিরোধী বৃহত্তর জনগোষ্ঠীর কাছে আবেদন তৈরি করতে পেরেছে। তারা এই আবেদন কতটা কাজে লাগাতে পারবে, সেটা অবশ্যই প্রশ্নসাপেক্ষ বিষয়।

‘সবাইকেই বেরলবি সিলসিলায় ঢুকতে হবে, মেনে নিতে হবে  মাসলাকে আ’লা হজরত’ : এ নিয়ে জোরাজোরি করলে অপরাপর সুন্নি ও মারেফতি উপধারাগুলোর মধ্যে বিরক্তি বৃদ্ধি পাবে, ইতিমধ্যে আসলে এটিই হতে চলছে। সম্প্রতি মাইজভাণ্ডারী ও আব্বাসির বক্তব্যে এসব আপত্তি ওঠে আসছে খোলামেলাই। আব্বাসি এক ওয়াজে বলছিলেন, ‘রেজা খানের যেসব বক্তব্য সুন্নিয়তের পক্ষে যায়, সেসব আমরা মানি। তবে তিনি ইমামে তরিকত নন, ইমামে আহলে সুন্নতও নন। এই নজদি-ওহাবিদের সাথেও আমাদের কোন সম্পর্ক নেই, এই মাজার পূজারী-পীর পূজারী-বিদআতীদের সাথেও আমাদের কোন সম্পর্ক নাই।’

– শিক্ষার প্রতি মনোযোগ

শিক্ষাগত ক্ষেত্রে বেরলবিরা বিশেষ ভূমিকা রাখতে পারছে না, এই অনুভূতি কাজ করছে এই সিলসিলার অনেকের মধ্যেই। গত দশকে তো বটেই, বিগত বিশ বছর ধরে তারা এ নিয়ে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সংশ্লিষ্ট সূত্রগুলো জানাচ্ছে, বেরলবি সিলসিলা গত দুই দশকে অন্তত দুইশত মাদরাসা প্রতিষ্ঠা করতে সক্ষম হয়েছে। এই মাদরাসা-প্রকল্প যদি সফলতার মুখ দেখে, তবে বাংলাদেশের মতাদর্শিক রাজনীতির চেহারাই পাল্টে যাবে, সেটা বলাই বাহুল্য।

তবে এর আগে চরমুনাই সিলসিলাতেও পীরতান্ত্রিক মাদরাসা চালু করার চেষ্টা করতে দেখা যায় এবং সেটি অনেকাংশে ব্যর্থ হয়েছে বলে দাবী করেন অনেকে। নিছক ভক্তি-পীরালি দিয়ে শিক্ষা প্রতিষ্ঠান চালানো সম্ভব নয়, কাজেই বেরলবিদের মাদরাসাগুলো বিদ্যমান শিক্ষাকেন্দ্রিক মানচিত্রে বিশেষ কোন পরিবর্তন তৈরি করতে সক্ষম হবে না বলেই আমার মনে হয়।

– রাজনৈতিক সুবিধা

উল্লেখিত ঐতিহাসিক সুযোগ ছাড়াও দ্বিতীয় দশকে বেরলবি সিলসিলা রাজনৈতিকভাবেও বিশেষ কিছু সুবিধা পেয়েছে। আমেরিকা পরিচালিত সন্ত্রাসের বিরুদ্ধে অনন্ত যুদ্ধে বেরলবি সিলসিলাকে আঞ্চলিক ‘বন্ধু শক্তি’ হিসেবে আখ্যা দিয়েছে RAND Corporation সহ আমেরিকান বেশ কয়েকটি থিঙ্ক ট্যাঙ্ক। সন্ত্রাস বিরোধী যুদ্ধে দেওবন্দি ও সালাফি ধারার বিপদের মধ্যে বেরলবিরা বিশেষ সুবিধা ভোগ করেছে, সেটা বলাই বাহুল্য। ‘জঙ্গি’ হিসেবে বেরলবি সমর্থকদের গ্রেফতারির ঘটনাও বেশ বিরল। তবে পাকিস্তানে সাম্প্রতিক কিছু ‘হত্যাকাণ্ডের’ প্রেক্ষিতে বেরলবিদের প্রতিও পশ্চিমা সন্দেহ বাড়ছে।

বাংলাদেশে আওয়ামীলীগের সাথে জামায়াতে ইসলামি ও কওমি আলেমদের অব্যাহত দ্বন্ধের প্রেক্ষিতে বিশেষ কিছু সুযোগ পেয়েছে বেরলবি ও বেরলবি ঘনিষ্ঠ উপধারাগুলো। জাতীয় মসজিদের ইমামতি থেকে শুরু করে ইসলামিক ফাউন্ডেশনের গুরুত্বপূর্ণ পদ তারা দখল করতে পেরেছে। প্রচণ্ড আন্দোলনের মুখেও সরকার জাতীয় মসজিদের সাবেক ইমাম সালাহুদ্দিনকে তার পদ থেকে সরায়নি। এর বিনিময়ে বেরলবি ঘনিষ্ঠ রাজনৈতিক দল তরিকত ফেডারেশন ও ইসলামিক ঐক্য ফ্রন্ট সরকারের বিভিন্ন উদ্যোগে পাশে দাঁড়িয়েছে।  আওয়ামী লীগের সঙ্গে জোটবদ্ধ হয়ে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে সাংবাদিক সম্মেলন করে ইসলামিক ফ্রন্ট বাংলাদেশ। জোটবদ্ধ এই নির্বাচনে আওয়ামী লীগের কাছে ২০টি আসন দাবি করেছিল দলটি, যদিও আওয়ামীলীগ তাদেরকে একটিও সিট দেয়নি।

– তীব্র প্রতিক্রিয়াশীলতা  : ‘আমরা ছাড়া বাকিরা ওহাবি’

বেরলবি ধারা প্রধানত দেওবন্দি-সালাফি-জামায়াতকে প্রধান প্রতিপক্ষ হিসেবে আখ্যা দেয়। বিপরীতমুখী এসব উপধারাকে আখ্যা দেয় ‘ওহাবি-সালাফি’ হিসেবে, যদিও খোদ দেওবন্দিদের সাথে সালাফি-জামায়াতের দূরত্ব কম নয়, তবে বেরলবি সিলসিলা মাসলাকের মূল প্রবক্তা আহমদ রেজা বেরলবির ‘চরমপন্থা’ থেকে বের হতে পারেনি, তারা এসব সিলসিলাকে ওহাবি আন্দোলনের সম্প্রসারণ হিসেবেই দেখে থাকে। সম্প্রতি সন্ত্রাস বিরোধী যুদ্ধ ও আওয়ামীলীগের সাথে প্রকাশ্য জোটবদ্ধতার অংশ হিসেবে বিরোধীদেরকে তারা ‘জঙ্গি’ ও ‘রাষ্ট্রবিরোধী’ হিসেবেও আখ্যা দিতে থাকে।

দুই হাজার সতের সালে সরকার কওমি মাদরাসার শিক্ষাকে স্বীকৃতি প্রদান করলে বেরলবিরা তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করে। কওমি মাদ্রাসার শিক্ষা সনদের সরকারি স্বীকৃতি ‘গভীর ষড়যন্ত্রমূলক আঁতাত’ বলে দাবি করে বেরলবিদের রাজনৈতিক দল ইসলামিক ফ্রন্ট বাংলাদেশের অরাজনৈতিক অঙ্গসংগঠন আহলে সুন্নাত ওয়াল জামাআত সমন্বয় কমিটি। সংগঠনের নেতারা দাবি করেন, সরকারের এই সিদ্ধান্ত আত্মঘাতী। এর ফলে দেশে জঙ্গিগোষ্ঠীর সাহস আরও বাড়বে। সরকারের জঙ্গিবাদবিরোধী কর্মকাণ্ডকে এই সিদ্ধান্ত প্রশ্নবিদ্ধ করবে।

কওমি মাদ্রাসাকে সরকারি সনদ দেওয়ার ঘোষণা প্রত্যাহার করে, দেশে একমুখী মাদ্রাসা শিক্ষানীতি বাস্তবায়নের দাবি জানান আহলে সুন্নাত ওয়াল জামাআতের নেতারা। কোনো ধরনের সংস্কার না করে কওমি মাদ্রাসার সনদকে সরকারি স্বীকৃতি দেওয়ায় উগ্রপন্থী ভাবধারা উৎসাহিত হবে। দুই হাজার একুশ সালে দলের নেতারা দাবী করেন, জঙ্গিবাদী সালাফি ও উগ্রবাদী হেফাজতের সাথে দীন ইমান ও শান্তিপূর্ণ জীবন ব্যবস্থা ইসলামের কোনো সম্পর্ক নাই। কওমী মাদ্রাসা মনিটরিংসহ হেফাজত ও সালাফি সংগঠনগুলো নিষিদ্ধ করতে হবে। পিস টিভি বন্ধের পরে সরকারকে স্বাগত জানিয়ে আহলে সুন্নত ওয়াল জামাআত সদস্য সচিব অ্যাডভোকেট মোছাহাব উদ্দিন বখতিয়ার বলেন, ‘সেখানে যারা আলোচক ও উপস্থাপক রয়েছে, যাদের জঙ্গিবাদী বক্তব্যের কারণে জঙ্গি তৈরি হচ্ছে বলে ধারণা করা হচ্ছে তাদের উপর নজরদারি বাড়ানো দরকার। পিস টিভির বাইরেও তারা বক্তব্য রাখে।’

দুই হাজার তেরো সালের বিষয়েও বেরলবিদের অবস্থান অনমনীয়। দুই হাজার একুশের মে মাসে সরকারের কাছে উপস্থাপিত এক স্মারকলিপিতে তারা দাবী করেন, ২০১৩ সালে ঢাকার শাপলা চত্বরে হেফাজতে ইসলামের তাণ্ডব জাতি প্রত্যক্ষ করেছিল। বায়তুল মোকাররমে কোরআন শরীফে অগ্নিসংযোগ, বাসে-দোকানপাটে অগ্নিসংযোগ করে, আশেপাশে কয়েক কিলোমিটার এলাকার গাছপালা নিধন করে সেদিন এক নারকীয় পরিস্থিতির সৃষ্টি করে। এর সাথে ইসলামের দূরতম কোনো সম্পর্ক নেই। ইসলামের দৃষ্টিতে কারও জান-মাল-ইজ্জতে আঘাত করা হারাম। সরকারের সময়োপযোগী সাহসী পদক্ষেপের কারণে জাতি সেদিন বিপদ থেকে রক্ষা পায়।

অবশ্য এসব প্রতিক্রিয়াশীল ধারার বাইরে কিছু সমন্বয়কামী আলেম আছেন। এদের মধ্যে ডঃ আব্দুল বাতেন মিয়াজির নাম বিশেষভাবে উল্লেখযোগ্য।

-প্রশ্ন ও সংশয় : ‘আমরা কেন সমাজে সংখ্যাগরিষ্ঠ নই?’ 

অতিরিক্ত প্রতিক্রিয়াশীলতার মধ্যে বেরলবি সিলসিলার অনেকের মধ্যেই তাদের মাসলাক নিয়ে প্রশ্ন উঠতে থাকে। বিশেষত সন্ত্রাস বিরোধী যুদ্ধ ও আওয়ামীলীগের সাথে সম্পর্কের প্রেক্ষিতে তাদের জনপ্রিয়তাতেও ভাটা পড়ে। দুই হাজার তেরো সালে হেফাজতের আন্দোলনের প্রেক্ষিতে বেরলবি সমর্থক-মুরিদদের অনেকের মধ্যে কিছু আত্মজিজ্ঞাসা তৈরি হয়, তারা বড়দের গোঁড়ামি নিয়ে প্রশ্ন তোলা শুরু করেন। এতে ফেসবুকসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের ভূমিকাও বিশেষভাবে উল্লেখ করা মত, তারা আর আগের মতো নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ নন। বেরলবি অনুসারীদের কেউ কেউ বলতে থাকেন, যদি আমরাই ‘হক মাসলাক হই, তবে কেন আমরা সমাজে সংখ্যাগরিষ্ঠ নই?

এসব নিয়ে কিছু আত্মকোন্দলেরও তৈরি হয়। যারা প্রশ্ন করেন, তাদেরকে মূল মাসলাক থেকে একঘরে করে রাখার প্রবণতা তৈরি হয়। বেরলবিরা শুধু বিরোধী উপধারাগুলোর প্রতিই প্রতিক্রিয়াশীল নয়, নিজেদের মধ্যে যারা সমন্বয়কামী, প্রশ্ন-সংশয় প্রকাশ করেন, তাদেরকেও অঘোষিতভাবে সরিয়ে দেওয়া হয়। যেহেতু আ’লা হজরত অনেক দেওবন্দিকে কাফের বলেছেন, যারা তাদেরকে কাফের অস্বীকার করবে, তাদেরকেও কাফের বলে হুমকি দিয়েছেন, কাজেই বেরলবিদের দিক থেকে বিরোধী উপধারাগুলোর সাথে সম্পর্ক করা খুব সহজ নয়। এতে তারা নিজেরাই তাকফিরের হুমকিতে পড়ে যাবেন। বলাইবাহুল্য, এসব সংকীর্ণতার প্রেক্ষিতে অনেক অনুসারী-ছাত্রদের মধ্যে তৈরি হয়েছে অসন্তোষ।

 

নুরুল ইসলাম ফারুকী  : বেদনা ও ক্রোধের আগুন

বেরলবিদের প্রতিক্রিয়ার জবাবে কওমি-দেওবন্দি-জামায়াতের মোকাবেলাও অনেক সময় নিরীহ থাকে না। বিরোধীরাও বেরলবিদের ‘ খারাপ মুসলমান’ হিসেবে আখ্যা দেন। এটি অনেক সময় রক্তারক্তি পর্যন্ত পৌছায়। বেরলবিদের প্রথম প্রচারক শেরে বাংলা আজিজুল হকও মারাত্মকভাবে আক্রান্ত হন। চট্টগ্রামে আশির দশকে শিবিরের সাথে সংঘর্ষে ছাত্রসেনা কর্মী লিয়াকত আলী নিহত হন। তবে দ্বিতীয় দশকের সবচেয়ে বড় ঘটনা নুরুল ইসলাম ফারুকী হত্যাকাণ্ড। বস্তুত ধর্মীয় উপধারার কোন বিশিষ্ট নেতা গুপ্তহত্যার শিকার হবেন, এটি কোনভাবেই স্বাভাবিক নয়।

২০১৪ সালের ২৫ আগস্ট ফারুকীকে তার রাজাবাজার কার্যালয়ে ৮-১০ জন অজ্ঞাত হামলাকারী হত্যা করে। এর আগে একজন মহিলা, যিনি তাকে বারবার টেলিফোন করেছিলেন তাকে তার বাড়িতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, চল্লিশ বছর বয়সী মহিলা ফারুকির বাড়িতে দুই ঘণ্টা থাকার সময় নার্ভাস ছিলেন এবং অদ্ভুত আচরণ করেছিলেন। তার পরিবারের দাবি, বেশ কয়েকজন যুবক হজ নিয়ে কথা বলতে বাড়িতে এসে তাকে হত্যা করেছে। স্থানীয় এক ইমামের মতে, দুই যুবক রাত সাড়ে টার দিকে তার বাড়িতে আসে এবং ৬-৭ জন সশস্ত্র যুবক ঘরে তার কাছে থাকা সব টাকা দাবি করে।

ফারুকীর স্ত্রী দাবি করেন, রহস্যময়ী নারীকে গ্রেফতার করা হলে অপরাধীরা ধরা পড়বে। তার পুত্র আহমেদ রেজা ফারুকী একটি লিখিত বক্তব্য পড়ে বলেছিলেন: “আমার বাবা ‘সুন্নি’ মতাদর্শে বিশ্বাসী ছিলেন। যারা তার মতাদর্শের বিরোধিতা করেছিল তাদের কাছ থেকে তিনি মোবাইল ফোন এবং ফেসবুকে হত্যার হুমকি পেয়েছিলেন। চরমপন্থী বা খারেজি-ওহাবী আহলে হাদিস তাকে হত্যা করেছিল, এটি একটি পরিকল্পিত হত্যাকাণ্ড ছিল।’’ তার সংগঠন আহলে সুন্নাতের সদস্যরা তাদের নেতা নুরুল ইসলাম ফারুকীর হত্যার প্রতিবাদ করে চট্টগ্রামে মুরাদপুর মোড় অবরোধ করে। ২০১৪ সালের আগস্টে, বাংলাদেশ ইসলামী ছাত্র সেনার প্রধান মুহাম্মদ নুরুল হক চিশতি এক সংবাদ সম্মেলনে ঘোষণা করেন যে, দলীয় নেতা নুরুল ইসলাম ফারুকীর হত্যাকারীদের গ্রেপ্তার ও বিচারের দাবিতে সারা বাংলাদেশে অর্ধদিবস ধর্মঘট পালিত হবে।

বস্তুত ফারুকি হত্যাকাণ্ড বেরলবি সিলসিলার মধ্যে গভীর বেদনা ও ক্রোধের তৈরি করে। তারা বিরোধী পক্ষগুলোকে দায়ি করে তাদের বিরুদ্ধে প্রতিশোধ নেওয়াকে জরুরী/বৈধ বলে মনে করতে থাকেন।

‘জশনে জুলুস’ : ইসলামের সাংস্কৃতিক প্রচার

পৃথিবীর দেশে দেশে বারোই রবিউল আওয়াল উপলক্ষে অনেক অনুষ্ঠান-উৎসব পালিত হয়। দেওবন্দ-সালাফি-জামায়াতের মতো উপধারাগুলো এসব অনুষ্ঠান আয়োজনে অনাগ্রহী। এই শূন্যতা পূরণে এগিয়ে আসে বেরলবি সিলসিলা। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জনসাধারণের মধ্যে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যায়। বস্তুত অনেক মানুষই ইসলামকে নিছক শিক্ষা-ইবাদত-রাজনীতি-সংস্কারের বাইরে উৎসব-সংস্কৃতির জায়গা থেকে দেখতে চান। দ্বিতীয় দশকে আওয়ামীলীগ সরকারের অব্যাহত চাপের মধ্যে বেরলবি সিলসিলা ইসলামের নিরাপদ উদযাপনের দৃষ্টান্ত স্থাপন করতে সক্ষম হয়।

এতে নিরীহ জনতার মধ্যে বেরলবিদের প্রতি একটা সাংস্কৃতিক আবেদন তৈরি হয়, লিবারেল শক্তিগুলোও বেরলবিদেরকে সমন্বয়কামী উপধারা হিসেবে গ্রহণ করতে থাকে। আগেই যেমন বলেছি, জশনে জুলুসকে বলা যায় বেরলবি ধারার সবচেয়ে বড় জনসমাবেশ। মূলত এই অনুষ্ঠানের মাধ্যমে সালাফি-দেওবন্দি ধারার বাইরের সকল উপধারাগুলোর মধ্যে বেরলবি সিলসিলা প্রভাব বিস্তার করতে সক্ষম হয়। সাংগঠনিক দৃঢ়তা, শিক্ষাপ্রতিষ্ঠান, দরবার শরীফ ও অঙ্গসংগঠনের মাধ্যমে সমচিন্তার উপধারাগুলোর সমীহ আদায় করে নিতে সক্ষম হয় তারা। অনেকেই হয়ত বেরলবিদের মাসলাক-রাজনীতির সাথে একমত নয়, তবে তাদের প্রভাব-আয়োজনের আবেদন ছড়িয়ে যায় সহযোগী উপধারাগুলোর অনেকের মধ্যেই। দৃষ্টান্ত হিসেবে বলা যায়, ফুরফুরা-ছারছিনা-ফুলতলি-আটরশিদের মধ্যে জশনে জুলুসের আবেগ ছড়িয়ে যায়।

দুই হাজার একুশ সালে আওয়ামী লীগ সরকার রাষ্ট্রীয়ভাবে ঈদে মিলাদুন নবী পালনের ঘোষণা দেয়। অনেকেই একে বেরলবিদের রাষ্ট্রীয় স্বীকৃতি হিসেবে দেখতে আগ্রহী।

– নতুন রক্ত : ‘আধুনিকতা, কট্টরপন্থী আশায়েরি ধারা ও লোকজ ইসলাম’

দ্বিতীয় দশকে বেরলবি সিলসিলায় অনেক আধুনিক কণ্ঠও সংযুক্ত হয়। তারা সিলসিলার সফল সাংস্কৃতিক রুপান্তর ঘটাতে সক্ষম হবার প্রেক্ষিতে ‘লোকজ ইসলামের’ প্রবক্তারা তাদের প্রতি আগ্রহী হয়ে উঠে। বেরলবিদের মধ্যেও নিজেদেরকে আধুনিক হিসেবে উপস্থাপনের চেষ্টা বিশেষভাবে লক্ষ্য করার মতো। করোনাকালীন সময়ে গাউছিয়া কমিটি সেচ্ছাসেবক সংগঠন হিসেবে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সারাদেশে প্রায় ৫ হাজার লাশ দাফন ও সৎকার করেছে প্রতিষ্ঠানটি। পাশাপাশি অসুস্থদের হাসপাতালে নিয়ে যাওয়া ও আনায় অ্যাম্বুলেন্স সেবা, বিনামূল্যে ওষুধ প্রদান ও অসহায়-দরিদ্র মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেছে প্রতিষ্ঠানটি। করোনার এই দুঃসময়ে তাদের সেবা কার্যক্রমে জোরালো হয়েছে অক্সিজেন সেবা।

এই সময়ে মধ্যপ্রাচ্যের কট্টর আশায়েরি সিলসিলার সাথেও তাদের সম্পর্ক স্থাপিত হয়। এতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন আজহার ফেরত আলেমরা। ঐতিহ্যবাহী আ’লা হজরতের মাসলাকের বদলে নতুন প্রবক্তারা কট্টর আশায়েরি বক্তব্যগুলোো প্রচার করতে থাকেন। তারা সবাই সালাফি প্রতিরোধে একমত, এই মর্মে বেরলবি সিলসিলার মধ্যে নতুন রক্তের সঞ্চালন ঘটেছে।  এই নতুন রক্ত কেমন ভূমিকা রাখবে, সে নিয়ে এখনই নির্দিষ্ট মন্তব্য করা কঠিন। তবে মনে করা হচ্ছে, এই নতুন প্রবক্তারা বেরলবি সিলসিলার নতুন অভিমুখ নির্ণয় করতে সক্ষম হবেন। এর সাথে যদি নতুন করে প্রতিষ্ঠিত দুইশো মাদরাসার বিষয়টি যোগ করা হয়, তবে বলতে হবে, আগামী দশকেও বেরলবি সিলসিলা বাংলাদেশের ধর্মীয় অঙ্গনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।

The post প্রতিক্রিয়া-প্রশ্ন-নতুন রক্ত : দ্বিতীয় দশকে বেরলবি-সূফী ধারায় টানাপড়েন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/zqhJ4FY

Sunday, September 25, 2022

জন্মনিয়ন্ত্রণ সেবা নেওয়া কমেছে ২৪ শতাংশ

ফাতেহ ডেস্ক:

সারা দেশে সরকারি জন্মনিয়ন্ত্রণ সেবা নেওয়ার হার কমছে। পরিবার পরিকল্পনা অধিদপ্তরের তথ্য বলছে, গত পাঁচ বছরে সাত ধরনের সেবা নেওয়ার হার কমেছে প্রায় ২৪ শতাংশ। আর ছয় বছরের হিসাব করলে এসব সেবা নেওয়ার হার কমে দাঁড়ায় প্রায় ৩৭ শতাংশ। সেবাগুলো হলো খাওয়ার বড়ি, কনডম, দীর্ঘমেয়াদি পদ্ধতির ইনজেকশন, ইন্ট্রা–ইউটেরিন ডিভাইস (আইডি) বা কপার টি, ইমপ্ল্যান্ট, স্থায়ী পদ্ধতি ও জরুরি বড়ি।

করোনা সংক্রমণের সময় জন্মনিয়ন্ত্রণ সেবা নেওয়ার হার আরও কমে যায়। আর এ পর্যন্ত তা করোনাকালের আগের অবস্থায় ফিরে যায়নি। তবে গত ছয় বছরে জরুরি বড়ি নেওয়ার হার ব্যাপকহারে বেড়েছে। অপরিকল্পিত যৌনমিলনের ৭২ ঘণ্টার মধ্যে এই বড়ি খেতে হয়। সরকারিভাবে ২০১৬–২০১৭ অর্থবছরে শুধু ঢাকায় জরুরি বড়ি দেওয়া শুরু হয়। সে সময় ১৫২টি বড়ি সরবরাহ করা হয়েছিল। ২০২১–২২ অর্থবছরে সারা দেশে জরুরি বড়ি সরবরাহ করা হয় পৌনে চার লাখের বেশি।

পরিবার পরিকল্পনা অধিদপ্তর অর্থবছর ধরে জন্মনিয়ন্ত্রণ সেবা দেওয়ার হিসাব করে। অধিদপ্তরের তথ্য অনুসারে, ২০১৭–১৮ অর্থবছরের তুলনায় ২০২১–২২ অর্থবছরে অর্থাৎ গত পাঁচ বছরে খাওয়ার বড়ি নেওয়ার হার ৩৭ শতাংশ কমেছে। এ সময়ে স্থায়ী পদ্ধতি নেওয়ার হার কমেছে ৩৩ শতাংশ। এ ছাড়া কপার টি প্রায় ২৯ শতাংশ, ইমপ্ল্যান্ট প্রায় ১৯ শতাংশ, ইনজেকশন ১৭ শতাংশ ও কনডম নেওয়ার হার কমেছে ১৪ শতাংশ। অবশ্য ইমপ্ল্যান্ট সেবা নেওয়ার হার ধারাবাহিকভাবে কমেনি; এর হারে ওঠা–নামা আছে।

২০১৬-১৭ অর্থবছরের সঙ্গে তুলনা করলে সেবা নেওয়ার হারের পার্থক্য আরও বাড়ে। ওই অর্থবছরের তুলনায় ২০২১–২২ অর্থবছরে খাওয়ার বড়ি ৪৩ শতাংশ, কনডম ৩৪ শতাংশ, ইনজেকশন ২৭ শতাংশ, কপার টি ৩৭ শতাংশ ও স্থায়ী পদ্ধতি প্রায় ৩৬ শতাংশ কমেছে। শুধু ইমপ্ল্যান্টের পার্থক্য কম, ৯ শতাংশ।

The post জন্মনিয়ন্ত্রণ সেবা নেওয়া কমেছে ২৪ শতাংশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/HSGlg3h

Wednesday, September 21, 2022

বয়সে ৩৯ মাস ছাড় পেলেন সরকারি চাকরি প্রার্থীরা

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ পরিস্থিতির কারণে নিয়োগ প্রক্রিয়া আটকে থাকায় ক্ষতিগ্রস্ত প্রার্থীদের সরকারি চাকরিতে প্রবেশের ক্ষেত্রে বয়সে ছাড় দিয়ে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে মন্ত্রণালয় ও বিভাগগুলোকে নির্দেশনা দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এই নির্দেশনার চিঠি দেওয়া হয়েছে। তবে বিসিএস পরীক্ষা এর আওতায় আসবে না বলেও চিঠিতে উল্লেখ করা হয়েছে।

মন্ত্রণালয় ও বিভাগ এবং সংস্থাগুলোকে আগামী বছরের ৩০ জুন পর্যন্ত প্রকাশিতব্য বিজ্ঞপ্তিতে প্রার্থীদের সর্বোচ্চ বয়সসীমা ২০২০ সালের ২৫ মার্চ নির্ধারণ করার জন্য বলেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। অর্থাৎ ২০২০ সালের ২৫ মার্চের পর থেকে যাদের চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩০ বছর পার হয়েছে বা হচ্ছে, তারা ২০২৩ সালের ৩০ জুন পর্যন্ত জারি করা নিয়োগ বিজ্ঞপ্তিতে আবেদনের যোগ্য হবেন।

এক্ষেত্রে চাকরি প্রার্থীরা করোনা মহামারীর কারণে বয়সের ক্ষেত্রে সর্বোচ্চ ৩৯ মাসের ছাড় পেলেন।

 

The post বয়সে ৩৯ মাস ছাড় পেলেন সরকারি চাকরি প্রার্থীরা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/J8yHidU

Friday, September 16, 2022

ওমরা চলে যাচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে : তিন বছরে খরচ হয়েছে দ্বিগুণ

মুনশী নাঈম:

দিনদিন মধ্যবিত্তের নাগালের বাইরে চলে যাচ্ছে ওমরাযাত্রার স্বপ্ন। ভিসার মূল্য, আবাসিক খরচ এবং বিমান টিকেটের দামবৃদ্ধির কারণে দুঃসাধ্য হয়ে যাচ্ছে মধ্যবিত্তের ওমরাযাত্রা। সংশ্লিষ্টগণ বলছেন, গেলো তিন বছরে ওমরার খরচ বেড়ে হয়েছে দ্বিগুণ। ফলে অনেকে ওমরায় যেতে চাইলেও এখন আর সাহস করতে পারছে না। দাম শুনেই আগ্রহীদের মুখে নামছে দীর্ঘশ্বাসের ছায়া।

কোভিড ১৯ এর কারণে ধর্মপ্রাণ মুসলমানরা দীর্ঘ দুই বছর ওমরা পালনের জন্য সৌদি আরবে যেতে পারেননি। ২০২২ সালে করোনা সংক্রমণ কমে যাওয়ার ফলে ওমরা ও হজ্বের অনুমতি দেয় সৌদি সরকার। ফলে ওমরা যাত্রী আগের যেকোনো সময়ের চেয়ে কয়েকগুণ বেড়ে গেছে।

তিন বছরে খরচ বেড়েছে দ্বিগুণ

তিন বছরে ওমরার খরচ বেড়ে দ্বিগুণ হয়েছে বলে জানিয়েছেন সরকার নিবন্ধিত হজ এজেন্সি ইউনিভার্সাল ট্রাভেল বিডির পরিচালক তানভির আহমদ। ভিসা এবং টিকেট বৃদ্ধির কারণে এই খরচ বেড়েছে বলেও জানান তিনি। তিনি ফাতেহকে বলেন, ‘কোভিডের আগে ৮০ থেকে ৯০ হাজারের মধ্যে ভালো প্যাকেজ পাওয়া যেতো। কিন্তু এখন সবচে নিম্নমানের প্যাকেজটাই ১ লাখ ২০ হাজার থেকে শুরু। টিকেটের দাম বাড়ার কারণে এখন এটাও পারব না।’

সর্বশেষ ওমরাদলের বিবরণ দিয়ে তিনি বলেন, ‘গত ৬ সেপ্টেম্বর আমাদের সর্বশেষ ওমরাদল সৌদি গিয়েছে। এদের মধ্যে যারা আগে বুকিং দিয়েছিল, তারা ১ লাখ ২০ হাজারে পেয়েছে। পরে যারা এসেছে, তারা পেয়েছে ১ লাখ ২৫ হাজারে। এরও পর যারা এসেছে, টিকেট সঙ্কটের কারনে তাদের খরচ পড়ছে দেড় লাখের মতো। তার মানে কোভিডের আগের তুলনায় এটা দ্বিগুণ। এটা বললাম সর্বনিম্ন প্যাকেজ। ভালো প্যাকেজের দাম তো দুই লাখ ছুঁই ছুঁই।’

এই এজেন্সি মালিক জানান, ‘এখন ভিসার দামও বাড়িয়েছে সৌদি। রিয়ালের দাম বাড়ার কারণে বাড়ছে টিকেটের মূল্য। গত সপ্তাহে দু’তিনবার টিকেটের দাম বেড়েছে। বেড়েছে সৌদির আবাসন খরচ। সব মিলিয়ে সবচে কমের মধ্যে হলেও ১ লাখ ৩০ হাজার টাকা লাগবে। যেটা মধ্যবিত্তের নাগালে নেই।’

এয়ারলাইনসের কারসাজিতে টিকেটের দাম বৃদ্ধি

খোঁজ নিয়ে জানা গেছে, আগামী ১ অক্টোবর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ওমরাযাত্রীদের টিকিটের দাম দেড়শ মার্কিন ডলার বৃদ্ধি করেছে।

সূত্র জানায়, সৌদিয়া এয়ারলাইন্স বর্তমানে জনপ্রতি ওমরা টিকিট ৭৫ হাজার টাকা, ৮০ হাজার টাকা এবং ৯০ হাজার টাকায় বিক্রি করছে। থার্ড ক্যারিয়ারগুলোও প্রায় ৮৮ হাজার টাকায় ওমরা টিকিট বিক্রি করছে। বিমান ওমরা টিকিট ৭২ হাজার টাকা ও ৭৮ হাজার টাকায় বিক্রি করছে। আগামী ১লা অক্টোবর থেকে বিমান ওমরাহ টিকিটের দাম বৃদ্ধি করে ৮৫ হাজার টাকা নির্ধারণ করেছে। এসব টিকিট কোনো সিন্ডিকেট চক্রের কাছ থেকে কিনতে হলে আরো অতিরিক্ত কয়েক হাজার টাকা গুনতে হবে।

ওমরা করে আসা এক হাজি ফাতেহকে জানিয়েছেন, বিমান বাংলাদেশ এয়ারলাইনস ওমরা যাএীদের কাছ থেকে টিকেটের দাম বেশি রাখলেও তাদের সার্ভিস সন্তোষজনক নয়। বিমানের সিটগুলোর অবস্থা ভালো না। হেলান দেয়ার জন্য মুভ করা যায় না। সিটের স্ক্রিনগুলো বেশিরভাগ নষ্ট। ক্রুদের বললে তারা বলে নষ্ট করার কিছুই নাই। এক কথায় সার্ভিসের মান খুব খারাপ।

এজেন্সিগুলোর সঙ্গে কথা বলে জানা গেছে, আগামী ১৫ অক্টোবর পর্যন্ত বিমানের কোনো সিট নেই। দেড় মাসের টিকিট নামে বেনামে সিন্ডিকেট চক্রের কাছে বিক্রি করে দিয়েছে বিমান অফিস। এতে ওমরা এজেন্সির মালিকরা বিমান অফিসে ধর্না দিয়েও ওমরাযাত্রীদের কোনো টিকিট পাচ্ছে না। আটাব ও হাব নেতৃবৃন্দ দাবি করেছেন, বিমানের দেড় মাসের ফ্লাইটগুলো যথাযথভাবে চেক করা হলেই থলের বিড়াল বেরিয়ে আসবে।

সংকট নিরসনে কে কী বলছেন

হাব নেতৃবৃন্দ বলছেন, ওমরা হজ্বযাত্রীদের চাপের কারণে ও যাত্রা নিশ্চিত করার জন্য বিমান বাংলাদেশ এয়ারলাইন্স সিডিউল ফ্লাইট ছাড়াও সপ্তাহে ১টি করে অতিরিক্ত ফ্লাইট পরিচালনা করতে পারে। এছাড়াও চট্টগ্রাম থেকে জেদ্দা আগে সপ্তাহে তিনটি ফ্লাইট ছিল। বর্তমানে দুইটি চালু রয়েছে একটি বন্ধ। বন্ধ করা ফ্লাইটি প্রতি মঙ্গলবার চালু করে এবং চট্টগ্রাম-মদিনা-চট্টগ্রাম আরও একটি ফ্লাইট চালু করার জন্য জোর দাবি জানান।

অ্যাসোসিয়েশন অব ট্রাভেল এজেন্টস অব বাংলাদেশ (আটাব) এর মহাসচিব আবদুস সালাম আরেফ ফাতেহকে বলেন, ‘টিকেটের এই দামবৃদ্ধি জুলুম। আমরা বিমানমন্ত্রীর সঙ্গে কথা বলেছি। দাম কমানোর আবেদন জানিয়েছি। পাশাপাশি যাত্রীদের চাপ কমাতে ফ্লাইট বাড়ানো এবং বন্ধ ফ্লাইট চালু করারও আবেদন জানিয়েছি।’

তিনি আরও বলেন, ‘সমহারে যদি এজেন্সিগুলোর জন্য টিকেট দেয়া হতো, কিংবা টিকেটের ক্রয়ক্ষমতা সরাসরি এজেন্সিকে দেয়া হতো, তাহলে এ সঙ্কট তৈরী হতো না। সব বিষয়ে ২৮ আগস্ট আমরা মন্ত্রণালয়ে চিঠিও দিয়েছি।’

জানা গেছে, গত মঙ্গলবার বেসামরিক বিমান প্রতিমন্ত্রী মাহবুব আলীর দপ্তরে তার সাথে বৈঠক করেন হাব সভাপতি এম শাহাদাত হোসাইন তসলিম ও মহাসচিব ফারুক আহমদ সরদার। বৈঠকে তারা ওমরাযাত্রীদের অতিরিক্ত বিমান ভাড়া হ্রাস ও যৌক্তিক ভাড়া নির্ধারণের জন্য বিমান প্রতিমন্ত্রীর কাছে অনুরোধ জানান।

The post ওমরা চলে যাচ্ছে মধ্যবিত্তের নাগালের বাইরে : তিন বছরে খরচ হয়েছে দ্বিগুণ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/roVCw4P

Monday, September 12, 2022

দাখিল পরীক্ষায় আরবি বাদ : আলিয়ায় ধর্মীয় শিক্ষার গুরুত্ব কমছে

রাকিবুল হাসান নাঈম:

সারাদেশে আগামী ১৫ সেপ্টেম্বর থেকে শুরু হচ্ছে ২০২২ সালের এসএসসি ও সমমানের দাখিল পরীক্ষা। এবার পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাস অনুযায়ী ২ ঘণ্টার। এর মধ্যে এমসিকিউ ২০ মিনিট, লিখিত ১ ঘণ্টা ৪০ মিনিট। তবে এবার দাখিল পরীক্ষায় আরবি প্রথম, দ্বিতীয় পত্র এবং আকাইদ ও ফিকহের মতো গুরুত্বপূর্ণ বিষয়ের পরীক্ষা নেয়া হচ্ছে না এবং এই বিষয়গুলো সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। সংশ্লিষ্টগণ বলছেন, এ বিষয়গুলোতেই ছাত্ররা সবচে বেশি ফেল করে। করোনার কারণে ক্লাস ব্যহত হওয়ায় এবার ফেলের সম্ভাবনা আরও বেড়েছে। ফলে বাদ দেয়া হয়েছে বিষয়গুলো।

বাংলাদেশ মাদরাসা শিক্ষা বোর্ডের ওয়েবসাইটে বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো: কামাল উদ্দীন স্বাক্ষরিত বিজ্ঞপ্তি থেকে জানা যায়, এ বছর মাদ্রাসা শিক্ষা বোর্ডের সাধারণ বিভাগের আরবি প্রথম ও দ্বিতীয় পত্র, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বিজ্ঞান বিভাগের আকাইদ ও ফিকহ এবং মুজাব্বিদ এ হিফজুল কুরআন বিভাগে যথাক্রমে কিরআতে তারতিল ও হাদর (মৌখিক), হিফজুল কুরআন দাওর ( মৌখিক) এর নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। অর্থাৎ এই বিষয়গুলোর পরীক্ষা সরাসরি অনুষ্ঠিত হবে না।

বিষয়টি নিয়ে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে আরবি শিক্ষক ও শিক্ষা কর্মকর্তাদের মাঝে। কেউ বলছেন, সিলেবাস সংক্ষিপ্ত করতে গিয়ে আরবিগুলো বাদ না দিয়ে অন্য বিষয় বাদ দেয়া যেতো। কেউ মনে করছেন, আরবি বাদ দেয়াই বরং ভালো হয়েছে। ছাত্রদের জন্য সুবিধা হয়েছে।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত

এ প্রসঙ্গে কথা হয় দারুননাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার আরবি বিভাগের প্রভাষক মাওলানা মুহাম্মাদ ফরীদের সঙ্গে। দাখিলের গুরুত্বপূর্ণ বিষয়গুলো বাদ দেয়ায় তার প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি বলেন, ‘এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মানতে তো হবেই। আমাদের কিছু করার নেই।’

তবে আরবি পরীক্ষা হলেও ছাত্ররা যে খুব ভালো পরীক্ষা দিতে পারে, তেমন না। বিষয়টি উল্লেখ করে এই প্রভাষক বলেন, ‘আরবির পরীক্ষা যেভাবে নেয়া হয়, ছাত্ররা খুব ভালো পরীক্ষা দিতে পারে না। আমরা নিজেরা খুব খেটেখুটে পড়াই, সিলেবাসের বাইরেও অনেককিছু পড়াই। ফলে ছাত্ররা কিছুটা ভালো রেজাল্ট করতে পারে।’

আরবি বাদ দেয়ার বিষয়টি মন্ত্রণালয়ের সিদ্ধান্ত বলে জানিয়েছেন মাদরাসা শিক্ষাবোর্ডের কারিকুলাম বিশেষজ্ঞ মোঃ ফেরদাউছুর রহমান। তিনি ফাতেহকে বলেন, ‘এটা মন্ত্রণালয়ের সিদ্ধান্ত। মন্ত্রণালয় সিদ্ধান্ত নিয়েছে, কোন বিষয়ে পরীক্ষা হবে, কোন বিষয়ে পরীক্ষা হবে না।’

আলিয়া কর্তৃপক্ষের পরামর্শেই আরবি বাদ

তবে আলিয়া কর্তৃপক্ষের পরামর্শেই আরবি বাদ দেয়া হয়েছে বলে জানিয়েছেন মাদরাসা শিক্ষাবোর্ডের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক ড. মােঃ হােসাইন মাহমুদ ফারুক। ফাতেহের সঙ্গে আলাপকালে তিনি জানান, ‘এবার এসএসসি পরীক্ষা হবার কথা দশদিন। শিক্ষামন্ত্রীর সিদ্ধান্ত হলো, দাখিল পরীক্ষাও হবে দশদিন। কিন্তু দাখিলে তো সর্বমোট বিষয় ১৩টি। দশদিনে তো পরীক্ষা সম্ভব না। মন্ত্রী বললেন, আমরা পরামর্শ করে জানাতে, কোন তিনটি বিষয় বাদ দেয়া হবে। আমরা ঢাকায় বিভিন্ন মাদরাসার শিক্ষকদের নিয়ে কনফারেন্স করলাম। তাদের কাছে পরামর্শ চাইলাম কী করা যায়। তাদের সঙ্গে পরামর্শ করেই আরবি বাদ দেয়া হয়েছে।’

আরবি বিষয়গুলো কোন যুক্তিতে বাদ দেয়া হয়েছে জানতে চাইলে প্রতিবেদককে তিনি বলেন, ‘শিক্ষকরা বলেছেন, এ বিষয়গুলোতে ছাত্ররা বেশি ফেল করে। করোনার প্রকোপে এবার ক্লাস না হবার কারণে ফেলের হার আরও বাড়তে পারে। তাই বিষয় যেহেতু কমাতে হবেই, তাই কঠিন বিষয়গুলো কমানো হয়েছে। দিনব্যাপী কনফারেন্সের পর এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। মন্ত্রীও অনুমোদন দিয়েছেন।’

উল্লেখ্য, কেবল মাদ্রাসা বোর্ডের দাখিল পরীক্ষাই নয়, সাধারণ শিক্ষা বোর্ডেও বিষয় কমিয়ে এসএসসি পরীক্ষায় আইসিটি, ধর্মীয় শিক্ষা, বাংলাদেশ ও বিশ্বপরিচয় পরীক্ষা নেয়া হচ্ছে না। শিক্ষাবোর্ড জানিয়েছে, কোভিড-১৯ এর প্রেক্ষিতে পাঠদান ব্যাহত হওয়ায় শিক্ষার্থীদের সুবিধার্থে পরীক্ষার নম্বর ও কিছু বিষয়ে পরীক্ষা না নিয়ে তার পরিবর্তে সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করে বিষয় সংখ্যা কমিয়ে আনা হয়েছে। গত বছর পরীক্ষার বিষয় সংখ্যা আরো কম ছিলো।

The post দাখিল পরীক্ষায় আরবি বাদ : আলিয়ায় ধর্মীয় শিক্ষার গুরুত্ব কমছে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/fgLGHu2

Thursday, September 8, 2022

শঙ্কা কাটছে না : কবে হবে ইজতেমা?

মুনশী নাঈম:

বিশ্ব লণ্ডভণ্ড করে দেওয়া করোনা মহামারির কারণে গেল দু’বছর ধরে বন্ধ মুসলিমদের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। লকডাউনের জড়তা কাটিয়ে সবকিছু সচল হলেও এখনো আলোচনায় আসেনি ইজতেমার প্রসঙ্গ। ২০২৩ সালে ৫৫তম ইজতেমা অনুষ্ঠিত হবে কি হবে না, এই নিয়ে এখনো দ্বিধায় আছেন ধর্মপ্রাণ মুসলমানগণ।

তাবলিগ জামাতের দায়িত্বশীলরা বলছেন, করোনা মহামারির কারণে সরকারি নিষেধাজ্ঞা থাকায় এতদিন ইজতেমার কার্যক্রম বন্ধ ছিল। যেহেতু এবার করোনার তীব্রতা নেই, সেহেতু আশা করি ২০২৩ সালে ৫৫তম ইজতেমা অনুষ্ঠিত হবে। ইজতেমার বিষয়ে সরকারের সঙ্গে আলোচনা চলছে।

‘সিদ্ধান্ত এখনো হয়নি’

ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র জনসংযোগ কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন ফাতেহকে জানান, ‘তার কাছে ইজতেমা বিষয়ক কোনো তথ্য নেই। এ বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনো হয়নি।’

ইজতেমা কবে হতে পারে জানতে চাইলে ওলামা শূরার পক্ষে বিশ্ব ইজতেমা মাঠের জিম্মাদার ইঞ্জিনিয়ার মাহফুজ হান্নান ফাতেহের সঙ্গে মুঠোফোনে কথা বলতে চাননি। তিনি জানান, গণমাধ্যমের সঙ্গে ফোনে কথা বলার নিয়ম তাদের নেই। নিয়ম ভেঙ্গে তিনি কথা বলতে পারবেন না। তবে ইজতেমা নিয়ে কেন খোঁজখবর নেয়া হচ্ছে, এই নিয়ে তিনি সন্দেহ পোষণ করেন।

‘মিটিং হয়েছে, ইজতেমা হবে’

তবে সরকারের উচ্চ মহলের সঙ্গে ইজতেমা বিষয়ক মিটিং হয়েছে এবং ইজতেমা হবে মর্মে সিদ্ধান্ত হয়েছে বলে জানান মাওলানা সাদের অনুুসারী মুরুব্বী মাওলানা আবদুল্লাহ। তিনি ফাতেহকে জানান, তিনি মিটিংয়ে ছিলেন। তবে ইজতেমার তারিখ নির্ধারণ হয়নি। কবে হবে, তা তিনি নিশ্চিত না।

ইজতেমার তারিখ ঠিক করার জন্য মুরুব্বীরা জোর চেষ্টা করছেন জানিয়ে তিনি বলেন, তারিখ ঠিক করার জন্য আমরা চেষ্টা করছি। তবে ইতোমধ্যে জেলাভিত্তিক ইজতেমার সিদ্ধান্ত হয়েছে। এই ইজতেমাগুলো হতে থাকবে।’

ইতিহাসে ইজতেমা

প্রথম ইজতেমা ১৯৪১ সালে দিল্লির নিজামউদ্দীন মসজিদের ছোট এলাকা মেওয়াতের নুহ মাদ্রাসায় আয়োজন করা হয়। এতে প্রায় ২৫ হাজার তাবলিগ দ্বীনদার মুসলমান অংশ নেন। এভাবে অত্যন্ত ক্ষুদ্র পরিসরে মেওয়াতের বিভিন্ন শ্রেণী-পেশার কিছু মানুষের কাছে দ্বীনের কথা প্রচারের মধ্য দিয়ে তাবলিগ জামাতের যাত্রা শুরু হয়।

বাংলাদেশে ১৯৪৬ সালে ঢাকার রমনা পার্কসংলগ্ন কাকরাইল মসজিদে তাবলিগ জামাতের বার্ষিক সম্মেলন বা ইজতেমা প্রথম অনুষ্ঠিত হয়। এরপর ১৯৪৮ সালে চট্টগ্রামে তৎকালীন হাজি ক্যাম্পে ইজতেমা হয়, ১৯৫৮ সালে বর্তমান নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে ইজতেমা অনুষ্ঠিত হয়। তখন এটা কেবল ইজতেমা হিসেবে পরিচিত ছিল। প্রতিবছর ইজতেমায় অংশগ্রহণকারীর সংখ্যা আশাতীতভাবে বাড়তে থাকায় ১৯৬৬ সালে ইজতেমা টঙ্গীর পাগার গ্রামের খোলা মাঠে আয়োজন করা হয়। ওই বছর স্বাগতিক বাংলাদেশ ছাড়াও বিশ্বের বিভিন্ন দেশ থেকে ধর্মপ্রাণ মুসলমানরা অংশ নেওয়ায় ‘বিশ্ব ইজতেমা’ হিসেবে পরিচিতি লাভ করে।

১৯৬৭ সাল থেকে বর্তমান অবধি (২০১১ সাল থেকে দুই পর্বে) ‘বিশ্ব ইজতেমা’ টঙ্গীর কহর দরিয়াখ্যাত তুরাগ নদের উত্তর-পূর্ব তীরসংলগ্ন ডোবা-নালা, উঁচু-নিচু মিলিয়ে রাজউকের হুকুমদখলকৃত ১৬০ একর জায়গার বিশাল খোলা মাঠে অনুষ্ঠিত হচ্ছে। প্রতিবছর বাংলাদেশের প্রত্যন্ত গ্রাম-শহর-বন্দর থেকে লাখ লাখ ধর্মপ্রাণ মুসলমান এবং বিশ্বের প্রায় ৫০ থেকে ৫৫টি দেশের তাবলিগি দ্বীনদার মুসলমান জামাতসহ ২৫ থেকে ৩০ লক্ষাধিক মুসল্লি বিশ্ব ইজতেমায় অংশ নেন। সাধারণত প্রতিবছর জানুয়ারি মাসের তৃতীয় সপ্তাহের শুক্রবার আমবয়ান ও বাদ জুমা থেকে বিশ্ব ইজতেমার কার্যক্রম শুরু হয়।

The post শঙ্কা কাটছে না : কবে হবে ইজতেমা? appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/Le6XojW