Monday, January 31, 2022

চট্টগ্রাম কারাগারেই চলছে কোরআন, গীতা ও ত্রিপিটক শিক্ষা

ফাতেহ ডেস্ক:

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বিভিন্ন অপরাধে বন্দিদের মধ্যে অপরাধ প্রবণতা হ্রাস করতে ধর্মীয় অনুশাসন মেনে চলতে উৎসাহ দিচ্ছে কারা কতৃপক্ষ। ধর্মীয় অনুশাসন মেনে চলার পাশাপাশি ধর্মী গ্রন্থ শিখার ব্যবস্থা গ্রহণ করেছে। এরই মধ্যে কারগারে বসেই কোরআর, গীতা এবং ত্রিপিটক শিক্ষা গ্রহণ করেছেন দেড় শতাধিক বন্দি। কারা কৃতপক্ষের দাবি- ধর্মী অনুশাসন মেনে চলার কারণে অপরাধ থেকে দূরে সরে আসবে ভয়ঙ্কর অপরাধীরা।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শফিকুল ইসলাম বলেন, ‘চট্টগ্রাম কারাগারে ইসলাম, হিন্দু এবং বৌদ্ধ ধর্মের অনুসারীদের জন্য ধর্মীগ্রন্থ শিক্ষার ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। শুরুতে অল্প সংখ্যক বন্দি ধর্মী শিক্ষা গ্রহণ করলেও দিন দিন এ সংখ্যা বাড়ছে। ধর্মী শিক্ষা গ্রহণের পাশাপাশি বর্তমানে দৈনিক ৩০ থেকে ৪০ শতাংশ বন্দি নামাজ এবং পূজা ও প্রার্থনা করছেন।’

জানা যায়, চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে পুরুষ ও নারী বন্দি রয়েছেন ৭ হাজার ৪০০ জন। তাদের মধ্যে নারী বন্দির সংখ্যা প্রায় চারশ জন। এসব বন্দিদের সিংহভাগই মাদক মামলার আসামি। করোনা প্রাদুর্ভাবের প্রথম ঢেউ শুরু হলে বন্দিদের একটি অংশ ধর্মীয় অনুশাসনের দিকে ঝুঁকে পড়েন। এটাকে কাজে লাগিয়ে কারা কতৃপক্ষ ধর্মীয় গ্রন্থ শিক্ষা গ্রহণ করতে উৎসাহ দেয়া শুরু করে। বন্দিদের ধর্মীয় গ্রন্থ পড়ানোর পর দায়িত্ব দেয়া হয় কারাবন্দি আলেম, পুরোহিত এবং ভান্তেদের। এরই মধ্যে কারাগারে বসেই ধর্মীয় গ্রন্থ কোরআন পড়া শিখেছেন ১৩০ জন। কোরআন ছাড়াও বর্তমানে গীতা পড়া শিখেছে ৩০ জন এবং ত্রিপিটক পড়া শিখেছে ২৩ জন। ধর্মীয় গ্রন্থ শিক্ষা ছাড়াও দৈনিক ধর্মীয় অনুশাসন পালন করছেন বন্দিদের ৩০ থেকে ৪০ শতাংশ।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে গত ২০ জানুয়ারি জামিনে মুক্ত হন এমরান হোসেন। তিনি বলেন, ‘এখন কারাগারের প্রতিটা ওয়ার্ডের নামাজ আদায়ের ব্যবস্থা রয়েছে। প্রতি ওয়াক্তেই কারাগারে জামায়াত সহকারে নামাজ আদায় করেন বন্দিরা। এছাড়া অন্য ধর্মালম্বীদের জন্যও প্রার্থনার ব্যবস্থা রয়েছে।’

The post চট্টগ্রাম কারাগারেই চলছে কোরআন, গীতা ও ত্রিপিটক শিক্ষা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/d7UQb35aM

Sunday, January 30, 2022

২১৮ ইউনিয়নে ভোট চলছে

ফাতেহ ডেস্ক:

ষষ্ঠ ধাপে ২১৮ ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ শুরু হয়েছে। আজ সকাল ৮টা থেকে এই ভোটগ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল ৪টা পর্যন্ত। এ ধাপে ২১৮ ইউপির মধ্যে ২১৬ ইউপিতে ইভিএমে ভোট হচ্ছে। এ ধাপের ভোট সুষ্ঠু-শান্তিপূর্ণ করতে সব ধরনের প্রস্তুতি নিয়েছে নির্বাচন কমিশন। মাঠে রয়েছেন পুলিশ, র‌্যাব ও বিজিবির সদস্যরা।

নির্বাচন কমিশন (ইসি) জানিয়েছে, ষষ্ঠ ধাপের ভোটের আগেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন ১৪৪ জন। এর মধ্যে চেয়ারম্যান ১২ জন, সংরক্ষিত সদস্য ৩২ জন এবং সাধারণ সদস্য ১০০ জন বিনোভোটে নির্বাচিত হয়েছেন। এ ধাপের ভোটের লড়াইয়ে আছেন ১১ হাজার ৬০৪ জন প্রার্থী। চেয়ারম্যান পদে প্রার্থী রয়েছেন ১ হাজার ১৯৯ জন, সংরক্ষিত সদস্য পদে ২ হাজার ৫৫৯ জন এবং সাধারণ সদস্য পদে ৭ হাজার ৮৪৬ জন।

নির্বাচনী পরিবেশ নিয়ন্ত্রণে মাঠে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ভোটের পরেও তারা থাকবেন। সেই সঙ্গে মাঠে রয়েছেন ম্যাজিস্ট্রেটও। এ ধাপের মোট ভোট কেন্দ্র ২ হাজার ১৮৬টি। ভোটকক্ষ ১৩ হাজার ৩০৫টি। এ ধাপে মোট ভোটার সংখ্যা ৪১ লাখ ৮২ হাজার ২৬৩ জন। এর মধ্যে নারী ভোটার ২০ লাখ ৬৭ হাজার ৫৩৭ জন ও পুরুষ ২১ লাখ ১৪ হাজার ৭২০ জন এবং তৃতীয় লিঙ্গ ছয়জন ভোটার রয়েছেন। এ নির্বাচনে আওয়ামী লীগ-জাতীয় পার্টিসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল অংশ নিয়েছে। তবে বিএনপি আনুষ্ঠানিকভাবে ভোট না থাকলেও স্বতন্ত্র প্রার্থী হিসেবে দলের নেতা-কর্মীরা অংশ নিয়েছেন।

করোনাভাইরাস মহামারি পরিস্থিতির উন্নতি হওয়ায় ইউপি প্রথম ধাপে গত ২১ জুন ও ২০ সেপ্টেম্বর এবং দ্বিতীয় ধাপে ১১ নভেম্বর, তৃতীয় ধাপে ২৮ নভেম্বর, চতুর্থ ধাপে ২৬ ডিসেম্বর, পঞ্চম ধাপে ৫ জানুয়ারি ভোট হয়। আজ ৩১ জানুয়ারি ষষ্ঠ ধাপে ২১৮ ইউপিতে ভোট হচ্ছে। এ ছাড়া সপ্তম ধাপে ১৩৮ ইউপিতে ৭ ফেব্রুয়ারি এবং অষ্টম ধাপে ১০ ফেব্রুয়ারি ৮ ইউপিতে ভোট গ্রহণ হওয়ার কথা রয়েছে।

The post ২১৮ ইউনিয়নে ভোট চলছে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Mda95rqu

৪০ বছর বয়সীরা বুস্টার ডোজ নিতে পারবেন: স্বাস্থ্যমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

আজ থেকে ৪০ বছর বয়সীরা করোনার বুস্টার ডোজ নিতে পারবেন বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

রবিবার, রাজধানীর মহাখালীর বিসিপিএস অডিটোরিয়ামে দেশের করোনা পরিস্থিতি নিয়ে ব্রিফিংয়ে এ কথা জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, ৯ কোটি ৭০ লাখ প্রথম ডোজ, ৬ কোটির উপরে দ্বিতীয় ডোজ টিকা দেয়া হয়েছে। ১ কোটি ৪০ লাখ শিক্ষার্থীকে টিকা দেয়া হয়েছে। এ মাসে সর্ব্বোচ্চ ৩ কোটি ৪০ লাখ টিকা দেয়া হয়েছে। আজ থেকে আমরা ৪০ বছর বয়সীদেরও করোনার বুস্টার ডোজ দেয়ার সিদ্ধান্ত নিয়েছি। আমাদের এখন বাড়তি টিকার দরকার নাই। তাই চীন কিংবা ভারতের সাথে চুক্তি হলেও আমরা কাউকে টিকার জন্য চাপ দিচ্ছি না।

তিনি বলেন, দেশে প্রতিদিন ১০-১৫ হাজার মানুষ করোনায় আক্রান্ত হচ্ছে। আক্রান্ত বেশি হলে মৃত্যুও বাড়বে। অনেকের লক্ষণ থাকলে পরীক্ষা করাচ্ছেন না। মৃদু বলে ওমিক্রনকে হালকাভাবে নেয়া ঠিক হবে না।

তিনি আরও বলেন, ভাসমান মানুষদের জনসন অ্যান্ড জনসনের টিকা দেয়া হবে। যেহেতু এটি সিঙ্গেল ডোজের টিকা। এছাড়া বাস মালিক সমিতি, দোকান সমিতিসহ বিভিন্ন পেশাজীবিদের তাদের সমিতির মাধ্যমে টিকা দেয়া হবে।

The post ৪০ বছর বয়সীরা বুস্টার ডোজ নিতে পারবেন: স্বাস্থ্যমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/oqUp6dAm8

Friday, January 28, 2022

বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আত্মহত্যা বেড়েছে, এক বছরে ১০১

ফাতেহ ডেস্ক:

দেশে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহননের ঘটনা আশঙ্কাজনকভাবে বাড়ছে। গত বছর সারাদেশে বিশ্ববিদ্যালয়ের ১০১ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। গত বছরের জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত যারা এমন অনাকাঙ্ক্ষিত মৃত্যুর পথ বেছে নিয়েছেন, তাদের মধ্যে সবচেয়ে বেশি রয়েছেন পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়েরই ৯ জন। এক বছরে এত শিক্ষার্থীর আত্মহত্যার ঘটনা এবারই প্রথম।

বেসরকারি সংগঠন আঁচল ফাউন্ডেশনের সমীক্ষায় এ তথ্য পাওয়া গেছে। ২০২১ সালের অর্ধশতাধিক জাতীয় ও স্থানীয় দৈনিক এবং অনলাইন পোর্টালে প্রকাশিত খবর বিশ্নেষণের ভিত্তিতে প্রতিবেদনটি তৈরি করা হয়েছে।

২০১৯ সাল থেকে আঁচল ফাউন্ডেশন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে মানসিক স্বাস্থ্য সচেতনতা তৈরিতে কাজ করছে। এর আগে আলাদা করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার সংখ্যা নিয়ে কাজ করেনি সংগঠনটি। তবে বিভিন্ন সূত্র থেকে তারা তিন বছরের তথ্য সংগ্রহ করেছে। সে তথ্য অনুযায়ী, ২০১৮ সালে ১১ এবং ২০১৭ সালে ১৯ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী আত্মহত্যা করেছেন। ২০২০ সালের মার্চে করোনা সংক্রমণ শুরুর পর থেকে ১৫ মাস স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয়সহ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মানসিক স্বাস্থ্য নিয়ে তারা জরিপ করে। তাতে দেখা যায়, আত্মহত্যা করা ৫০ জনের মধ্যে ৪২ জন ছিলেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

২০২১ সালে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আত্মহত্যার ঘটনা ঘটেছে ১০১টি। সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে, ৬১.৩৯ শতাংশ, ৬২ জন। এ ছাড়া মেডিকেল কলেজ ও বিশ্ববিদ্যালয়ের ১২ জন (১১.৮৮ শতাংশ), প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ৪ (৩.৯৬ শতাংশ) এবং বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ২৩ জন (২২.৭৭) শিক্ষার্থী আত্মহত্যার পথ বেছে নেন। সবচেয়ে বেশি ৯ জন ঢাকা বিশ্ববিদ্যালয়ের, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছয়জন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পাঁচজন এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে চারজন আত্মহত্যা করেছেন। প্রাইভেট বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে সবচেয়ে বেশি আত্মহত্যার ঘটনা ঘটেছে ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে- তিনজন।

আত্মহননকারীদের বয়সভিত্তিক তথ্য পর্যালোচনায় দেখা গেছে, ২২-২৫ বছর বয়সীদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বেশি। এ বয়সসীমার শিক্ষার্থীদের মধ্যে ৬০টি আত্মহত্যার ঘটনা দেখা গেছে, যা মোট ঘটনার ৫৯.৪১ শতাংশ। অন্যদিকে ১৮-২১ বছর বয়সী ২৬.৭৩ শতাংশ, ২৭ জন। ২৬-২৯ বছর ৯.৯০ শতাংশ, ১০ জন এবং ২৯ বছরের ওপরে ৩.৯৬ শতাংশ, চারজন। আত্মহত্যাকারীদের বড় অংশই পুরুষ শিক্ষার্থী। ৬৫ পুরুষ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন, যা মোট শিক্ষার্থীর ৬৪.৩৬ শতাংশ। নারী শিক্ষার্থীদের ক্ষেত্রে এই সংখ্যা ৩৬ জন বা ৩৫.৬৪ শতাংশ।

মাসভিত্তিক আত্মহত্যা প্রবণতা পর্যালোচনা করে দেখা গেছে, ডিসেম্বরে আত্মহত্যার হার ১৪.৮৫ শতাংশ বা ১৫ জন এবং সবচেয়ে কম এপ্রিলে, যা ১.৯৮ শতাংশ বা দু’জন। এতে দেখা গেছে, গ্রীষ্ফ্মকালের চেয়ে শীতকালে আত্মহত্যার হার বেশি।

স্নাতক তৃতীয় ও চতুর্থ বর্ষের শিক্ষার্থীদের মধ্যে আত্মহত্যার হার তুলনামূলক বেশি, ৩৬.৬৩ শতাংশ।

আত্মহত্যার কারণের মধ্যে বেশ কিছু উদ্বেগজনক তথ্য উঠে এসেছে। সম্পর্কের অবনতির কারণে আত্মহনন করেছেন ২৪.৭৫ শতাংশ এবং পারিবারিক সমস্যার কারণে ১৯.৮০ শতাংশ। মানসিক যন্ত্রণা থেকে মুক্তি পেতে ১৫.৮৪ শতাংশ, পড়াশোনা-সংক্রান্ত কারণে ১০.৮৯ শতাংশ, আর্থিক সমস্যায় ৪.৯৫ শতাংশ, মাদকাসক্ত হয়ে ১.৯৮ শতাংশ এবং অন্যান্য কারণে ২১.৭৮ শতাংশ শিক্ষার্থী আত্মহত্যা করেছেন।

The post বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের আত্মহত্যা বেড়েছে, এক বছরে ১০১ appeared first on Fateh24.



from Fateh24 https://bit.ly/3uaCbeO

Wednesday, January 26, 2022

সুস্থ হয়ে উঠছেন মাহাথির মোহাম্মদ

আন্তর্জাতিক ডেস্ক:

মালয়েশিয়ার সাবেক প্রধানমন্ত্রী ডা. মাহাথির মোহাম্মদকে (৯৬) করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) থেকে ন্যাশনাল হার্ট ইনস্টিটিউটের (আইজেএন) একটি সাধারণ ওয়ার্ডে স্থানান্তরিত করা হয়েছে বলে জানিয়েছেন তার মেয়ে মেরিনা মাহাথির।

আজ বুধবার এক বিবৃতিতে তিনি বলেন, তার বাবা (মাহাথির) দ্রুত সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার চিকিৎসকরা। এ সময় তিনি তার বাবা মাহাথির মোহাম্মদের জন্য দোয়া করায় সবাই ধন্যবাদ জানান।

এর আগে গতকাল মেরিনা বলেছিলেন, মাহাথির জনসাধারণকে তার স্বাস্থ্যের বিষয়ে উদ্বিগ্ন না হওয়ার জন্য বলেছেন। পাশাপাশি তার অবস্থার উন্নতি হওয়ায় তার ক্ষুধা বেড়েছে।
উল্লেখ্য, গত ৮ জানুয়ারি (শনিবার) মাহাথির মোহাম্মদকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানেই তার চিকিৎসা চলছে। সূত্র : রয়টার্স

The post সুস্থ হয়ে উঠছেন মাহাথির মোহাম্মদ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3G4kxLZ

করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত সাড়ে ১৫৫২৭

ফাতেহ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ১৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন আরও ১৫ হাজার ৫২৭ জন। এসময়ে নমুনা পরীক্ষার বিপরীতের শনাক্তের হার ৩১ দশমিক ৬৪ শতাংশ।

বুধবার (২৬ জানুয়ারি) স্বাস্থ্য অধিদপ্তরের করোনাবিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এর আগে মঙ্গলবার (২৫ জানুয়ারি) ২৪ ঘণ্টায় ১৮ জনের মৃত্যু এবং ১৬ হাজার ৩৩ জন নতুন রোগী শনাক্তের তথ্য জানিয়েছিল স্বাস্থ্য অধিদপ্তর। নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ছিল ৩২ দশমিক ৪০ শতাংশ।

The post করোনায় আরও ১৭ মৃত্যু, শনাক্ত সাড়ে ১৫৫২৭ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/33WXR30

Tuesday, January 25, 2022

বইমেলা পেছানোর পক্ষে পরামর্শক কমিটি

ফাতেহ ডেস্ক:

ওমিক্রনের বিস্তারের কারণে বিধিনিষেধ বাস্তবায়নে সরকারকে আরও কঠোর হওয়ার তাগিদ দিয়েছে কোভিড-১৯ সংক্রান্ত জাতীয় কারিগরি পরামর্শক কমিটি। এ অবস্থায় বাণিজ্যমেলা আপাতত বন্ধ এবং একুশে গ্রন্থমেলা আরও কিছুদিন পিছিয়ে দেওয়ার কথা বলেছেন কমিটির প্রধান অধ্যাপক ডা. মোহাম্মদ সহিদুল্লাহ। মঙ্গলবার তিনি বলেছেন, সংক্রমণ ঠেকাতে বিধিনিষেধ কঠোর করতে সরকারকে কয়েক দফা সুপারিশ করা হয়েছে। এসব সুপারিশের বাস্তবায়নও জরুরি।

শুধু নির্দেশনা দিলেই হবে না, এটার বাস্তব প্রয়োগও দরকার। অর্থাৎ গণপরিবহনে অর্ধেক যাত্রী, সবাই মাস্ক পরবে, অফিস-আদালত অর্ধেক জনবল দিয়ে চলার কথা বলা হয়েছে। এগুলো ভালোভাবে হচ্ছে। কিন্তু বাণিজ্যমেলা চলছে, যা খোলা রাখা উচিত না। এখন এইগুলোর যদি বাস্তব প্রয়োগ না হয়, তাহলে ভালো ফলাফল আসবে না। এজন্য আমরা বলেছি কঠোরভাবে বাস্তবায়ন করতে হবে।

অধ্যাপক সহিদুল্লাহ বলেন, করোনাভাইরাস সংক্রান্ত জাতীয় কমিটি সব সময়ই বড় ধরনের জনসমাগম বন্ধের পরামর্শ দিয়ে এসেছে। এর মধ্যে সবই পড়ে। আমরা যে কোনো ধরনের সভা-সমাবেশ, জনসমাগম বন্ধের সুপারিশ আগে থেকেই করে আসছি। আমি ব্যক্তিগতভাবে মনে করি বাণিজ্যমেলা বন্ধ করে দেওয়া, গ্রন্থমেলাটা আরও কিছুদিন পিছিয়ে দেয়া উচিত।

লকডাউন দেওয়ার কোনো সুপারিশ করা হয়েছে কি না- এ প্রশ্নের উত্তরে অধ্যাপক সহিদুল্লাহ বলেন, লকডাউন এই মুহূর্তে দিয়ে খুব লাভ হবে না। লকডাউন দেওয়ার আগে স্বাস্থ্যবিধি নিশ্চিত করা জরুরি। ওমিক্রনের কমিউনিটি ট্রান্সমিশন হয়ে গেছে। যখন দেখবো হাসপাতালগুলোয় রোগীর চাপ সামাল দিতে পারছি না, তখন লকডাউন দেবো। লকডাউনে কিছু সুবিধা হবে, কিন্তু জীবিকার ওপর যে প্রভাব পড়বে, তাও কম না। এই বিষয়টাও মাথায় রাখতে হবে।

The post বইমেলা পেছানোর পক্ষে পরামর্শক কমিটি appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3u115xl