Friday, October 28, 2022

২০২১ সালে আত্মহত্যা করেছে ৪৭৬৪৬ আমেরিকান

আন্তর্জাতিক ডেস্ক:

গত বছর যুক্তরাষ্ট্রে ৪৭৬৪৬ জন আত্মহত্যা করেছে। আগের বছরের চেয়ে তা ৪% বেশি অর্থাৎ ২০২০ সালে ৪৫৯৭৯ জন আত্মহত্যা করেছিল।

যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় রোগ-নিয়ন্ত্রণ ও প্রতিরোধ দফতরের ন্যাশনাল সেন্টার ফর হেলথ স্ট্যাটিসটিক্স সূত্রে আত্মহত্যার প্রাথমিক এসব তথ্য শুক্রবার জানা গেছে।

আত্মহত্যার এ সংখ্যা প্রতিলাখে ১৪ জন। দু’বছরের তুলনামূলক পর্যালোচনায় দেখা গেছে গত বছরের অক্টোবরে আগের বছরের অক্টোবরের চেয়ে ১১% বেশি আমেরিকান আত্মহত্যা করেছে। এ সংখ্যা ৪২১১। গত বছর আত্মহত্যাকারির মধ্যে পুরুষের হার ২২.৭% এবং মহিলার হার ছিল ৫.৬%। করোনায় লকডাউনে যাবার সময় থেকেই মানসিক অসুস্থতার হার যেমন বেড়েছে, আত্মহত্যার প্রবণতাও বেড়েছে যুক্তরাষ্ট্রে। ধনী-গরিব সকলের মধ্যেই মানসিক অস্থিরতা দেখা দিয়েছে ২০২০ সালে। এর সাথে যোগ হয়েছে সাম্প্রতিক অর্থনৈতিক অস্থিরতা। এমন পরিস্থিতি থেকে বিরাট জনগোষ্ঠিকে উদ্ধারকল্পে রাজনীতিকরা সরব হলেও কার্যকর কোন পদক্ষেপ নেয়া হয়নি। অধিকন্তু রাজনৈতিক ফায়দা হাসিলে পরস্পরকে দোষারোপ করেই সময় ক্ষেপণ করা হচ্ছে হলে বিবেকসম্পন্ন আমেরিকানরা মনে করছেন।

করোনার ভয়ংকর ছোবলে বিরাট জনগোষ্ঠি আর্থিক সংকটে হাবুডুবু খাচ্ছে। এসব পরিবারের তরুণ-তরুণীরা হতাশায় নিপতিত। মানসিক বিষন্নতায় আক্রান্ত। পারিবারিক চিকিৎসকরা এ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন নানাভাবে। কিন্তু ফেডারেল প্রশাসন কার্যকর কোন পদক্ষেপ গ্রহণে এখন পর্যন্ত আন্তরিকতা প্রদর্শন করেনি বলে অভিযোগ রয়েছে।

The post ২০২১ সালে আত্মহত্যা করেছে ৪৭৬৪৬ আমেরিকান appeared first on Fateh24.

from Fateh24 https://ift.tt/7mdx1g0

Monday, October 24, 2022

‘ইসলামবিদ্বেষ মোকাবেলায় একমত মুসলিম দেশগুলো’ : কী আছে ওআইসির ইস্তাম্বুল ঘোষণায়?

মুনশী নাঈম:

ইসলাম সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে এবং ইসলামফোবিয়া ও বিভ্রান্তিমূলক তথ্য প্রতিরোধ করতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশনের (ওআইসি) সম্মেলনে একটি ঘোষণাপত্র গৃহীত হয়েছে। শনিবার (২২ অক্টোবর) তুরস্কের ইস্তাম্বুলে অনুষ্ঠিত ওআইসিভুক্ত দেশগুলোর তথ্যমন্ত্রীদের ১২তম ইসলামী সম্মেলনে তা গৃহীত হয়। ইস্তাম্বুল ঘোষণাপত্রে ওআইসি সদস্যদেশ হিসেবে বাংলাদেশও সাইন করেছে।

সম্মেলনে জাতিসংঘের সাধারণ পরিষদে গৃহীত দুটি প্রস্তাবকে স্বাগত জানানো হয়। এক. ৭৬/২৫৪ নং প্রস্তাব। এটি গত ১৫ মার্চ ইসলামফোবিয়ার বিরুদ্ধে আন্তর্জাতিক দিবসে গৃহীত। দুই. ৭৬/২২৭ নং প্রস্তাব। এটি ২০২১ সলের ২৪ ডিসেম্বর গৃহীত ‘মানবাধিকার এবং মৌলিক স্বাধীনতার প্রচার এবং সুরক্ষার জন্য বিভ্রান্তির বিরুদ্ধে প্রতিরোধ’ শীর্ষক প্রস্তাব।

বিশ্নেষকরা বলছেন, এই সম্মেলনে মূলত ইসলামবিদ্বেষ মোকাবেলায় মুসলিম দেশগুলো একমত হয়েছে। সম্মেলনটির লক্ষ্যও ছিল, মিডিয়া ও যোগাযোগের ক্ষেত্রে ইসলামী দেশগুলোর সহযোগিতার বিকাশ এবং শক্তিশালী করা। এতে ৫৭টি দেশের মন্ত্রী এবং উচ্চপর্যায়ের প্রতিনিধিরা ইসলামিক বিশ্বের মিডিয়া, যোগাযোগ ও তথ্যের ক্ষেত্রে সহযোগিতা আরো গভীর করার বিষয়ে আলোচনা করেন।

কী আছে ওআইসির ইস্তাম্বুল ঘোষণায়?

ইসলামোফোবিয়া ছড়ানোর ক্ষেত্রে আন্তর্জাতিক মিডিয়া ও গ্লোবাল থিংক ট্যাংকের ব্যাপক ভূমিকা রয়েছে বলে মনে করেন তুরস্কের যোগাযোগ অধিদফতরের প্রেসিডেন্ট ফাহরেতিন আলতুন। তিনি সম্মেলনে দেয়া উদ্বোধনী ভাষণে বলেন, ভুল তথ্য বিশ্বজুড়ে ইসলামোফোবিয়ার বিস্তার ত্বরান্বিত করে। এই ইসলামোফোবিয়া বিশ্ব সম্প্রদায়কে বিভক্ত করে এবং বিশ্বের শান্তি ও স্থিতিশীলতাকে হুমকির মুখে ফেলে। তাই সমগ্র বিশ্বের উচিত ইসলামফোবিয়াকে একটি প্রকাশ্য ঘৃণামূলক অপরাধ, মানবতার বিরুদ্ধে অপরাধ হিসেবে দেখা এবং এই অপরাধের বিরুদ্ধে কার্যকরভাবে লড়াই করা। এই অপরাধের হুমকির বিরুদ্ধে লড়াই করা শুধু মুসলমানদের নয়, বরং আন্তর্জাতিক সম্প্রদায়েরও অন্যতম প্রধান কর্তব্য হওয়া উচিত বলে তিনি মন্তব্য করেন।

তাই এই ইস্তাম্বুল ঘোষণায় ভুল তথ্যরোধ এবং ইসলামফোবিয়া থামাতে মিডিয়ার সঠিক ব্যবহারের উপর জোর দেয়া হয়েছে। নিচে ঘোষণার গুরুত্বপূর্ণ ধারাগুলো তুলে ধরা হলো।

১. পোস্ট-ট্রুথ এরা বা সত্য-উত্তরকালের ডিজইনফরমেশন এবং এর সঙ্গে সম্পর্কিত চ্যালেঞ্জগুলির বিরুদ্ধে লড়াই করার জন্য ওআইসির সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে সহযোগিতার গুরুত্বের উপর জোর দেয়া। পাশাপাশি লড়াইয়ের স্বল্প, মধ্যম এবং দীর্ঘমেয়াদী কৌশল প্রণয়ণ করা।

উল্লেখ্য, পোস্ট-ট্রুথ এমন একটা পরিস্থিতি, যখন মানুষ সঠিক তথ্য ও প্রকৃত ঘটনার ওপর নয়, বরং তার বিশ্বাস ও আবেগের ওপর ভিত্তি করে কোনো বিষয়কে গ্রহণ বা বর্জন করে। এই পরিস্থিতিতে যেকোনো বিষয়ের বিশ্লেষণে মানুষের কাছে তাঁর আবেগ ও বিশ্বাসই প্রধান ভিত্তি হয়ে দাঁড়ায়।

২. স্বল্প সময়ে নির্দিষ্ট সমস্যা এবং সম্ভাব্য পরিস্থিতি বুঝতে হবে। মধ্যম সময়ে তথ্যের যথার্থতা যাচাইয়ে যোগাযোগ ও কৌশল বাড়াতে হবে। তারপর দীর্ঘমেয়াদী মিডিয়া কন্টেন্ট সরবরাহ করতে হবে।

৩. ইসলাম সম্পর্কে সঠিক তথ্য তুলে ধরতে এবং ইসলামফোবিয়া বিরুদ্ধে লড়াই করতে নতুন এবং আধুনিক টেকনোলজি ব্যবহার করতে হবে।

৪. মুসলিম দেশগুলোর মিডিয়ায় ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলি আগ্রাসনের বাস্তব চিত্র তুলে ধরতে হবে। পাশাপাশি ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েলি দখলদারিত্বের অবসান ঘটাতে ফিলিস্তিনি জনগণের বৈধ দাবির স্বপক্ষে প্রচারণা চালাতে হবে।

৫. শরণার্থী, আশ্রয়প্রার্থী ব্যক্তিদের, বিশেষ করে ওআইসি সদস্য দেশগুলোর শরণার্থীদের সমর্থন করার জন্য মিডিয়ায় আন্তর্জাতিক সংহতি এবং সহায়তার গুরুত্ব তুলে ধরতে হবে।

৬.ইসলামী সংস্কৃতি এবং বিশ্বের অন্যান্য সংস্কৃতির মধ্যে ডায়ালগ বাড়াতে হবে।

৭. অমুসলিম দেশগুলোতে যে ইসলামিক কালচার এবং ধর্মীয় ঐতিহ্য ধ্বংযজ্ঞের শিকার হচ্ছে, মিডিয়ায় তার বিরুদ্ধে বিশ্বব্যাপী সচেতনতা বাড়াতে হবে। বিশেষ করে সেইসব এলাকায়, যেখানে আদিবাসী মুসলিম সম্প্রদায় জাতিগত নির্মূলের শিকার হয়েছিল৷

৮. ওআইসি মিডিয়া ফোরাম (ওএমএফ)-এ সদস্য রাষ্ট্রগুলোর মিডিয়া প্রতিষ্ঠানকে যুক্ত করা।

সম্মেলনে বাংলাদেশ কী বলেছে?

সম্মেলনে যোগ দিয়েছিলেন বাংলাদেশের তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ। সম্মেলনে তিনি জঙ্গিবাদ দমন, বিভ্রান্তিকর তথ্যরোধ এবং ফিলিস্তিনের প্রতি সংহতি বিষয়ে কথা বলেন।

জঙ্গিবাদ দমনে তিনি বলেন, ইসলামের মূলমন্ত্র শান্তি। ধর্মের দোহাই দিয়ে সন্ত্রাসবাদ ইসলাম সমর্থন করে না। এ তথ্য বিশ্বজনের কাছে তুলে ধরতে অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন (ওআইসি) ও এর সদস্যদেশগুলো বহুমুখী পদক্ষেপ নিতে পারে। বাংলাদেশের স্থপতি বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশে শান্তিপূর্ণভাবে নিজ নিজ ধর্ম পালনের পরিবেশ বজায় আছে। ধর্মকে কেউ যেন জঙ্গিবাদের হাতিয়ার হিসেবে ব্যবহার করতে না পারে, সে বিষয়ে শূন্য সহিষ্ণুতার (জিরো টলারেন্স) নীতি নিয়েছে সরকার।

বিভ্রান্তিকর তথ্যরোধ সম্পর্কে তিনি বলেন, ‘ইসলাম ও মুসলিম উম্মাহ সম্পর্কে বৈশ্বিক গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে সঠিক প্রচার অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাংলাদেশ বিশ্বের সবচেয়ে ঘনবসতিপূর্ণ দেশ হওয়া সত্ত্বেও মানবতার খাতিরে ১১ লাখের বেশি মিয়ানমারের নাগরিক রোহিঙ্গাকে সাময়িক আশ্রয় দিয়েছে। করোনা মহামারি, ইউক্রেন–রাশিয়া যুদ্ধের কারণে বিশ্বব্যাপী মন্দার ভেতরেও রোহিঙ্গাদের মানবিক সহায়তা দিয়ে আসছে সরকার। এটি নিয়ে অনেক সময় বিভ্রান্তিকর তথ্য ছড়ানো হয়ে থাকে। কিন্তু আমি দ্ব্যর্থহীন ভাষায় বলতে চাই, রোহিঙ্গাদের পূর্ণ নাগরিক অধিকার নিয়ে তাদের নিজের দেশ মিয়ানমারে প্রত্যাবাসনই একমাত্র সমাধান। তা যত দ্রুত হয়, ততই সবার জন্য মঙ্গল।’

ফিলিস্তিন প্রসঙ্গে বাংলাদেশের সুস্পষ্ট অবস্থান ব্যক্ত করেন হাছান মাহমুদ। ফিলিস্তিনিদের প্রতি পূর্ণ সমর্থন ব্যক্ত করে তিনি বলেন, বাংলাদেশ মনে করে, স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র গঠনই এ বিষয়ে একমাত্র সমাধান। ওআইসিভুক্ত দেশগুলোর উদ্দেশে মন্ত্রী বলেন, ‘আশা করি কোনো দেশের জাতীয় কোনো ইস্যু স্বাধীন ফিলিস্তিনের প্রতি সমর্থন থেকে আমাদের বিচ্যুত করতে পারবে না।’

The post ‘ইসলামবিদ্বেষ মোকাবেলায় একমত মুসলিম দেশগুলো’ : কী আছে ওআইসির ইস্তাম্বুল ঘোষণায়? appeared first on Fateh24.

from Fateh24 https://ift.tt/nk2XZWg

Saturday, October 22, 2022

দেশে বাড়ছে দুর্ভিক্ষের ভয় : আলেমরা যা বলছেন

রাকিবুল হাসান নাঈম:

আগামী ২০২৩ সাল বিশ্ববাসীর জন্য সংকটের বছর হবে বলে আশঙ্কা করা হচ্ছে। আবহাওয়া পরিবর্তন, ইউক্রেন-রাশিয়া যুদ্ধসহ বৈশ্বিক নানা কারণে আগামী বছরটি মন্দার হবে বলে আভাস দিয়েছে বিশ্বব্যাংক। ইতোমধ্যে সেই মন্দা নিয়ে আলোচনা শুরু হয়েছে বাংলাদেশেও। প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রায় প্রতিদিনই কোনো না কোনো অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে উদ্বেগের সঙ্গেই এ রকম কথা বলছেন। তিনি সম্প্রতি যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র ভ্রমণ করে এসেছেন। ভ্রমণের সময় বিশ্বের বহু নেতা ও রাষ্ট্রপ্রধানের সঙ্গে কথা বলেছেন। তাঁরাই নাকি তাঁকে আসছে ২০২৩ সালে মন্দা ও দুর্ভিক্ষের আভাস দিয়েছেন। একই সঙ্গে তিনি বিশ্বব্যাংক, আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ), এডিবি, আঙ্কটাডসহ বিশ্বখ্যাত গবেষণাপ্রতিষ্ঠান ও দাতাসংস্থাগুলোর পূর্বাভাস তুলে ধরেও খাদ্যসংকট ও দুর্ভিক্ষের শঙ্কার কথা বলছেন।

তার বক্তব্য কতটা উদ্বেগের? আসলেই কি দুর্ভিক্ষ আসছে? দেশের আলেম সমাজ কী ভাবছেন?

‘প্রধানমন্ত্রীর বক্তব্য হালকাভাবে নেয়া যাবে না’

প্রধানমন্ত্রীর বক্তব্য হালকাভাবে নেয়া যাবে না বলে মনে করেন আলেম লেখক ও গবেষক ড. আ ফ ম খালিদ হুসাইন। তিনি ফাতেহকে বলেন, একজন প্রধানমন্ত্রী যখন দুর্ভিক্ষের আগাম বার্তা শোনান, তার বার্তাকে হালকাভাবে নেয়া যাবে না। তিনি সবদিক বিবেচনা করেই কথা বলেন। তিনি বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট, রাশিয়া-ইউক্রেন যুদ্ধ, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, খাদ্যপণ্যের ঘাটতি, জিনিসপত্রের দাম বৃদ্ধি, অস্বাভাবিকভাবে ডলারের দর বাড়ার ফলে দেশে যে টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে, এটা নিয়মিত পর্যবেক্ষণ করছেন; এরই পরিপ্রেক্ষিতে বাংলাদেশে এর প্রভাব কেমন হতে পারে, তারও একটা হোমওয়ার্ক করেছেন। তারই আলোকে তিনি বারবার মানুষকে সতর্ক করছেন এবং সময় থাকতে নিজ নিজ অবস্থান থেকে পদক্ষেপ নেওয়ার জন্য তাগাদা দিচ্ছেন। আমি মনে করি, এটা খুবই ইতিবাচক যে প্রধানমন্ত্রী এটা নিয়ে আগেভাগেই ভেবেছেন।’

বাংলাদেশের সামনে সংকটগুলো তুলে ধরে এই আলেম গবেষক বলেন, আমাদের রিজার্ভ আশঙ্কাজনকভাবে কমছে। ডলার আয়ের সবচেয়ে বড় খাত রপ্তানি ও প্রবাসী আয়। গত মাসে দুটোই কমেছে। আমরা রফতানি কম করি, আমদানি বেশি করি। আমাদের অনেক মেগা প্রজেক্ট রয়েছে। যেগুলোর ঋণ পরিশোধ করা শুরু হবে ২০২৩ সালে। ফলে সবদিকে দিয়েই বাংলাদেশে একটা সংকটের মুখে আছে। এই সংকট কাটানোর জন্য পরিকল্পনামাফিক কাজ করতে হবে।

সংকট কাটানোর জন্য কী করা যেতে পারে জানতে চাইলে তিনি বলেন, খাদ্য মজুত করতে হবে। উৎপাদশীলতা বাড়াতে হবে। কোনো পতিত জমি অনাবাদ রাখা যাবে না। কৃষির জন্য সার দরকার। বাংলাদেশের ৮৬ ভাগ পটাশিয়াম সার রাশিয়া থেকে আসে। অন্যান্য সারও আসে বিভিন্ন দেশ থেকে। এখন থেকেই আমাাদেরকে সার এনে মজুত করতে হবে। শুধু মজুত না, সার তৈরী করতে হবে। চাল, তেল , গমসহ আরও বিভিন্ন নিত্যপ্রয়োজনীয় খাবারপণ্য উৎপাদন বাড়াতে হবে। সরকারকে পারিকল্পনামাফিক এসব করতে হবে।

তিনি বলেন, পরিকল্পনামাফিক কাজ করলে আসন্ন দুর্ভিক্ষে আমরা সহনীয় দিন যাপন করতে পারবো।

সিপিডির গবেষণা

বৈশ্বিক মন্দা এবং সুপরিকল্পনার অভাবে সত্যিই বাংলাদেশ দুর্ভিক্ষের কবলে পড়তে যাচ্ছে বলে এক গবেষণায় জানিয়েছে অর্থনীতির থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত বেসরকারি গবেষণা সংস্থা সেন্টার ফর পলিসি ডায়ালগ (সিপিডি)। গবেষণায় বলা হয়েছে, বর্তমানে ৭টি সঙ্কটের মুখে বাংলাদেশ। সেগুলো হলো—ডলার সঙ্কট, জ্বালানি সঙ্কট, মূল্যস্ফীতি সঙ্কট, খাদ্য সঙ্কট, ইউক্রেন-রাশিয়া যুদ্ধ সঙ্কট, করোনা এবং জলবায়ু পরিবর্তনজনিত সঙ্কট।

গবেষণায় বলা হয়েছে, সামগ্রিকভাবে এ ৭টি সঙ্কট বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীলতা ও অগ্রগতির পথে কঠিন চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আগামী ছয় মাস-এক বছরের মধ্যে তা কেটে যাবে, এমনটি মনে করার শক্ত কোনো যুক্তি খুঁজে পাওয়া যাচ্ছে না। তবে স্বল্পকালীন পদক্ষেপ হিসেবে সঙ্কট উত্তরণের একমাত্র পথ হলো জাতীয়ভাবে ব্যয় সাশ্রয়ী পদক্ষেপের সঙ্গে থাকা এবং ব্যয়ের খাতে শুধু উৎপাদনশীল খাতেই বিনিয়োগ করে যাওয়া যাতে তার রিটার্ন আসে।

দুর্ভিক্ষ এড়াতে সিপিডির বলছে, এখনই খাদ্য মজুদ গড়ে তুলতে হবে। বাংলাদেশসহ পৃথিবীর ৪৫টি দেশ খাদ্য সঙ্কটের আশঙ্কায়। অথচ বাংলাদেশে খাদ্যনিরাপত্তা গড়ে তোলা হয়নি। মানুষ খাবার কমিয়ে দিলেও কমপক্ষে ২৯টি খাদ্যসামগ্রী আমদানিতে বর্তমানে উচ্চ কর ও শুল্ক আদায় হচ্ছে। খাদ্যপণ্যের মূল্যস্ফীতির চাপ সামলাতে অত্যাবশ্যকীয় পণ্যের ওপর আমদানি শুল্কের হার কমানো ও বেসরকারি খাতে মূল্যস্ফীতি বিবেচনায় বেতন বাড়াতে হবে। সার্বিকভাবে এ বহুমুখী সঙ্কট উত্তরণের উত্তম সমাধান হলো অতি দ্রুত কৃষি, শিল্প, বাণিজ্য, অর্থ মন্ত্রণালয়, প্রধানমন্ত্রীর কার্যালয়, বাংলাদেশ ব্যাংক, এনবিআর, বিডাসহ বেসরকারি খাত সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের প্রতিনিধিদের নিয়ে জাতীয়ভাবে বহুমুখী সমন্বিত নীতিমালা প্রণয়ন করা। যাতে বাস্তবায়ন পর্যায়ে কোনো একটি উদ্যোগে আরেকটি সংস্থা, বিভাগ বা মন্ত্রণালয় বাধা হয়ে না দাঁড়ায়।

উল্লেখ্য, বিশ্বব্যাংক সম্প্রতি ‘বিশ্বে কি মন্দা আসন্ন’ শীর্ষক একটি গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছে। ওই প্রতিবেদনে বলা হয়েছে, বিশ্ব অর্থনীতির তিন মূল চালিকাশক্তি যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপের অর্থনীতি দ্রুত গতি হারাচ্ছে। ফলে আগামী বছরে সামান্য আঘাতেও মন্দা পরিস্থিতি তৈরি হতে পারে। সেই প্রতিবেদনের পরই মূলত মন্দার বিষয়টি আলোচনায় আসে। ৪ অক্টোবর দুর্গোৎসব উপলক্ষে এক মতবিনিময় সভায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রথম মন্দার বিষয়টি জোরালোভাবে আলোচনা করেন। এরপর ৬ অক্টোবর বিকেলে গণভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি নিয়ে বিস্তারিত বলেন সরকারপ্রধান। তিনি বলেন, ‘বিশ্বব্যাপী একটা আশঙ্কা, ২০২৩ সাল একটা মহাসংকটের বছর হবে। সেজন্য আগে থেকেই আমাদের প্রস্তুতি নেওয়া দরকার। খাদ্য নিরাপত্তার বিষয়টা বেশি বিবেচনা করা দরকার। যার যার জায়গা আছে, চাষ শুরু করে দেন। ডিজিটাল বাংলাদেশ গড়ার জন্য যেটুকু বিদ্যুৎ দরকার সেটুকু দিতে পারব। জনগণের কষ্ট যেন না হয়, সে দিকে বিশেষ দৃষ্টি দিচ্ছি।’

The post দেশে বাড়ছে দুর্ভিক্ষের ভয় : আলেমরা যা বলছেন appeared first on Fateh24.

from Fateh24 https://ift.tt/0mMSPXU

Monday, October 17, 2022

কমছে স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা : হোমনায় চাপ বাড়ছে মাদরাসাগুলোর ওপর

মুনশী নাঈম:

কুমিল্লা জেলার হোমনা থানার প্রাইমারি স্কুলগুলোতে ছাত্র-ছাত্রীর সংখ্যা কমছে। পক্ষান্তরে ছাত্র-ছাত্রীর সংখ্যা বাড়ছে মাদরাসায়। এতে যেমন চাপে আছেন স্কুল-কর্তৃপক্ষ, তেমনি চাপে আছেন মাদরাসা কর্তৃপক্ষও। প্রাইমারি কর্মকর্তা এবং স্থানীয় জনপ্রতিনিধিরা স্কুলে ছাত্রদের সংখ্যা কমে যাওয়ার পেছনে মাদরাসাকে দোষারোপ করে রীতিমতো কাঠগড়ায় তুলছেন। নিজেদের ব্যর্থতা ঢাকতে তারা খড়গহস্ত হবার কোশেশ করছেন মাদরাসা কর্তৃপক্ষের উপর। সংশ্লিষ্টরা বলছেন, স্কুল কর্তৃপক্ষের অবহেলায় ছাত্ররা মাদরাসামুখী হচ্ছে। বিশেষ করে করোনার পর মাদরসামুখী ছাত্রদের সংখ্যা বাড়ছে।

মাদরাসার উপর চাপ বাড়ছে

প্রাইমারি শিক্ষকদের সঙ্গে কথা বলে জানা গেছে, স্কুল থেকে যেসব ছাত্র ঝরে পড়ছে, তারা অধিকাংশই মাদরাসায় ভর্তি হচ্ছে। ফলে মাদরাসাকেই প্রভাবক মনে করছে প্রাইমারি কর্মকর্তারা। প্রাইমারিতে ছাত্র বাড়ানোর একটাই পন্থা—মাদরাসামুখী ছাত্রদের স্রোত আটকে দেয়া।

হোমনা থানার একটি মহিলা মাদরাসার নাম প্রকাশে অনিচ্ছুক এক শিক্ষক বলেন, হোমনা থানার মাদরাসার মুহতামিমদের ডেকেছিলেন প্রাইমারি কর্মকর্তারা। তারা বলেছেন, যেন স্কুলফেরত ছাত্রদেরকে স্কুলে ফেরত দেয়া হয়। এছাড়াও আরও বিভিন্ন কটুকথা বলা হয়।

তবে যেহেতু এ বিষয়ে সরকারি লিখিত কোনো নির্দেশনা নেই তাই লিখিত কোনো নির্দেশনা দেয়া হয় না। কর্মকর্তারা যা বলেন, বলেন মৌখিক। ওই শিক্ষক ফাতেহকে বলেন, যেহেতু লিখিত কেনো নির্দেশনা নেই, তাই বিষয়টিকে উলামায়ে কেরামও তেমন গুরুত্ব দেননি।

স্কুলে কেন ছাত্র কমছে?

স্কুলে ছাত্র কমার পেছনে করোনায় স্কুল বন্ধ এবং ক্লাস ঠিকমতো না হওয়াকে দায়ি করেছেন শিক্ষকরা।

এ প্রসঙ্গে কথা হয় হোমনা থানার নিলুখি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মাইনুদ্দিনের সঙ্গে। ফাতেহকে তিনি জানান, করোনার আগে তার স্কুলে ছাত্র ছিল ২১১ জন। এখন তার স্কুলে ছাত্র আছে ১৪০ জন। সরকারি নিয়ম হলো, প্রতিটি স্কুলে ৪০:১ অনুপাতে ছাত্র-শিক্ষক থাকবে। তার স্কুলে ৫ জন শিক্ষক। এ হিসেবে কমপক্ষে ২০০ জন ছাত্র থাকার কথা। ৪০:১ অনুপাতে ছাত্র না থাকলে স্কুলের শিক্ষকদের উপর চাপ আসে। কেন ছাত্র কম, জবাবদিহি করতে হয়।

কেন ছাত্রসংখ্যা কমছে জানতে চাইলে তিনি বলেন, প্রথমত, করোনায় অনকদিন স্কুল বন্ধ ছিল। দ্বিতীয়ত, ছাত্র-ছাত্রীরা পড়ালেখা থেকে দীর্ঘসময় দূরে থাকার কারণে পড়াশোনা থেকে মন উঠে গেছে এবং বিভিন্ন ডিভাইসে মজে গেছে। পক্ষান্তরে মাদরাসা এর বিপরীত। করোনার একদম পিক টাইমে শুধু মাদরাসা বন্ধ ছিল। তাছাড়া বাকি সময় খোলা ছিল। তাদের পড়াশোনায় ঘাটতি হয়নি। ফলে অভিভাবকরা সন্তানদেরকে মাদরাসায় দিয়ে দিয়েছে। দেখা গেছে, যারা মাদরাসায় গিয়েছে,পড়াশোনায় কেবল তারাই আছে। যারা স্কুলে ছিল, তার পড়াশোনা ছেড়ে দিয়েছে।’

এ প্রসঙ্গে কথা হয় হোমনা থানার গোয়ারিভাঙা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক আবু তাহেরের সঙ্গে। তিনি ফাতেহকে জানান, তার স্কুলে করোনার আগে ছাত্র ছিল ৪০০। এখন ছাত্র আছে ২৫০। তার মতে, স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কমছে ব্যাপকহারে। চারদিকে পুরুষ এবং মহিলা মাদরাসার সংখ্যাও বাড়ছে। ছাত্রছাত্রীরা সেদিকে চলে যাচ্ছে।’

কী বলছে শিক্ষাবোর্ড

দেশের কওমি মাদরাসাগুলো এখন সরকার স্বীকৃত। কওমি শিক্ষার সর্বোচ্চ স্তর তাকমিলকে সরকার মাস্টার্সের সমমান দিয়েছে। এই হিসেবে প্রাইমারির ছাত্র কমে গেলে মাদরাসাকে চাপ দেয়াটা অযৌক্তিক বলে মনে করছেন বিজ্ঞজনরা। তারা বলছেন, স্কুল যেমন সরকার স্বীকৃত, তেমনি মাদরাসাও। মাদরাসর উপর চাপ এলে মাদরাসা বিভাগকে সেটা তদারকি করতে হবে।

এ প্রসঙ্গে কথা বলতে ফোন করা হয় মাদরাসা বিভাগের সিনিয়র সহকারী সচিব এ.কে.এম লুৎফর রহমানের সঙ্গে। বিষয়টি তাকে জানালে তিনি এ ব্যাপারে কথা বলতে অপারগত জানান। পাশাপাশি একই বিভাগের সিনিয়র সহকারী সচিব সৈয়দ আসগর আলীর সঙ্গে কথা বলার পরামর্শ দেন। সৈয়দ আসগর আলীকে ফোন করা হলে তিনি ফাতেহকে বলেন, ‘বিষয়টি খুবই জটিল।’ কোথাও এ বিষয়ে মাদরাসার উপর চাপ এলে মাদরাসা বিভাগ সেটার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নিবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ‘প্রশ্নটি নতুন। এ বিষয়ে আমি কিছু বলতে পারব না। এমনিতে তো মাদরাসার উপর চাপ আসার কোনো কারণ নেই। ছাত্রদের অধিকার আছে, তারা স্কুলে পড়বে নাকি মাদরাসায়, তা নিজেরাই নির্ধারণ করতে পারবে। এ ব্যাপারে কেউ তাকে জোর করতে পারবে না।’

The post কমছে স্কুলগামী শিক্ষার্থীর সংখ্যা : হোমনায় চাপ বাড়ছে মাদরাসাগুলোর ওপর appeared first on Fateh24.

from Fateh24 https://ift.tt/AEDqPB6

Sunday, October 16, 2022

দেশে বাড়ছে ইসলামি সংগীতের জনপ্রিয়তা

রাকিবুল হাসান নাঈম:

বাংলাদেশে প্রতিনিয়ত ইসলামি সংগীতের জনপ্রিয়তা বেড়েই চলছে। সংগীতের গুণগত মান নিয়ে প্রশ্ন থাকলেও জনপরিসরে ইসলামি ভাবধারার সংগীত সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তির কল্যাণে ব্যাপক সমাদৃতি পাচ্ছে। ফলে ইসলামি অঙ্গনে গড়ে উঠেছে বেশকিছু সংগীত-দল। সংগীত-দলের বাইরে থেকে ব্যক্তি পর্যায়েও গানের চর্চা করছেন অনেকে। সবার সুর ও মেধায় ভর করেই বিস্তৃত হচ্ছে ইসলামি সংগীতের জগত। সংশ্লিষ্টগণ বলছেন, কথা, সুর ও বুননে ইসলামি সংগীতে এখন একটা পরিবর্তন দেখা যাচ্ছে। আগে কেবল হামদ ও নাত গাইলেও এখন শিল্পীরা জীবনমুখী সংগীতও করছেন। ফলে সংগীতগুলো আগের তুলনায় বেশি মানুষের হৃদয় স্পর্শ করতে পারছে।

ফেসবুক ইউটিউবে বাড়ছে শ্রোতা

ইসলামি সংগীতের বিস্তৃতির ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখছে ফেসবুক ইউটিউব। করোনার আগে ব্যাপকভাবে কনসার্ট হলেও করোনার পর তা কমে গেছে। ফলে ফেসবুক ইউটিউবই সংগীত ছড়িয়ে দেয়ার একমাত্র মাধ্যম হয়ে উঠেছে। শ্রোতাগণও নিচ্ছেন বেশ ভালো করেই। নিত্য নতুন তৈরী হচ্ছে নতুন মাইলফলক।

এ প্রসঙ্গে কথা হয় সংগীতশিল্পী আবু উবায়দার সঙ্গে। তিনি একইসঙ্গে গীতিকার, সুরকার ও কম্পোজার। ইউটিউবে তার সাবসক্রাইবার ৩ লাখ ২৫ হাজার। ফাতেহকে তিনি জানান, ‘ইসলামী সংগীতের প্রচারে অবশ্যই ফেসবুক ইউটিউবের বিরাট ভূমিকা রয়েছে। নয়ত এত মানুষের কাছে সংগীত পৌঁছত কিভাবে।’ আবু উবায়দা জানান, ১৩ আগস্ট তার চ্যানেলে ‘আস সুবহু বাদা’ শিরোনামে একটি সংগীত প্রকাশ করেন। প্রকাশের দুই মাস না পেরুতেই গানটি উঠে এসেছে তার সবচে বেশিবার শোনা গানের তালিকার প্রথমে। ফেসবুক-ইউটিউব মিলিয়ে এ গানটির ভিউ ১০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

গত দু’ এক বছরে অনেকগুলো গান ইউটিউবে কয়েক মিলিয়ন ভিউ পার করেছে। এরমধ্যে কলরবের সংগীতশিল্পী আহমদ আব্দুল্লাহর গান ‘ইশকে নবী জিন্দাবাদ’ কেবল ইউটিউবে ভিউ হয়েছে ১৪ মিলিয়ন। গানটি প্রকাশ পেয়েছে হলি টিউনে। আহমদ আব্দুল্লাহর নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। তাতে ১ লাখ ৪০ হাজার সাবসক্রাইবার রয়েছে। সেই চ্যানেলের কোনো কোনো গানের ভিউ মিলিয়ন স্পর্শ করার পথে।

বর্তমান ইসলামি সংগীতের জগতে চেনামুখ শেখ এনাম। তার সবচে বেশি আলোচিত সংগীতের নাম ‘ইশক কি রং মে’। গানটি প্রকাশ করেছে সিরাত মিডিয়া”। ভিউ পেয়েছে ৪.৬ মিলিয়ন। শেখ এনাম জানান, ফেসবুকের ভিউ ধরলে কত হবে, সেটা বলা যাচ্ছে না।

কেন জনপ্রিয়তা বাড়ছে ইসলামি সংগীতের?

ইসলামি সংগীতের জনপ্রিয়তা বাড়ার পেছনে বিভিন্নজন বিভিন্ন কারণ দেখিয়েছেন। প্রত্যেকেই তুলে ধরেছেন তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি। তবে সবাই একটা কথা স্বীকার করেছেন, এর পেছনে সবচে বড় কারণ সবার সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা।

আবু উবায়দা ফাতেহকে বলেন, কারও একক প্রচেষ্টায় ইসলামি সংগীতের এ জনপ্রিয়তা তৈরী হয়নি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা হয়েছে। ২০০১ সাল পর্যন্ত আমরা ভালো ভালো গান পেয়েছি। এরপর দীর্ঘ সময় আমরা কালজয়ী গান পাইনি। ২০১৫ সালের পর ইসলামি সংগীতের জগতে নতুন একটা জোয়ার শুরু হয়। বছর খানেক আগে হলি টিউনের অফিসে আমরা সংগীতশিল্পীরা একত্রে বসেছিলাম। পরামর্শ করেছিলাম, কিভাবে ইসলামি গানের জগতকে বিস্তৃত করা যায়। সবাই পরামর্শ দিয়েছিল, কন্টেন্ট ভালো করতে হবে। তারপর সবাই ভালো করার চেষ্টা করেছে, তার একটা ফলও দেখতে পাচ্ছি।’

আবু উবায়দা আরও জানান, ‘ইসলামি সংগীতের জগতে এখন বিরহ, বেদনা, অনুভব, রোমান্টিকতাও আসছে। ফলে মানুষ ভাবছে, মিউজিক দিয়ে না শুনে বরং মিউজিক ছাড়া এ গানগুলো শুনলে ভালো। তাই তারা এগুলো বেশি শুনছে, ভাবছে। মানুষের অনুভব চাঙ্গা করে, মানুষকে ভাবতে বাধ্য করে, এমন সংগীত আমাদেরকে আরও বেশি গাইতে হবে।’

ইসলামি সংগীতের জগতে জনপ্রিয় একটি নাম হলি টিউন। ইসলামি সংগীত প্রকাশকারী এই ইউটিউব চ্যানেলের সাবসক্রাইবার ৬.২৯ মিলিয়ন। চ্যানেলটিতে বিশেষভাবে কাজ করছেন দেশের জনপ্রিয় ইসলামী সংগীতের শিল্পীগোষ্ঠী কলরবের শিল্পীরা। এর সিইও হিসেবে রয়েছেন কলরবের সিনিয়র শিল্পী ও নির্বাহী পরিচালক মুহাম্মাদ বদরুজ্জামান। এই চ্যানেলের বেশ কয়েকটি গান ৫০ মিলিয়ন ভিউ পার করেছে। এত জনপ্রিয়তার পেছনে বাণিজ্যিক ব্যবহারকেই কারণ হিসেবে দেখছেন তিনি। ফাতেহকে তিনি বলেন, ইসলামী সংগীতের বাণিজ্যিক কার্যক্রমের ক্ষেত্রে ‘হলিটিউন’ ব্যাপক ভূমিকা রেখেছে। ইসলামী সংগীতের বাণিজ্যিক ব্যবহার না হলে এ ইন্ডাস্ট্রি টিকবে না। সংগীত দিয়েই সংগীতের খরচ উঠানোসহ এর সঙ্গে সংশ্লিষ্টদের জীবন-জীবিকা পরিচালিত হলেই তবে এই ইন্ডাস্ট্রি সামনে এগোবে। শ্রোতাদের মতামত বিবেচনা করলে বুঝা যায়- হলিটিউনের ব্যবস্থাপনায় ইসলামী সংগীতের বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সবচেয়ে বড় উপকার হলো ব্যাপকভাবে মানুষের কাছে ইসলামী সংগীত পৌঁছেছে। ইতোমধ্যে ইসলামী সংগীতের একটি বড় বাজার তৈরি হয়েছে। ‘শ্রোতাদের কাছে পৌঁছাতে হবে’ এ প্রতিযোগিতা অব্যাহত থাকায় এটি সম্ভব হয়েছে।

মানুষের হামদ ও নাতপ্রীতি ইসলামি সংগীতের জনপ্রিয়তায় বেশ ভূমিকা রেখেছে বলে মনে করেন শেখ এনাম। তিনি ফাতেহকে বলেন, ‘ইসলামী সংগীতের পরিসর বৃদ্ধি হচ্ছে। যেমন আগে কেবল হামদ ও নাত হতো। এখন এ দুটোর মাঝামাঝি জীবনমুখী সংগীতও হয়, যেগুলো মানুষকে খুব স্পর্শ করে। ফলে মানুষ শোনেও বেশি।’

লিরিক ও সুরের অভাব

ইসলামি সংগীতের জনপ্রিয়তা বাড়লেও লিরিক ও সুরের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন সবাই। সংশ্লিষ্টরা বলছেন, কখনও ভালো লিরিকের অভাবে ভালো গান হয় না। কখনও লিরিক ভালো হয়, কিন্তু ভালো সুরের অভাবে ভালো গান হয় না, হৃদয় স্পর্শ করে না।

এ প্রসঙ্গে আবু উবায়দা ফাতেহকে বলেন, ‘ইসলামি গানের জগতে এখন ভালো লিরিকের খুব অভাব। যারা আসলেই লিখতে পারেন, তারা অনেকেই লিখেন না। কারণ, এখানে গীতিকারের কদর করা হয় না। সুরকারও টাকা পায়, কিন্তু গীতিকার টাকা পায় না। তাহলে মেধাবী লেখকরা এখানে মেধা খাটাবে কেন?’ এ সঙ্কট কাটাতে চেষ্টা করছেন বলেও জানান তিনি।

এ সঙ্কটের কথা স্বীকার করেছেন আহমদ আব্দুল্লাহ। তিনি ফাতেহকে বলেন, ‘গীতিকাররা এখানে অবহেলিত। আমি নিজেই তো লিরিক বিক্রি শুরু করেছি অনেক পরে। আমি যত গান লিখেছি, তার অর্ধেক গান লিখে আমি কোনো টাকা পাইনি। কিন্তু তবুও লিখে গেছি।’ এখন সবচে দামে ইন্ড্রাস্ট্রিতে তার লিরিক বিক্রি হয় বলেও দাবি করেন তিনি।

তবে লিরিকের অভাবের চেয়ে সুরের অভাবকে বেশি প্রকট করে দেখছেন বিশিষ্ট গীতিকার তানভির এনায়েত। তিনি ফাতেহকে বলেন, ‘একটা লিরিক সাধারণ হলেও সুরকারের সুর বসানোর কারণে সেটা আসাধারণ হয়ে যায়। শুধু সুরের পারফেক্ট ব্যবহারের কারণে গানটা হয়ে উঠে মধুর, বোধগম্য। কিন্তু আমাদের ইসলামি গানের জগতে দক্ষ সুরকারের অভাব। একটু অন্যরকম লিরিক হলেই তারা সুর বসাতে পারেন না।’ এর উদাহরণ দিয়ে তানভির এনায়েত বলেন, ‘অনেক ইসলামি গানের শিল্পী বিগ বাজেট পেলে তার গানের সুর করে দেয়ার জন্য শফিক তুহিন ও বাপ্পা মজুমদারের দারস্থ হন।’

The post দেশে বাড়ছে ইসলামি সংগীতের জনপ্রিয়তা appeared first on Fateh24.

from Fateh24 https://ift.tt/h08dQNK

Thursday, October 13, 2022

আগামী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা

ফাতেহ ডেস্ক:

মুসলিম বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জমায়েত বিশ্ব ইজতেমা। করোনার কারণে বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। আগামী জানুয়ারীর ৬, ৭ ও ৮ এবং ৪ দিন পর ১৩, ১৪ ও ১৫ জানুয়ারী দুপর্বে অনুষ্ঠানের প্রস্তাব রাখা হয়েছে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বৃহস্পতিবার (১৩ অক্টোবর) আন্তঃমন্ত্রণালয় সভা আহবান করা হয়েছে।

গতকাল মঙ্গলবার তাবলিগ জামাতের মুরুব্বি, গাজীপুর মহানগর পুলিশ ও গাজীপুরের জেলা প্রশাসক এ তথ্য নিশ্চিত করেছেন।

সংশ্লিষ্টরা বলেন, গাজীপুরের টঙ্গী তুরাগ নদীর তীরে সাধারণত ডিসেম্বর কিংবা জানুয়ারি মাসে শীতের সময়ে অনুষ্ঠিত হয়ে আসছিল বিশ্ব ইজতেমা। কিন্তু করোনার কারণে গত দুই বছর বিশ্ব ইজতেমা অনুষ্ঠিত হয়নি। বিশ্বের ৫০ থেকে ৬০টি দেশের দ্বীনদার মুসলমানদের সমাবেশ ঘটে এই ইজতেমায়। সর্বশেষ ২০১৯ সালের ৫৫তম বিশ্ব ইজতেমা দুই পর্বে অনুষ্ঠিত হয়েছিল ২০২০ সালে। দুই বছর বিরতির পর ফের বিশ্ব ইজতেমা আয়োজনের প্রস্তুতি শুরু হয়েছে।

মাওলানা মেজবাহ উদ্দিন বলেন, কাকরাইলে ইজতেমা আয়োজন নিয়ে নিজেদের মধ্যে মাসোহারা হচ্ছে। প্রতি বছর আমাদের জোর হয়। অনেক আগেই ইজতেমার জন্য জানুয়ারির ৬, ৭, ৮ জানুয়ারি প্রথম পর্ব এবং ১৩, ১৪, ১৫ জানুয়ারি দ্বিতীয় পর্ব অনুষ্ঠানের তারিখ নির্ধারণ করা হয়েছিল। আশা করছি সকলের সহযোগিতায় ও মহান আল্লাহর ইচ্ছায় আবারো বিশ্ব ইজতেমা আয়োজন সম্পন্ন করা যাবে।

The post আগামী জানুয়ারিতে বিশ্ব ইজতেমা appeared first on Fateh24.

from Fateh24 https://ift.tt/RdpJ0yw

Saturday, October 8, 2022

দেশে বাড়ছে ইসলামি সংগীতের জনপ্রিয়তা

রাকিবুল হাসান নাঈম:

বাংলাদেশে প্রতিনিয়ত ইসলামি সংগীতের জনপ্রিয়তা বেড়েই চলছে। সংগীতের গুণগত মান নিয়ে প্রশ্ন থাকলেও জনপরিসরে ইসলামি ভাবধারার সংগীত সোশ্যাল মিডিয়া ও প্রযুক্তির কল্যাণে ব্যাপক সমাদৃতি পাচ্ছে। ফলে ইসলামি অঙ্গনে গড়ে উঠেছে বেশকিছু সংগীত-দল। সংগীত-দলের বাইরে থেকে ব্যক্তি পর্যায়েও গানের চর্চা করছেন অনেকে। সবার সুর ও মেধায় ভর করেই বিস্তৃত হচ্ছে ইসলামি সংগীতের জগত। সংশ্লিষ্টগণ বলছেন, কথা, সুর ও বুননে ইসলামি সংগীতে এখন একটা পরিবর্তন দেখা যাচ্ছে। আগে কেবল হামদ ও নাত গাইলেও এখন শিল্পীরা জীবনমুখী সংগীতও করছেন। ফলে সংগীতগুলো আগের তুলনায় বেশি মানুষের হৃদয় স্পর্শ করতে পারছে।

ফেসবুক ইউটিউবে বাড়ছে শ্রোতা

ইসলামি সংগীতের বিস্তৃতির ক্ষেত্রে বিরাট ভূমিকা রাখছে ফেসবুক ইউটিউব। করোনার আগে ব্যাপকভাবে কনসার্ট হলেও করোনার পর তা কমে গেছে। ফলে ফেসবুক ইউটিউবই সংগীত ছড়িয়ে দেয়ার একমাত্র মাধ্যম হয়ে উঠেছে। শ্রোতাগণও নিচ্ছেন বেশ ভালো করেই। নিত্য নতুন তৈরী হচ্ছে নতুন মাইলফলক।

এ প্রসঙ্গে কথা হয় সংগীতশিল্পী আবু উবায়দার সঙ্গে। তিনি একইসঙ্গে গীতিকার, সুরকার ও কম্পোজার। ইউটিউবে তার সাবসক্রাইবার ৩ লাখ ২৫ হাজার। ফাতেহকে তিনি জানান, ‘ইসলামী সংগীতের প্রচারে অবশ্যই ফেসবুক ইউটিউবের বিরাট ভূমিকা রয়েছে। নয়ত এত মানুষের কাছে সংগীত পৌঁছত কিভাবে।’ আবু উবায়দা জানান, ১৩ আগস্ট তার চ্যানেলে ‘আস সুবহু বাদা’ শিরোনামে একটি সংগীত প্রকাশ করেন। প্রকাশের দুই মাস না পেরুতেই গানটি উঠে এসেছে তার সবচে বেশিবার শোনা গানের তালিকার প্রথমে। ফেসবুক-ইউটিউব মিলিয়ে এ গানটির ভিউ ১০০ মিলিয়ন ছাড়িয়ে গেছে।

গত দু’ এক বছরে অনেকগুলো গান ইউটিউবে কয়েক মিলিয়ন ভিউ পার করেছে। এরমধ্যে কলরবের সংগীতশিল্পী আহমদ আব্দুল্লাহর গান ‘ইশকে নবী জিন্দাবাদ’ কেবল ইউটিউবে ভিউ হয়েছে ১৪ মিলিয়ন। গানটি প্রকাশ পেয়েছে হলি টিউনে। আহমদ আব্দুল্লাহর নিজস্ব ইউটিউব চ্যানেলও রয়েছে। তাতে ১ লাখ ৪০ হাজার সাবসক্রাইবার রয়েছে। সেই চ্যানেলের কোনো কোনো গানের ভিউ মিলিয়ন স্পর্শ করার পথে।

বর্তমান ইসলামি সংগীতের জগতে চেনামুখ শেখ এনাম। তার সবচে বেশি আলোচিত সংগীতের নাম ‘ইশক কি রং মে’। গানটি প্রকাশ করেছে সিরাত মিডিয়া”। ভিউ পেয়েছে ৪.৬ মিলিয়ন। শেখ এনাম জানান, ফেসবুকের ভিউ ধরলে কত হবে, সেটা বলা যাচ্ছে না।

কেন জনপ্রিয়তা বাড়ছে ইসলামি সংগীতের?

ইসলামি সংগীতের জনপ্রিয়তা বাড়ার পেছনে বিভিন্নজন বিভিন্ন কারণ দেখিয়েছেন। প্রত্যেকেই তুলে ধরেছেন তাদের নিজস্ব দৃষ্টিভঙ্গি। তবে সবাই একটা কথা স্বীকার করেছেন, এর পেছনে সবচে বড় কারণ সবার সম্মিলিত আন্তরিক প্রচেষ্টা।

আবু উবায়দা ফাতেহকে বলেন, কারও একক প্রচেষ্টায় ইসলামি সংগীতের এ জনপ্রিয়তা তৈরী হয়নি। সবার সম্মিলিত প্রচেষ্টায় এটা হয়েছে। ২০০১ সাল পর্যন্ত আমরা ভালো ভালো গান পেয়েছি। এরপর দীর্ঘ সময় আমরা কালজয়ী গান পাইনি। ২০১৫ সালের পর ইসলামি সংগীতের জগতে নতুন একটা জোয়ার শুরু হয়। বছর খানেক আগে হলি টিউনের অফিসে আমরা সংগীতশিল্পীরা একত্রে বসেছিলাম। পরামর্শ করেছিলাম, কিভাবে ইসলামি গানের জগতকে বিস্তৃত করা যায়। সবাই পরামর্শ দিয়েছিল, কন্টেন্ট ভালো করতে হবে। তারপর সবাই ভালো করার চেষ্টা করেছে, তার একটা ফলও দেখতে পাচ্ছি।’

আবু উবায়দা আরও জানান, ‘ইসলামি সংগীতের জগতে এখন বিরহ, বেদনা, অনুভব, রোমান্টিকতাও আসছে। ফলে মানুষ ভাবছে, মিউজিক দিয়ে না শুনে বরং মিউজিক ছাড়া এ গানগুলো শুনলে ভালো। তাই তারা এগুলো বেশি শুনছে, ভাবছে। মানুষের অনুভব চাঙ্গা করে, মানুষকে ভাবতে বাধ্য করে, এমন সংগীত আমাদেরকে আরও বেশি গাইতে হবে।’

ইসলামি সংগীতের জগতে জনপ্রিয় একটি নাম হলি টিউন। ইসলামি সংগীত প্রকাশকারী এই ইউটিউব চ্যানেলের সাবসক্রাইবার ৬.২৯ মিলিয়ন। চ্যানেলটিতে বিশেষভাবে কাজ করছেন দেশের জনপ্রিয় ইসলামী সংগীতের শিল্পীগোষ্ঠী কলরবের শিল্পীরা। এর সিইও হিসেবে রয়েছেন কলরবের সিনিয়র শিল্পী ও নির্বাহী পরিচালক মুহাম্মাদ বদরুজ্জামান। এই চ্যানেলের বেশ কয়েকটি গান ৫০ মিলিয়ন ভিউ পার করেছে। এত জনপ্রিয়তার পেছনে বাণিজ্যিক ব্যবহারকেই কারণ হিসেবে দেখছেন তিনি। ফাতেহকে তিনি বলেন, ইসলামী সংগীতের বাণিজ্যিক কার্যক্রমের ক্ষেত্রে ‘হলিটিউন’ ব্যাপক ভূমিকা রেখেছে। ইসলামী সংগীতের বাণিজ্যিক ব্যবহার না হলে এ ইন্ডাস্ট্রি টিকবে না। সংগীত দিয়েই সংগীতের খরচ উঠানোসহ এর সঙ্গে সংশ্লিষ্টদের জীবন-জীবিকা পরিচালিত হলেই তবে এই ইন্ডাস্ট্রি সামনে এগোবে। শ্রোতাদের মতামত বিবেচনা করলে বুঝা যায়- হলিটিউনের ব্যবস্থাপনায় ইসলামী সংগীতের বাণিজ্যিক কার্যক্রমের মাধ্যমে সবচেয়ে বড় উপকার হলো ব্যাপকভাবে মানুষের কাছে ইসলামী সংগীত পৌঁছেছে। ইতোমধ্যে ইসলামী সংগীতের একটি বড় বাজার তৈরি হয়েছে। ‘শ্রোতাদের কাছে পৌঁছাতে হবে’ এ প্রতিযোগিতা অব্যাহত থাকায় এটি সম্ভব হয়েছে।

মানুষের হামদ ও নাতপ্রীতি ইসলামি সংগীতের জনপ্রিয়তায় বেশ ভূমিকা রেখেছে বলে মনে করেন শেখ এনাম। তিনি ফাতেহকে বলেন, ‘ইসলামী সংগীতের পরিসর বৃদ্ধি হচ্ছে। যেমন আগে কেবল হামদ ও নাত হতো। এখন এ দুটোর মাঝামাঝি জীবনমুখী সংগীতও হয়, যেগুলো মানুষকে খুব স্পর্শ করে। ফলে মানুষ শোনেও বেশি।’

লিরিক ও সুরের অভাব

ইসলামি সংগীতের জনপ্রিয়তা বাড়লেও লিরিক ও সুরের গুণগত মান নিয়ে প্রশ্ন তুলছেন সবাই। সংশ্লিষ্টরা বলছেন, কখনও ভালো লিরিকের অভাবে ভালো গান হয় না। কখনও লিরিক ভালো হয়, কিন্তু ভালো সুরের অভাবে ভালো গান হয় না, হৃদয় স্পর্শ করে না।

এ প্রসঙ্গে আবু উবায়দা ফাতেহকে বলেন, ‘ইসলামি গানের জগতে এখন ভালো লিরিকের খুব অভাব। যারা আসলেই লিখতে পারেন, তারা অনেকেই লিখেন না। কারণ, এখানে গীতিকারের কদর করা হয় না। সুরকারও টাকা পায়, কিন্তু গীতিকার টাকা পায় না। তাহলে মেধাবী লেখকরা এখানে মেধা খাটাবে কেন?’ এ সঙ্কট কাটাতে চেষ্টা করছেন বলেও জানান তিনি।

এ সঙ্কটের কথা স্বীকার করেছেন আহমদ আব্দুল্লাহ। তিনি ফাতেহকে বলেন, ‘গীতিকাররা এখানে অবহেলিত। আমি নিজেই তো লিরিক বিক্রি শুরু করেছি অনেক পরে। আমি যত গান লিখেছি, তার অর্ধেক গান লিখে আমি কোনো টাকা পাইনি। কিন্তু তবুও লিখে গেছি।’ এখন সবচে দামে ইন্ড্রাস্ট্রিতে তার লিরিক বিক্রি হয় বলেও দাবি করেন তিনি।

তবে লিরিকের অভাবের চেয়ে সুরের অভাবকে বেশি প্রকট করে দেখছেন বিশিষ্ট গীতিকার তানভির এনায়েত। তিনি ফাতেহকে বলেন, ‘একটা লিরিক সাধারণ হলেও সুরকারের সুর বসানোর কারণে সেটা আসাধারণ হয়ে যায়। শুধু সুরের পারফেক্ট ব্যবহারের কারণে গানটা হয়ে উঠে মধুর, বোধগম্য। কিন্তু আমাদের ইসলামি গানের জগতে দক্ষ সুরকারের অভাব। একটু অন্যরকম লিরিক হলেই তারা সুর বসাতে পারেন না।’ এর উদাহরণ দিয়ে তানভির এনায়েত বলেন, ‘অনেক ইসলামি গানের শিল্পী বিগ বাজেট পেলে তার গানের সুর করে দেয়ার জন্য শফিক তুহিন ও বাপ্পা মজুমদারের দারস্থ হন।’

The post দেশে বাড়ছে ইসলামি সংগীতের জনপ্রিয়তা appeared first on Fateh24.

from Fateh24 https://ift.tt/eKGlP2M