Tuesday, May 31, 2022

বুস্টার ডোজ সপ্তাহ ৪-১০ জুন

ফাতেহ ডেস্ক:

করোনার সংক্রমণ ঠেকাতে আগামী ৪ থেকে ১০ জুন থেকে দেশব্যাপী টিকার বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। এই সময়ে ১৮ বছর ও তদূর্ধ্ব সবাই বুস্টার ডোজ নিতে পারবেন।

মঙ্গলবার (৩১ মে) স্বাস্থ্য অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম (এমআইএস) শাখার এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আগামী ৪ থেকে ১০ জুন দেশব্যাপী করোনা টিকার বুস্টার ডোজ সপ্তাহ পালন করা হবে। এই সাতদিনের যেকোনো দিন নিকটবর্তী টিকাকেন্দ্রে গিয়ে তৃতীয় বা বুস্টার ডোজ নেওয়া যাবে। তবে, টিকাকেন্দ্রে আসার সময় সবাইকে অবশ্যই মাস্ক পরে আসতে হবে।

এতে আরও বলা হয়েছে, ক্যাম্পেইনের আওতায় ১৮ বছর ও তদূর্ধ্ব সব নাগরিক তৃতীয় বা বুস্টার ডোজ করোনা টিকা নিতে পারবেন। দ্বিতীয় ডোজের চার মাস পর বুস্টার ডোজ নেওয়া যাবে।

অধিদপ্তর জানায়, দেশের সব টিকাকেন্দ্রে সকাল ৯টা থেকে টিকাদান শুরু হবে। এক্ষেত্রে সঙ্গে টিকা কার্ড বাধ্যতামূলক। এছাড়াও বুস্টার ডোজের পাশাপাশি, করোনা টিকার স্বাভাবিক কার্যক্রমও চলমান থাকবে।

করোনা প্রতিরোধে টিকা একটি কার্যকর সমাধান উল্লেখ করে অধিদপ্তর জানায়, টিকার সম্পূর্ণ সুফল পেতে অবশ্যই তৃতীয় বা বুস্টার ডোজ নিতে হবে।

 

The post বুস্টার ডোজ সপ্তাহ ৪-১০ জুন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/o9rRlwt

Monday, May 23, 2022

২০৫০ সালে কেমন হতে পারে আপনার খাবারের মেন্যু

ফাতেহ ডেস্ক:

ভবিষ্যতে বিশ্ব তীব্র খাদ্যসংকটের মুখোমুখি হতে পারে বলে অনেক আগে থেকেই সতর্ক করে আসছেন বিশেষজ্ঞরা। করোনা মহামারির মধ্যে চলমান ইউক্রেন যুদ্ধ বৈশ্বিক খাদ্যনিরাপত্তাকে আরও ঝুঁকির মধ্যে ফেলে দিয়েছে। এমনকি বিশ্ব দীর্ঘমেয়াদি দুর্ভিক্ষের মুখেও পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছে জাতিসংঘ।

বিশ্বজুড়ে খাদ্যসংকটের এমন প্রেক্ষাপটে আজ রোববার বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে বলা হয়, ২০৫০ সাল নাগাদ আমাদের মেন্যুতে থাকতে পারে—এমন স্বল্প পরিচিত উদ্ভিদের তালিকা তৈরি করছেন লন্ডনের রয়্যাল বোটানিক গার্ডেনসের বিজ্ঞানীরা। গোটা বিশ্বে ভোজ্য উদ্ভিদ রয়েছে সাত হাজারেরও বেশি। এর মধ্যে খাদ্য হিসেবে গ্রহণের জন্য চাষ হয় মাত্র ৪১৭টি উদ্ভিদ। স্যাম পিরিনন বলেন, ‘আমরা জানি, বিশ্বজুড়ে হাজারো ভোজ্য উদ্ভিদ প্রজাতি রয়েছে। বিভিন্ন জনগোষ্ঠী এগুলো খায়। এখানেই আমরা ভবিষ্যতের এই বৈশ্বিক চ্যালেঞ্জের জন্য কোনো সমাধান খুঁজে পেতে পারি।’

চলুন জেনে নেওয়া যাক বিজ্ঞানীদের তৈরী করা উদ্ভিদের তালিকা।

পান্ডানাস

পান্ডানাস বা পান্ডানাস টেকটেরিয়াস একটি ছোট গাছ। এই গাছ প্রশান্ত মহাসাগরীয় দ্বীপপুঞ্জ থেকে ফিলিপাইন পর্যন্ত উপকূলীয় এলাকায় জন্মে। পান্ডানাস গাছের পাতা দক্ষিণ-পূর্ব এশিয়ার বিভিন্ন এলাকায় খাবারে ব্যবহৃত হয়। এই গাছের ফল দেখতে আনারসের মতো। এই ফল কাঁচা বা রান্না করে খাওয়া যায়।

লন্ডনের রয়্যাল বোটানিক গার্ডেনসের রিসার্চ ফেলো মেরিবেল সোটো গোমেজ বলেন, গাছটি খরা, প্রবল বাতাস ও লবণাক্ততার মতো চ্যালেঞ্জিং পরিস্থিতি সহ্য করতে পারে।পান্ডানাস সম্পর্কে মেরিবেল বলেন, এটি একটি জলবায়ু সহনীয় গাছ। এটি খাবার হিসেবে পুষ্টিকর ও সুস্বাদু। সবচেয়ে বড় কথা হলো, বিশ্বজুড়ে চ্যালেঞ্জিং পরিস্থিতিতে এই গাছ জন্মাতে পারে।

আমাদের খাদ্যতালিকায় এই গাছ দারুণ বৈচিত্র্য আনতে পারে বলে মনে করেন মেরিবেল। তাঁর মতে, যদি পান্ডানাসকে টেকসইভাবে ব্যবহার করা যায়, তাহলে আমাদের তা আরও ব্যাপকভাবে চাষ করা উচিত।

ভোজ্য বীজ

ভোজ্য বীজ আমাদের অন্যতম ভবিষ্যৎ খাদ্য। এগুলো যেমন সস্তা, তেমনি এতে উচ্চমাত্রায় প্রোটিন রয়েছে, আছে ভিটামিন বি। মটরশুঁটি, শিমসহ মটরজাতীয় উদ্ভিদ সমুদ্রের তীর থেকে শুরু করে পাহাড়ের ঢাল পর্যন্ত এলাকার বিস্তৃত পরিবেশের সঙ্গে খাপ খাওয়াতে সক্ষম। বিশ্বে ২০ হাজার প্রজাতির মটরজাতীয় উদ্ভিদ আছে। কিন্তু এগুলোর মাত্র কয়েকটি প্রজাতি আমরা খাদ্যে ব্যবহার করি। বনবাদাড়ে এখনো শত শত প্রজাতির মটরজাতীয় উদ্ভিদ রয়েছে বলে মনে করা হয়। আর এগুলো এখনো বিজ্ঞানীদের কাছে অজানা রয়ে গেছে।

মোরামা বিন (টাইলোসেমা এস্কুলেন্টাম) বতসোয়ানা, নামিবিয়া ও দক্ষিণ আফ্রিকার কিছু অংশে একটি প্রধান খাদ্য হিসেবে ব্যবহৃত হয়। এসব স্থানে এই বীজ সিদ্ধ করে খাওয়া হয় কিংবা তা পাউডারে পরিণত করা হয়। পরে তা দিয়ে জাউ জাতীয় খাবার বা কোকার মতো পানীয় তৈরি করা হয়।

সিরিয়াল

সিরিয়াল একধরনের শস্যদানা, যা ঘাস থেকে আসে। এই শস্যদানার ব্যাপক বৈচিত্র্য রয়েছে। বিশ্বে সিরিয়াল জাতীয় ১০ হাজারের বেশি প্রজাতি রয়েছে। নতুন খাদ্যের উৎস হিসেবে এই প্রজাতিগুলোর ব্যাপক সম্ভাবনা রয়েছে।

ফোনিও (ডিজিটারিয়া অ্যাক্সিলিস) হলো একটি পুষ্টিকর আফ্রিকান সিরিয়াল। এটি কুসকুস (কারি), পোরিজ (জাউ) ও পানীয় জাতীয় খাবার তৈরিতে ব্যবহৃত হয়। স্থানীয়ভাবে ফসল হিসেবে ফোনিও চাষ করা হয়। এই উদ্ভিদ শুষ্কাবস্থা সহ্য করতে সক্ষম।

মিছেকলা

মিছেকলা (এনসেট) সাধারণ কলার কাছাকাছি একটি প্রজাতি। এই কলা শুধু ইথিওপিয়ার একটি অংশে খাওয়া হয়। সাধারণ কলার মতো দেখতে এই ফল অভোজ্য। কিন্তু তার কাণ্ড ও শিকড় গাঁজন করা যায়। তা জাউ (পোরিজ) ও রুটি তৈরিতে ব্যবহার করা যেতে পারে। গবেষণায় দেখা গেছে, কলার মতো দেখতে এই ফসলের খাদ্য হিসেবে বিপুল সম্ভাবনা রয়েছে।

উপসংহার

দ্য ইকোনমিক জানিয়েছে, প্রধান প্রধান বিভিন্ন খাবারের উচ্চ মূল্যের কারণে পর্যাপ্ত খাবারের নিশ্চয়তা নেই এমন মানুষের সংখ্যা ইতিমধ্যে বিশ্বে ৪৪ কোটি থেকে বেড়ে ১৬০ কোটিতে দাঁড়িয়েছে। আরও প্রায় ২৫ কোটি মানুষ দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছেন। যদি যুদ্ধ চলতে থাকে এবং বিশ্ববাজারে রাশিয়া ও ইউক্রেনের সরবরাহ সীমিত হয়, তাহলে আরও কয়েক কোটি মানুষ দারিদ্র্যের কবলে পড়তে পারেন।

The post ২০৫০ সালে কেমন হতে পারে আপনার খাবারের মেন্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/yVPwLAo

Saturday, May 21, 2022

কোরবানির বাজারে এবার চড়া হতে পারে পশুর দাম

ফাতেহ ডেস্ক:

আসছে কুরবানী। দুই-তিন সপ্তাহ পর থেকেই জমে উঠবে রাজধানীসহ দেশের বিভিন্ন পশুরহাট। প্রাণিসম্পদ অধিদপ্তর বলছে, দেশে এবারও পশুর সংকট নেই, আমদানির প্রয়োজন হবে না। তবে অধিদপ্তরের মতো খামারি-ব্যাপারীরাও বলছেন, পশুর দাম এবার কিছুটা চড়া থাকবে।

তারা বলছেন, ছয় মাস আগে গো-খাদ্যের যে দাম ছিল, তা এখন বেড়ে দ্বিগুণ হয়েছে। গত সাড়ে পাঁচ মাসে গো-খাদ্যের দাম ধীরে ধীরে বাড়লেও সবশেষ ১৫ দিনে লাফিয়ে লাফিয়ে বাড়ছে দাম। বিশেষ করে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে অস্বাভাবিক হারে বেড়েছে অধিকাংশ গো-খাদ্যের দাম। ঈদের আগে এই একমাসের মধ্যে গো-খাদ্যের দাম আরও বাড়তে পারে। ফলে এবার চড়া হতে পারে কোরবানির পশুর বাজার।

গণমাধ্যমের বরাতে জানা গেছে, সবশেষ ১৫ দিনে গো-খাদ্যের দাম মণপ্রতি ২শ টাকা পর্যন্ত বেড়েছে। গরুর অন্যতম খাবার গমের ভুসি। গত তিনদিনের ব্যবধানে এ ভুসির ৩৭ কেজির বস্তার দাম বেড়েছে ৪শ টাকা। আগে এক বস্তা ভুসির দাম ছিল ১৮শ টাকা। দাম বেড়েছে ধানের কুড়া ও গমের ছালেরও। বস্তাপ্রতি এ দুই ধরনের গো-খাদ্যের দাম বেড়েছে ৫০ টাকা। সরিষার খৈল, ছোলার ভুসি, খেসারি, মাষকালাইয়ের ভুসিরও দাম বেড়েছে। শনিবার (২১ মে) বাজারে সরিষার খৈল বিক্রি হচ্ছে কেজিপ্রতি ৫৫ টাকা, ছোলার ভুসি ৫৫, খেসারি ৫৬-৫৭ টাকা দরে।

ছয় মাসের ব্যবধানে মাষকলাইয়ের ভুসির দাম বেড়েছে বস্তাপ্রতি ২০০-২৫০ টাকা। আগে এক বস্তা মাষকলাইয়ের ভুসির দাম ছিল ১১শ টাকা থেকে ১২শ টাকা। এখন তা বেড়ে হয়েছে ১৪শ থেকে ১৪শ ৫০ টাকা। ছয় মাস আগে সরিষার এক বস্তা খৈল বিক্রি হতো দুই হাজার ৫শ টাকা থেকে দুই হাজার ৬শ টাকা। বর্তমানে তা বেড়ে হয়েছে তিন হাজার ৩শ টাকা থেকে তিন হাজার ৪শ টাকা। একই সময়ে অ্যাংকর ডালের ভুসির ৩৫ কেজির বস্তার দাম ছিল ৮শ টাকা, যা এখন বেড়ে হাজার টাকা ছাড়িয়েছে।

সার্বিক তথ্যের ভিত্তি অধিদপ্তরের কর্মকর্তাদের দাবি, দেশে প্রস্তুত হওয়া পশু দিয়ে এবারও কোরবানির চাহিদা মেটানো সম্ভব। অধিদপ্তরের তথ্যানুযায়ী, গত কোরবানির ঈদে সারাদেশে পশুর সংখ্যা ছিল এক কোটি ১৯ লাখ ১৬ হাজার। যার মধ্যে গরু-মহিষ ছিল ৪৫ লাখ ৪৭ হাজার, ছাগল-ভেড়া ছিল ৭৩ লাখ ৬৫ হাজার ও অন্যান্য পশু ছিল চার হাজার ৭৬৫টি। ওই বছর করোনার প্রকোপ থাকায় কোরবানির পশু বিক্রি কিছুটা কম ছিল।

তবে এবার করোনা পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হয়ে আসায় গত কোরবানির ঈদের তুলনায় পশুর চাহিদা ১০ শতাংশ বাড়তে পারে। মাঠপর্যায় থেকে এ বিষয়ে বিস্তারিত তথ্য পেতে জেলা ও উপজেলা পর্যায়ে চিঠি পাঠিয়েছে প্রাণিসম্পদ অধিদপ্তর। গত ১০ মে এ চিঠি দেওয়া হয়। চিঠির উত্তর এলে কোরবানির পশুর সংখ্যা ও চাহিদা সম্পর্কে স্পষ্ট ধারণা মিলবে।

 

The post কোরবানির বাজারে এবার চড়া হতে পারে পশুর দাম appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/CJubR3L

Tuesday, May 17, 2022

অপোর শীর্ষ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নারীকর্মীকে যৌন হয়রানির অভিযোগ

ফাতেহ ডেস্ক:

কর্মক্ষেত্রে হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগ উঠেছে অপো বাংলাদেশের শীর্ষ পর্যায়ের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে। অভিযোগটি তুলেছেন তাদেরই সাবেক এক নারী সহকর্মী।

অভিযোগকারী নারী অপো বাংলাদেশের একটি বিভাগের ম্যানেজার ছিলেন। তিনি গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় আইনি নোটিশ পাঠানোর পর মামলার প্রক্রিয়ায় যাব ভেবেছিলাম। কিন্তু নতুন চাকরি হওয়ায় সময় হয়ে ওঠেনি। আইনজীবী আমাকে মামলা ও সংবাদ সম্মেলন করতে বলেছিলেন। তবে তারা (অপো) আমাকে টাকা-পয়সা দিয়ে দেবে মর্মে এসব না করতে অনুরোধ করে। কিন্তু ঘটনার পর প্রায় এক বছর পেরিয়ে গেলেও তারা আমার টাকাও দেয়নি, ডেস্কের জিনিসপত্রও দেয়নি।

ভুক্তভোগী নারী বলেন, অপো একটা করাপ্টেড কোম্পানি। তারা ভ্যাট দেয় না, ট্যাক্স দেয় না, হুন্ডি করে টাকা দেশের বাইরে পাচার করে। কোটি কোটি টাকা তারা অথরাইজেশন ছাড়া ক্যাশ রাখে। সব জায়গায় ক্যাশ পেমেন্ট করে। এগুলো করতে চাইতাম না দেখেই আমাকে তাদের ভালো লাগেনি।

ভুক্তভোগী নারী আরও বলেন, আমি মামলা করিনি, কারণ আমার ডিপার্টমেন্টের অনেকেই চাকরি ছেড়ে দিয়েছিল। এইচআর-এর কর্মী চাকরি ছেড়েছে। তার সঙ্গেও বেশ খারাপ আচরণ করা হয়েছে। আমার অভিযোগের তালিকায় সবার প্রথমে যে আছে, তাকে তড়িঘড়ি করে প্রতিষ্ঠান থেকে চীনে পাঠিয়ে দেওয়া হয়। বাকিদের মধ্যে একজন চাকরি ছেড়ে দিয়েছে। আর তিনজন এখনো সেখানে কর্মরত আছে। তখন করোনা মহামারি ছিল। আমিও করোনা আক্রান্ত হয়েছি। এসব কারণে দেরি হয়েছে।

প্রসঙ্গত, কর্মক্ষেত্রে হয়রানি ও যৌন নির্যাতনের অভিযোগ তুলে ২০২১ সালের জুন মাসে অপো বাংলাদেশের পাঁচ কর্মকর্তাকে আইনি নোটিশ দিয়েছেন তাদেরই এক সহকর্মী। সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার হাফিজুর রহমান খান অভিযোগকারীর পক্ষে ওই নোটিশ পাঠান। ওই নোটিশের অনুলিপি শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব বরাবরেও দেওয়া হয়। নোটিশে তাকে কর্মক্ষেত্রে হয়রানি ও যৌন নির্যাতনের করার কারণে উল্লেখিত কর্মকর্তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা চাওয়া হয়। সেখানে তিনি অপোর কাছে ১০ লাখ ২৫ হাজার টাকা পাওনার বিষয়েও ছাড়পত্র চান। নোটিশ পাওয়ার তিন দিনের মধ্যে ব্যবস্থা চান। এছাড়া নোটিশে তিনি বলেন, তার চরিত্র হননের চেষ্টায় অপপ্রচার বা গুজব চালানো হচ্ছে।

 

The post অপোর শীর্ষ পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে নারীকর্মীকে যৌন হয়রানির অভিযোগ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/Dcpy4VP

Saturday, May 14, 2022

বিশ্বে করোনায় প্রাণহানির সংখ্যা ৬২ লাখ ৮৭ হাজার ছাড়াল

আন্তর্জাতিক ডেস্ক:

বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্তের সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃতের সংখ্যাও। এখন পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্তের সংখ্যা ৫২ কোটি ৮ লাখ ছাড়িয়েছে।

আন্তর্জাতিক পরিসংখ্যানভিত্তিক ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটারের তথ্য অনুযায়ী, রবিবার সকাল ৭টা পর্যন্ত সারা বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ৫২ কোটি ৮ লাখ ১৭ হাজার ২৩৯ জন।

একই সময়ে করোনায় মারা গেছেন ৬২ লাখ ৮৭ হাজার ৫৭৩ জন। আর সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৪৭ কোটি ৫২ লাখ ৫১ হাজার ৫২৪ জন।

ওয়ার্ল্ডোমিটারের ওয়েবসাইটে বলা হয়েছে, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৮ কোটি ৪২ লাখ ৬ হাজার ১০৬ জন। আর মৃত্যু হয়েছে ১০ লাখ ২৬ হাজার ৬১৬ জন।

The post বিশ্বে করোনায় প্রাণহানির সংখ্যা ৬২ লাখ ৮৭ হাজার ছাড়াল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/wlQJxMX

Thursday, May 12, 2022

২০২৩ সালে সব বিষয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা

ফাতেহ ডেস্ক:

দেশে করোনা পরিস্থিতির উন্নতি হওয়ায় ২০২৩ সালে স্বাভাবিক সময়ের মতো সব বিষয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা করেছে সরকার। বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি বৃহস্পতিবার এক আদেশে এ তথ্য জানিয়েছে।

ওই আদেশে বলা হয়েছে, ২০২৩ সালের এই দুই পাবলিক পরীক্ষা ২০২২ সালের পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি অনুযায়ী সব বিষয়ে অনুষ্ঠিত হবে। এসএসসিতে আইসিটি পরীক্ষার পূর্ণ নম্বর থাকবে ৫০।অন্যান্য প্রতিটি বিষয়ে ৩ ঘণ্টা সময়ে ১০০ নম্বরের পরীক্ষা হবে।

এইচএসসি পর্যায়ে প্রতিটি বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা ৩ ঘণ্টায় অনুষ্ঠিত হবে বলে ওই আদেশে উল্লেখ করা হয়েছে।

করোনার কারণে চলতি বছরের এসএসসি পরীক্ষা চার মাস পিছিয়ে ১৯ জুন এবং এইচএসসি পরীক্ষা ২২ অগাস্ট থেকে শুরুর কথা রয়েছে। এ বছর এসএসসিতে ধর্ম ও নৈতিক শিক্ষা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, বাংলাদেশ ও বিশ্বপরিচয় এবং বিজ্ঞানের পরীক্ষা নেওয়া হবে না। এ বিষয়গুলোর নম্বর সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে মূল্যায়ন করা হবে। এইচএসসিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি পরীক্ষা না নিয়ে তা সাবজেক্ট ম্যাপিংয়ের মাধ্যমে নম্বর দেওয়া হবে। এসএসসি ও এইচএসসিতে এবার ২ ঘণ্টায় পরীক্ষা অনুষ্ঠিত হবে। বাংলা দ্বিতীয় পত্র, ইংরেজি প্রথম পত্র ও দ্বিতীয় পত্র- এই বিষয়গুলোতে ৫০ নম্বরের পরীক্ষা হবে। অন্য বিষয়গুলোর মধ্যে যেসব বিষয়ে ব্যবহারিক আছে, সেগুলোতে ৪৫ নম্বরের (রচনামূলক ৩০ ও নৈর্ব্যক্তিক ১৫ নম্বর) এবং ব্যবহারিক না থাকলে ৫৫ নম্বরের (রচনামূলক ৪০ ও নৈর্ব্যক্তিক ১৫) পরীক্ষা দিতে হবে শিক্ষার্থীদের।

 

The post ২০২৩ সালে সব বিষয়ে এসএসসি ও এইচএসসি পরীক্ষা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/HeZN6ca

Wednesday, May 11, 2022

৬৫ বছরের বেশি বয়সীরা এবছর হজ্ব করতে পারবে না

আন্তর্জাতিক ডেস্ক:

৬৫ বছরের বেশি বয়সীরা এবছর হজ্ব করতে পারবেন না বলে জানিয়েছে সৌদি হজ্ব ও ওমরাহ মন্ত্রণালয়।

সৌদি হজ ও ওমরাহ মন্ত্রণালয় এ বছর হাজ্বীদের বয়সসীমা ঘোষণা করেছে। সৌদি কর্মকর্তারা বলেছেন, ৬৫ বছরের বেশি বয়সীরা হজ্ব করতে পারবেন না।

একই সাথে হজ্বযাত্রীদের করোনার টিকা সম্পূর্ণ করতে হবে বলেও জানায় সৌদি হজ্ব মন্ত্রণালয়।

এ বছর সারা বিশ্ব থেকে ১০ লাখ হজ্বযাত্রীর পবিত্র হজ্ব পালন করবে।

সূত্র : এআরওয়াই নিউজ

The post ৬৫ বছরের বেশি বয়সীরা এবছর হজ্ব করতে পারবে না appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/J5Svunc