Monday, June 1, 2020

স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার করোনা শনাক্ত

ফাতেহ ডেস্ক

করোনাভাইরাস সংক্রমণে আক্রান্ত হয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা মো. মাইদুল ইসলাম প্রধান।

সোমবার (১ জুন) রাতে তিনি নিজেই এ তথ্য নিশ্চিত করেছেন। বর্তমানে তিনি বাসায় আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

মাইদুল ইসলাম বলেন, ‘গত কয়েকদিন যাবত জ্বরে ভুগছিলাম। গত রোববার আমার করোনা পরীক্ষার নমুনা সংগ্রহ করা হয়। আজ পরীক্ষার রিপোর্টে করোনা পজিটিভের বিষয়টি জানানো হয়। বাসায় আইসোলেশনে থেকেই চিকিৎসা নিচ্ছি।’

বিসিএস তথ্য ক্যাডারের কর্মকর্তা মাইদুল স্বাস্থ্য মন্ত্রণালয়ে যোগদানের আগে দীর্ঘদিন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেন। করোনা দুর্যোগের শুরু থেকেই তিনি নিয়মিত তার দায়িত্ব পালন করছিলেন। নিয়মিত সচিবালয়ে অফিস করার পাশাপাশি তাকে বাইরেও মন্ত্রণালয়ের কাজে ব্যস্ত থাকতে হয়েছে।

-এ

The post স্বাস্থ্য মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তার করোনা শনাক্ত appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3do4ACN

করোনার ভ্যাকসিন যেন কুক্ষিগত না হয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা

ফাতেহ ডেস্ক

করোনা এর প্রতিষেধক আবিষ্কার হলে তা যেন কোনো একটি দেশের হাতে কুক্ষিগত না হয়ে এর মালিকানা অনেক দেশের হাতে থাকে সে বিষয়ে আহ্বান জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থা। বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে যুক্তরাষ্ট্র বেরিয়ে যাওয়ার পর গতকাল ৩৭ দেশকে নিয়ে সংস্থাটি এই ঘোষণা দেয়।

যুক্তরাষ্ট্র, ব্রিটেন, জার্মানি, চীনসহ একাধিক দেশে করোনাভাইরাসের প্রতিষেধক ও ওষুধের সন্ধানে গবেষণা চলছে। বিশ্বে এমন গবেষণার সংখ্যা ১২৫টিরও বেশি। দরিদ্র, উন্নয়নশীল কিংবা ছোট দেশগুলোর চিন্তা, ভ্যাকসিন আবিষ্কারের পর তা হাতে পেতে এসব দেশ পেশীর জোর দেখানো শুরু করবে কিনা।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার মহাপরিচালক টেড্রস আধানম গেব্রিয়েসাস বলেছেন, কোনো আবিষ্কারের ক্ষেত্রে পেটেন্টের (মালিকানা সত্ত্ব) ভূমিকা অবশ্যই গুরুত্বপূর্ণ। কিন্তু মহামারি এই পরিস্থিতিতে সাধারণ মানুষের কথা সবার আগে মাথায় রাখা উচিত।

এ সময় তিনি বলেন, আশার খবর হলো আক্রান্ত ২৭ লাখেরও বেশি মানুষ এখন সুস্থ। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, বিশ্বজুড়ে করোনার সম্ভাব্য যে ১২৫টি ভ্যাকসিন তৈরির কাজ চলছে এরমধ্যে দশটি মানবদেহে পরীক্ষা করে দেখা হয়েছে। অনেকে বলছেন, সেপ্টেম্বর কিংবা বছরের শেষ নাগাদ তা প্রস্তুত হবে।

বর্তমানে বিশ্বের প্রতিটি দেশ ও অঞ্চল করোনায় আক্রান্ত। ৬০ লাখেরও বেশি সংক্রমিত মানুষের ৩ লাখ ৭৩ হাজার মারা গেছে। যুক্তরাষ্ট্রেই সংখ্যাটা ১ লাখ ৫ হাজার এর বেশি। দ্বিতীয় স্থানে থাকা ব্রাজিলে আক্রান্ত ৫ লাখের ২৮ হাজার মারা গেছে। রাশিয়াতেও করোনা সংক্রমিত মানুষের সংখ্যা ৪ লাখ ছাড়িয়েছে।

লকডাউনের কারনে অধিকাংশ দেশের অর্থনীতি এখন ধুঁকছে। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এমন আর্থিক মন্দার মুখে কখনো পড়েনি বিশ্ব। ইতালি, স্পেনের পর এবার লকডাউন শিথিল হলো প্যারিসে।

-এ

The post করোনার ভ্যাকসিন যেন কুক্ষিগত না হয়: বিশ্ব স্বাস্থ্য সংস্থা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2XkrYeE

বাইরে চলাচলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক

ফাতেহ ডেস্ক

জীবনযাত্রা স্বাভাবিক অবস্থায় ফেরানোর পর সবার জন্য মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করেছে সরকার। স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ ব্যাপারে নির্দেশনা জারি করা হয়েছে। মাস্ক ছাড়া কেউ বাইরে বের হলে ৬ মাসের জেল অথবা এক লাখ টাকা জরিমানা করা হবে। বাইরে লোকজনের চলাচল বেড়ে যাওয়ায় এই পদক্ষেপ নিলো সরকার। জনস্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন- করোনা থেকে নিরাপদ থাকতে স্বাস্থ্যবিধি মেনে চলা এখন নাগরিক দায়িত্ব।

ঈদের পর সরকার সাধারণ ছুটি আর না বাড়ানোয় সাধারণ ছন্দে ফেরে দেশ। কাজে যোগ দেয়ায় বাইরে লোকজনের চলাচলও বেড়েছে। করোনা সংক্রমণের উচ্চ ঝুঁকি থাকলেও জীবিকার তাগিদে বাইরে বের হয়েছে মানুষ।

স্বাস্থ্যবিধি মানার কথা বলা হলেও, অনেককে দেখা গেছে মাস্ক ছাড়াই বাইরে চলাফেরা করতে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর তৎপরতা কম থাকায় মানা হচ্ছে না সামাজিক দূরত্ব।

তবে সংক্রমণ থেকে বাঁচতে কঠোরভাবে স্বাস্থ্যবিধি মেনে চলার তাগিদ দেন বিশেষজ্ঞরা।

এ অবস্থায়, স্বাস্থ্যবিধি মানতে নতুন করে কিছু কড়াকড়ি আরোপ করেছে সরকার। বাইরে বের হলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক করা হয়েছে। নির্দেশ অমান্যকারীর বিরুদ্ধে সংক্রমণ রোগ প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও নির্মূল আইনে সর্বোচ্চ ১ লাখ টাকা জরিমানা বা ৬ মাসের জেল হবে।

বিশেষজ্ঞরা বলছেন, সবকিছু খুলে দেয়ায় সংক্রমণ ঝুকি বেড়ে গেছে। তাই স্বাস্থ্যবিধি নিশ্চিত করার জন্য কঠোর মনিটরিং দরকার।

আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর হওয়ার পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা।

-এ

The post বাইরে চলাচলে মাস্ক ব্যবহার বাধ্যতামূলক appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Xn28qE

‘সরকারি অফিসে ২৫ শতাংশের বেশি কর্মকর্তা আসতে পারবেন না’

ফাতেহ ডেস্ক

বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ২৫ শতাংশের বেশি সরকারি কর্মকর্তা অফিসে এসে কাজ করতে পারবেন না বলে জানিয়েছেন জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন। একটি বেসরকারি টেলিভিশনের সঙ্গে ভিডিওকলে যুক্ত হয়ে জনপ্রশাসন প্রতিমন্ত্রী এ কথা জানান। তিনি বলেন, প্রয়োজন হলে বাকিরা অনলাইনে অফিস করবেন।

তিনি বলেন, আমরা নিষেধাজ্ঞাসহ স্বল্প পরিসরের সরকারি অফিস খুলেছি। অনেক বেসরকারি, আধা-সরকারি স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান বন্ধ ছিল। আমাদের ১৮টি মন্ত্রণালয় স্বল্প পরিসরে এতদিন চালু ছিল। রোববার (৩১ মে) প্রথম দিন আমরা সচিবালয়ে যে চিত্র দেখেছি অধিকাংশ মন্ত্রণালয়, যেভাবে আমরা বলেছি যে- বয়স্ক কর্মকর্তারা আসবেন না, অসুস্থ এবং সন্তানসম্ভবা নারী কর্মকর্তারা আসবেন না, সেটা আমরা মেইনটেন করেছি।’

তিনি বলেন, রোববার ছিল প্রথম দিন, অনেকগুলো মন্ত্রণালয় অত্যন্ত কম সংখ্যক কর্মকর্তা নিয়ে, যারা বিভিন্ন জায়গায় ঝুঁকিপূর্ণ স্থানে বসবাস করছেন, তাদের আমরা আসতে বারণ করেছি, তারা আসেননি।

তিনি জানান, দর্শনার্থী যাতে সচিবালয়ে প্রবেশ করতে না পারে এ জন্য এই ১৫ দিনে কোনো পাস ইস্যু করা হবে না।

ফরহাদ হোসেন আরো বলেন, ‘মন্ত্রণালয়গুলোকে জানিয়ে দেয়া হয়েছে, অত্যাবশ্যকীয় যে কাজগুলো আছে এখন আমরা সেই কাজগুলো করতে চাই। সেক্ষেত্রে চার ভাগের এক ভাগ (২৫ শতাংশ) বা পাঁচ ভাগের এক ভাগ (২০ শতাংশ) কর্মকর্তা উপস্থিত থাকবেন। যারা অসুস্থ আছেন, তারা ঘরে বসে কাজ করবেন, তারা অফিসে আসবেন না, এভাবে আমরা সাজিয়েছি। যাতে কেউ এখানে ইনফেক্টেড না হন। যারা একটু দূরে থাকেন, যারা ঝুঁকিপূর্ণ এলাকায় থাকেন, আমরা তাদের আমরা শনাক্ত করেছি।

প্রতিমন্ত্রী জানান, আমরা লক্ষ করেছি কিছু কিছু মন্ত্রণালয়ে কোনো কোনো কর্মকর্তার প্রয়োজন ছিল না তারপরও তারা এসেছে। তাদের কোনো কাজ ছিল না। তাদের কাছে বার্তা ঠিকমতো পৌঁছায়নি।

করোনোর সংক্রমণ এখন সর্বোচ্চ অবস্থায় আছে জানিয়ে ফরহাদে হোসেন বলেন, স্বাস্থ্যবিধি মেনে আমাদের কাজগুলো করতে হবে। প্রথম দিন আমাদের অবজারভেশনে কিছু ত্রুটি পেয়েছি।

তিনি বলেন, এই ১৫ দিনে আমরা ট্রায়াল অ্যান্ড এরর বেসিসে কাজ করব। আজ যে ভুলগুলো হয়েছে কাল যাতে সেই ভুলগুলো না হয় সেটাই আমরা করতে চাই।

বিভিন্ন শর্তপালন ও নির্দেশনা মানা সাপেক্ষে রোববার (৩১ মে) থেকে ১৫ জুন পর্যন্ত অফিস খুলে দিয়েছে সরকার। মার্চ মাসের শুরুতে দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগী পাওয়ার পর পরিস্থিতির ক্রমাবনতিতে ২৬ মার্চ থেকে ৪ এপ্রিল পর্যন্ত ছুটি ঘোষণা করে সরকার। এরপর দফায় দফায় ছুটি বাড়তে থাকে। সর্বশেষ ঘোষণা অনুযায়ী টানা ৬৬ দিনের ছুটি গত শনিবার (৩০ মে) শেষ হয়।

-এ

The post ‘সরকারি অফিসে ২৫ শতাংশের বেশি কর্মকর্তা আসতে পারবেন না’ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3eCMA7J

একদিনে দেশে ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৩৮১

ফাতেহ ডেস্ক

নভেল করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ২২ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মোট প্রাণহানি হলো ৬৭২ জনের। আর, ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত হয়েছেন আরও ২,৩৮১ জন।

সোমবার (১ জুন) দুপুরে, স্বাস্থ্য অধিদপ্তরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য জানানো হয়। বুলেটিন পড়েন অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (মহাপরিচালকের দায়িত্বপ্রাপ্ত) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। এসময় তিনি জানান, গত ২৪ ঘন্টায় সারা দেশে ১৩,১০৪টি নমুনা সংগ্রহ করা হয়। আর, এ সময়ে পরীক্ষা করা হয় ১১,৪৩৯টি নমুনা। এ নিয়ে মোট ৩ লাখ ২০ হাজার ৩৬৯টি নমুনা পরীক্ষা করা হলো। গত ২৪ ঘন্টায় নতুন করে শনাক্ত ২,৩৮১ জনকে নিয়ে এ পর্যন্ত এ প্রাণঘাতী ভাইরাসে আক্রান্ত মোট ৪৯ হাজার ৫৩৪ জন শনাক্ত হলেন। নতুন করে পরীক্ষায় করোনা আক্রান্তের হার ২০.৮১ শতাংশ।

নাসিমা সুলতানা আরও জানান, মৃতদের মধ্যে ১৯ জন পুরুষ ও ৩ জন নারী। গত ২৪ ঘন্টায় আরও ৮১৬ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে করোনা থেকে মোট সুস্থ হলেন ১০ হাজার ৫৯৭ জন। গত ২৪ ঘন্টায় আইসোলেশনে পাঠানো হয়েছে ৪৪৯ জনকে। বর্তমানে সারা দেশে আইসোলেশনে আছেন ৬,০২১ জন।

প্রসঙ্গত, গত বছরের ডিসেম্বরে চীনে করোনাভাইরাসের সংক্রমণ নিশ্চিত হওয়া গেলেও বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয় গত ৮ই মার্চ। ওইদিন তিনজন করোনা রোগী শনাক্ত হওয়ার কথা জানিয়েছিলো স্বাস্থ্য অধিদপ্তর। এরপর থেকে এপ্রিলের প্রথম সপ্তাহ পর্যন্ত শনাক্তকৃত রোগীর সংখ্যা অনেকটাই সমান্তরাল ছিলো। কিন্তু এরপর থেকে বেড়েই চলেছে রোগীর সংখ্যা। ইতিমধ্যেই সাধারণ ছুটি তুলে নিয়েছে সরকার। সারা দেশে স্বাস্থ্যবিধি মেনে শুরু হয়েছে গণপরিবহন চলাচল।

-এ

The post একদিনে দেশে ২২ জনের মৃত্যু, নতুন শনাক্ত ২,৩৮১ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Bj0Y6N

এক বিবাহে তছনছ বাইতুশ শরফের দরবার

মুনশী নাঈম:

করোনাক্রান্ত হয়ে ২০ মে, বুধবার বিকেলে ইন্তেকাল করেছেন বায়তুশ শরফের পীর আলামা শাহ মোহাম্মদ কুতুবুদ্দিন। রাজধানীর ধানমন্ডি আনোয়ার খান মডার্ন হসপিটাল লিমিটেডের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন তিনি। একইদিন ইন্তেকাল করেছেন বাইতুশ শরফ দরবার মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম। একই দিনে পরপর দুজন বড় বড় ব্যক্তি ও রাহবার হারিয়ে শোকে ম্রিয়মাণ হয়ে আছে দরবার। আচমকা কেনো ঝড়ে তছনছ হয়ে যাওয়া বিবর্ণ বস্তুভিটার মতো।

বাইতুশ শরফের পীর কাদের সংস্পর্শে এসে করেনাক্রান্ত হয়েছিলেন, এ নিয়ে কোনো উচ্চবাচ্য হয়নি। এর পেছনে জড়িয়ে আছে এ দেশের করোনাক্রান্ত বিখ্যাত ধনাঢ্য এক পরিবারে বাগদান অনুষ্ঠানের গল্প।

এস আলম পরিবারে বাগদান অনুষ্ঠান

চলতি মে মাসের প্রথম সপ্তাহে দেশজুড়ে যখন লকডাউন চলছিল, তখন ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদের মেয়ে জেবা জামান চৌধুরীর সঙ্গে এস আলম পরিবারের আরেক সন্তান ও ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবুর ছেলে আতিকুল আলমের বাগদান সম্পন্ন হয়। সরকারি নির্দেশনার কারণে আলোচিত এ বাগদান অনুষ্ঠানের কথা সাধারণ মানুষ না জানলেও আনু্ষ্ঠানিকতার কমতি ছিল না। নগরের সার্সন রোডে মন্ত্রীর বাসভবনে ঘরোয়া এ বাগদান অনুষ্ঠানে দুই পরিবারের অর্ধশতাধিক লোকের আপ্যায়নের ব্যবস্থাও ছিল।

এস আলম গ্রুপের চেয়ারম্যান সাইফুল আলম মাসুদ এবং তার পরিবারের সবাই চট্টগ্রামের ধনিয়ালাপাড়াস্থ বায়তুশ শরফ দরবারের পীর মাওলানা কুতুব উদ্দিনের ভক্ত ও অনুসারী। এস আলম পরিবারের সদস্যরা যে কোনো শুভ কাজে পীর মাওলানা কুতুব উদ্দিনের দোয়া নিতেন। তাদের পারিবারিক সব অনুষ্ঠানে তিনি উপস্থিত থাকতেন। বাগদানের অনুষ্ঠানেও যোগ দিয়েছিলেন বায়তুশ শরফের পীর মাওলানা শাহ কুতুব উদ্দিন। তিনি মোনাজাতের মাধ্যমে বর-কনের দাম্পত্য জীবনে শান্তি কামনা করেন। বর-কনে পীরের পা ছুঁয়ে সালাম করেন, দোয়া নেন।

ওই বাগদান অনুষ্ঠানে অংশ নেয়ার পর করোনায় আক্রান্ত হয়েছেন সাইফুল আলম মাসুদের মা ৮৫ বছর বয়সী চেমন আরা বেগম, এস আলম গ্রুপের পরিচালক রাশেদুল আলম, ভাইস চেয়ারম্যান আবদুস সামাদ লাবু, পরিচালক মো. শহীদুল আলম, পরিচালক ওসমান গণি ও ৩৬ বছর বয়সী এক নারীসহ মোট ৯ সদস্য। তাদের সঙ্গে অনুষ্ঠানে অংশ নেয়া বায়তুশ শরফের পীর মাওলানা শাহ কুতুব উদ্দিনও করোনায় আক্রান্ত হন।

এক বিবাহে তছনছ দরবার শরীফ

২০ মে রাজধানীর ধানমন্ডি আনোয়ার খান মডার্ন মেডিকেল কলেজ হাসপাতালে মাওলানা শাহ কুতুব উদ্দিনের মৃত্যু হয়। একদিন পর ২২ মে রাতে চট্টগ্রাম জেনারেল হাসপাতালে মারা যান এস আলমের বড় ভাই ও এনআরবি গ্লোবাল ব্যাংকের পরিচালক মোরশেদুল আলম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিবেদনে বলা হয়, চট্টগ্রামে চিকিৎসাধীন থাকা অবস্থায় মাওলানা কুতুব উদ্দিনের করোনাভাইরাস সংক্রমণ ধরা পড়েছিল। চট্টগ্রাম জেলা সিভিল সার্জন সেখ ফজলে রাব্বীকে বলেন, ‘চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে করা নমুনা পরীক্ষায় উনার করোনাভাইরাস পজিটিভ এসেছে বলে আমাদের জানানো হয়েছে।’ চট্টগ্রাম নগর পুলিশের বিশেষ শাখার উপ কমিশনার আবদুল ওয়ারিশ বলেন, ‘আমরা প্রতিবেদন পেয়েছি উনার কোভিড-১৯ পজিটিভ ছিল। তিনি যেখানে যেখানে গিয়েছিলেন, সেসব জায়গার খোঁজ নিচ্ছি আমরা।’

আল্লামা শাহ মোহাম্মদ কুতুব উদ্দিন ৯ মার্চ ১৯৩৯ সালে তিনি চট্টগ্রামের লোহাগাড়া উপজেলায় জন্মগ্রহণ করেন। তিনি ছিলেন চট্টগ্রামের ঐতিহ্যবাহী ধর্মীয় প্রতিষ্ঠান বায়তুশ শরফ দরবারের তৃতীয় পীর। পাশাপাশি তিনি ছিলেন নগরীর দেওয়ানহাট এলাকার বায়তুশ শরফ কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ। ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেড ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের শরিয়াহ সুপারভাইজারি কাউন্সিলের চেয়ারম্যান। চট্টগ্রামসহ সারাদেশে মাওলানা কুতুব উদ্দিনের অসংখ্য ভক্ত রয়েছে। ২০ মে, তিনি যেদিন ইন্তেকাল করেন, একই দিনে ইন্তেকাল করেন বাইতুশ শরফ দরবার মসজিদের খতিব মাওলানা নুরুল ইসলাম।

একটি বিয়ে তছনছ করে দিলো বাইতুশ শরফ দরবার। কেড়ে নিলো বড় বড় দুজন ব্যক্তিত্ব। শুধু দরবার নয়, এস আলম গ্রুপের এই বাগদান অনুষ্ঠান থেকেই পুরো এস আলম পরিবারে ছড়িয়েছে করোনা। সর্বশেষ গত ২৮ মে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন এই পরিবারের আরেক পুত্রবধূ ইশরাক আরা জাহান রাফিকা। তিনি করোনায় মৃত মোরশেদুল আলমের পুত্রবধূ।

সদ্যপ্রয়াত পীর মাওলানা শাহ মোহাম্মদ কুতুব উদ্দীনের পর বায়তুশ শরফ দরবারের নতুন পীর হিসেবে মনোনীত হয়েছেন মাওলানা আব্দুল হাই নদভী। দরবারের চতুর্থ পীর হিসেবে দায়িত্বপ্রাপ্ত হলেন তিনি। নগরীর দেওয়ানহাট ধনিয়ালাপাড়ায় কেন্দ্রীয় বায়তুশ শরফ মসজিদে ২৩ মে আসরের নামাজের পর তাকে পীর হিসেবে ঘোষণা দেয় বায়তুশ শরফ দরবারের অঙ্গসংগঠন মজলিশে ওলামা বাংলাদেশ।

The post এক বিবাহে তছনছ বাইতুশ শরফের দরবার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/36PTgge

Sunday, May 31, 2020

১২ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার ১৬-১৭ হাজার টাকায় বিক্রি!

ফাতেহ ডেস্ক

করোনায় খুচরা পযার্য়ে ব্যাপক চাহিদা বেড়েছে মেডিক্যাল অক্সিজেনের। ১২ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার বিক্রি হচ্ছে ১৬ থেকে ১৭ হাজার টাকায়।

শ্বাসতন্ত্রের রোগ কোভিড–১৯–এ আক্রান্ত ব্যক্তিদের অবস্থা জটিল হলে কৃত্রিমভাবে অক্সিজেন দিতে হয়। ফলে যারা বাড়িতে থেকে চিকিৎসা নিচ্ছেন তাদের অনেকেই ছুটছেন অক্সিজেনের দোকানে। অনেকেই আক্রান্ত হওয়ার ভয়ে সিলিন্ডার মজুদ করছেন বাড়িতে।

গত ২ মাসে মেডিক্যাল অক্সিজেনের দোকানগুলোতে বিক্রি বেড়েছে কয়েকশ’ গুণ। বিক্রেতারাও সুযোগ বুঝে দাম বাড়িয়ে দিয়েছেন। উৎপাদনকারীরা ও খুচরা ব্যবসায়ীরা বলছেন, পরিবহন খরচ বৃদ্ধি, সিলিন্ডার আমদানি করতে না পারা এবং কিছু অসাধু ব্যবসায়ীর কারসাজি সব মিলিয়েই দাম বেড়েছে অক্সিজেনের।

দুইমাস আগে ১.৩৬ ঘনমিটারের একটি অক্সিজেন সিলিন্ডার বিক্রি হতো ১২ হাজার টাকায়, এখন তা বিক্রি হচ্ছে ১৬ হাজার ৫০০ টাকায়। দেড় হাজার টাকার ফ্লোমিটার বিক্রি হচ্ছে সাড়ে তিন থেকে ৪ হাজার টাকায়।

বর্তমানে বাংলাদেশে যেসব প্রতিষ্ঠান মেডিক্যাল অক্সিজেন উৎপাদন করে তার একটি ইসলাম অক্সিজেন লিমিটেড। চাহিদার প্রায় ৩০ থেকে ৪০ শতাংশই উৎপাদন করে প্রতিষ্ঠানটি। প্রতিষ্ঠানটি বলছে, অক্সিজেন উৎপাদনে আগে যে খরচ হত এখনও তা একই রয়েছে।

প্রতি ঘনমিটার অক্সিজেন হাসপাতালে দেয়া হয় ৪৫ টাকা দামে। খুচরা ব্যবসায়ীদের কাছে তা বিক্রি করা হয় ৩৫ টাকায়। বড় সিলিন্ডারের জন্য পরিবহন খরচ ২০ টাকা আর ছোট সিলিন্ডারে ১৪ টাকা, সাথে ১৫ শতাংশ ভ্যাট। সবমিলিয়ে যে দাম আসে তারচেয়েও অনেক বেশি রাখা হচ্ছে খুচরা দোকানগুলোতে।

মেডিক্যাল অক্সিজেনের দাম বৃদ্ধিতে কিছু অসাধু ব্যবসায়ীদের হাত রয়েছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

-এ

The post ১২ হাজার টাকার অক্সিজেন সিলিন্ডার ১৬-১৭ হাজার টাকায় বিক্রি! appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Xmt1ed