Friday, November 19, 2021

কৃষকদের কাছে বিজেপি সরকারের ‘হার’, প্রত্যাহার হবে কৃষি আইন

আন্তর্জাতিক ডেস্ক:

কৃষকদের দীর্ঘদিনের আন্দোলনের সামনে অবশেষে হার মানলো বিজেপি সরকার। বিতর্কিত সেই তিন কৃষি আইন প্রত্যাহারের ঘোষণা দিয়েছেন ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, এতদিনের দুর্ভোগের কারণে দেশবাসীর কাছে ক্ষমাও চেয়েছেন তিনি।

শুক্রবার (১৯ নভেশ্বর) জাতির উদ্দেশে দেওয়া ভাষণে নরেন্দ্র মোদী বলেন, আমি দেশবাসীর কাছে ক্ষমা চাচ্ছি। আমাদের হয়তো তপস্যাতেই খামতি ছিল। তাই কৃষি আইন প্রত্যাহার করা হচ্ছে। এ মাসে শুরু হতে চলা সংসদ অধিবেশনে আইনগুলো প্রত্যাহার করা হবে। সবাইকে অনুরোধ করছি, আসুন, আন্দোলন ছেড়ে নতুন দিনের সূচনা করি। এবার আপনারা মাঠে ফিরে যান, পরিবারের কাছে যান।

ভারতীয় প্রধানমন্ত্রী বলেন, দেশের ১০০ জনের মধ্যে ৮০ জন ক্ষুদ্র কৃষক। তাদের জমির পরিমাণ দুই হেক্টরের কম। তাদের জীবনের আধার এই ছোট জমিটুকু। এমন কৃষক রয়েছে প্রায় ১০ কোটি। এই ছোট জমিতেই তারা নিজেদের পরিবারের মুখে খাবার তুলে দিতে কাজ করছে। তাই বীজ, বীমা, বাজার আর সেভিংসের ক্ষেত্রে কাজ করেছি। আমরা ফসল বীমা যোজনাকে আরও কার্যকরী করেছি। পশুপালন ও মাছচাষের সঙ্গে যুক্ত কৃষকরা কিষাণ ক্রেডিট কার্ডের সুবিধা পেতে শুরু করেছেন। কৃষককদের সামাজিক পরিস্থিতির উন্নয়নে সরকার কাজ করছে।

মোদী বলেন, দেশের ক্ষুদ্র কৃষকদের কথা ভেবেই তিনটি কৃষি বিল আনা হয়েছিল। দেশের কৃষক সংগঠন, কৃষি অর্থনীতিবিদদের এই দাবি বহুদিনের। আগের সরকারও এ নিয়ে ভেবেছে। এরপরই সংসদে কৃষি বিল নিয়ে আলোচনা করে তা পাস করানো হয়। কয়েক কোটি কৃষক এই বিলকে সমর্থন জানিয়েছেন। ভালো মনে এই আইন আনা হয়েছিল। কৃষকদের স্বার্থে আনা এই বিল আমরা কয়েকজনকে বোঝাতে পারিনি। সেই কয়েকজন কৃষকই এর বিরোধিতা করছেন। তবু সেটিও আমাদের জন্য বড় বিষয়। তাদের বোঝাতে চেয়েছি, আমরাও তাদের কথা বোঝার চেষ্টা করেছি। সরকার আইন বদলাতে রাজি ছিল। এর মধ্যেই মামলাটি সুপ্রিম কোর্টে চলে যায়।

এর আগে বিতর্কিত তিনটি কৃষি আইন স্থগিত রাখতে কেন্দ্রীয় সরকারকে নির্দেশনা দেন ভারতের সর্বোচ্চ আদালত।

ওই তিন কৃষি আইনের বিরুদ্ধে ভারতে বহুদিন ধরে আন্দোলন করছেন কৃষকরা। আন্দোলন-বিক্ষোভে ঘটেছে প্রাণহানির ঘটনাও। তবু রাজপথ ছাড়েননি কৃষকরা। দফায় দফায় বৈঠক হয়েছে কেন্দ্রীয় কমিটির সঙ্গে, তবে বিষয়টির সুরাহা হয়নি। করোনা মহামারির মধ্যেও আন্দোলন চালিয়ে যান কৃষকরা। অবশেষে তাদের দাবি মেনে নিলো মোদী সরকার।

সূত্র: হিন্দুস্তান টাইমস

The post কৃষকদের কাছে বিজেপি সরকারের ‘হার’, প্রত্যাহার হবে কৃষি আইন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3kQYj8g

Wednesday, November 17, 2021

দেশে ভ্যাকসিন ইন্সটিটিউট হবে: প্রধানমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসসহ বিভিন্ন রোগের টিকা দেশেই উৎপাদনের লক্ষ্যে ভ্যাকসিন ইন্সটিটিউট প্রতিষ্ঠার পরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমনন্ত্রী শেখ হাসিনা।

বুধবার সংসদ অধিবেশনের প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগের সদস্য আনোয়ার হোসেন খানের প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান।

টাঙ্গাইল-৭ (মির্জাপুর) আসনের সাংসদ, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মো. একাব্বর হোসেনের মৃত্যুতে সংসদের রীতি অনুযায়ী বুধবার শোক প্রস্তাব আনা হলে তার জীবন ও কর্মের ওপর আলোচনা শেষে সংসদ মুলতবি করা হয়। প্রধানমন্ত্রীসহ অন্য মন্ত্রীদের প্রশ্নোত্তর টেবিলে উত্থাপিত হয়।

প্রধানমন্ত্রী বলেন, করোনাভাইরাসের মহামারী শুরুর পর বিশ্বে টিকা আবিষ্কার ও উৎপাদনের গুরুত্ব বেড়ে গেছে। করোনাভাইরাসসহ বিভিন্ন ভাইরাস প্রতিরোধে ভ্যাকসিন উৎপাদনের লক্ষ্যে দেশে একটি আন্তর্জাতিক মানসম্পন্ন ভ্যাকসিন ইন্সটিটিউট প্রতিষ্ঠা এবং ভ্যাকসিন নীতিমালা প্রণয়নের পরিকল্পনা বর্তমান সরকারের রয়েছে।

ভ্যাকসিন ইন্সটিটিউট এবং ভ্যাকসিন নীতিমালা হলে কী ধরনের সুবিধা পাওয়া যাবে, সে কথাও তুলে ধরেন সরকার প্রধান।

The post দেশে ভ্যাকসিন ইন্সটিটিউট হবে: প্রধানমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3oFM2F3

Tuesday, November 16, 2021

কোভিড চিকিৎসায় সব হাসপাতালে মলনুপিরাভির ব্যবহারের নির্দেশ

ফাতেহ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্তরা মলনুপিরাভির খাওয়ার আনুষ্ঠানিক ছাড়পত্র পেল। কোভিড রোগীদের চিকিৎসায় এই ক্যাপসুল ব্যবহার নিশ্চিত করতে দেশের সব হাসপাতালে চিঠি দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। চিঠিতে বলা হয়েছে, “কোভিড-১৯ পজিটিভ রোগীদের যদি মৃদু ও মাঝারি ধরনের লক্ষণ থাকলে এই ওষুধ ব্যবহার করা যাবে। পাশাপাশি রোগীর বয়স ৬০ বছরের বেশি হলে, ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ, হৃদরোগ ও অন্যান্য কোমর্বিডিটি থাকলে চিকিৎসকের পরামর্শে মুখে খাওয়ার এই ওষুধ ব্যবহার করা যাবে।

তবে গুরুতর অসুস্থ কোভিড রোগীদের এই ওষুধ দিতে মানা করেছে স্বাস্থ্য অধিদপ্তর।

চিঠিতে বলা হয়, করোনাভাইরাস আক্রান্ত জটিল রোগীদের এবং কোভিডের লক্ষণ প্রকাশের পাঁচ দিন পার হয়ে গেলে এই ওষুধ কার্যকর হয় না।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) ডা. মো. ফরিদ হোসেন মিঞা রোববার দেশের সব মেডিকেল কলেজ হাসপাতাল ও বিশেষায়িত হাসপাতালের পরিচালক, সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক, সিভিল সার্জন এবং উপজেলা স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কর্মকর্তাদের এ চিঠি পাঠান।

বাংলাদেশের বাজারে মলনুপিরাভির সুলভ হওয়ার পর স্বাস্থ্য অধিদপ্তরের পক্ষ থেকে এই নির্দেশনা গেল।

যুক্তরাষ্ট্রের দুই কোম্পানি মার্ক শার্প অ্যান্ড ডোম (এমএসডি) ও রিজেবাক বায়োথেরাপিউটিক যৌথভাবে তৈরি করেছে লাগেভ্রিও (মলনুপিরাভির) নামে মুখে খাওয়ার এই ওষুধ। মলনুপিরাভির মারাত্মক ঝুঁকিতে থাকা কোভিড রোগীদের হাসপাতালে ভর্তি হওয়ার বা গুরুতর অসুস্থ হয়ে পড়ার হার ৫০ শতাংশ কমিয়ে আনতে পারছে বলে পরীক্ষামূলক প্রয়োগে প্রমাণ মেলার পর মহামারী থেকে মুক্তিতে নতুন আশার সঞ্চার ঘটে।

গত সপ্তাহে দেশীয় কয়েকটি ওষুধ প্রস্তুতকারী প্রতিষ্ঠানকে মলনুপিরাভির তৈরির অনুমোদন দেয় ঔষধ প্রশাসন অধিদপ্তর। এরই মধ্যে বেক্সিমকো, এসকেএফ এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালস মনলুপিরাভির বাজারে এনেছে। বাংলাদেশে প্রতিটি ক্যাপসুলের দাম রাখা হচ্ছে ৫০ টাকা। আক্রান্ত রোগীকে পাঁচ দিনে ৪০টি ক্যাপসুল খেতে হবে। দিনে দুবার করে এই ওষুধ দেওয়ার নির্দেশনা রয়েছে।

The post কোভিড চিকিৎসায় সব হাসপাতালে মলনুপিরাভির ব্যবহারের নির্দেশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3DnY2kz

বাংলাদেশসহ ৯৫ দেশকে করোনার ওষুধ উৎপাদনের অনুমতি ফাইজারের

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশসহ ৯৫টি দেশের ওষুধ কোম্পানিগুলোকে নিজেদের তৈরি করোনার ওষুধ উৎপাদনের অনুমতি দিয়েছে ফাইজার। এ বিষয়ে মঙ্গলবার (১৬ নভেম্বর) জাতিসংঘ সমর্থিত গ্রপ মেডিসিনস প্যাটেন্ট পুলের (এমপিপি) সঙ্গে চুক্তি হয়েছে মার্কিন ফার্মাসিউটিক্যাল জায়ান্টদের। ফলে নির্ধারিত দেশগুলোর ওষুধ নির্মাতারা ফাইজারের তৈরি অ্যান্টিভাইরাল ওষুধ প্যাক্সলোভিড উৎপাদনের লাইসেন্স পাচ্ছে।

এর আগে জেনেভাভিত্তিক গ্রুপ এমপিপির সঙ্গে একই ধরনের চুক্তির আওতায় মার্কের তৈরি করোনার ওষুধ মলনুপিরাভির তৈরির লাইসেন্স পেয়েছিল বাংলাদেশসহ ১০৫টি দেশ।

মঙ্গলবার এক বিবৃতিতে ফাইজার জানিয়েছে, নিম্ন ও নিম্ন-মধ্যম আয়ের পাশাপাশি সাব-সাহারান অঞ্চলের কিছু উচ্চ-মধ্যম আয়ের দেশ এবং গত পাঁচ বছরের মধ্যে নিম্ন-মধ্যম আয় থেকে উচ্চ-মধ্যম আয়ের দেশের স্বীকৃতি পেয়েছে এমন ৯৫টি দেশ তাদের তৈরি করোনার ওষুধ উৎপাদনের অনুমতি পাবে। চুক্তি অনুসারে, দরিদ্র দেশগুলোতে করোনার ওষুধ বিক্রি থেকে কোনো অর্থ নেবে না ফাইজার। এমনকি চুক্তির আওতায় থাকা অন্য দেশগুলোতে ওষুধ বিক্রির লভ্যাংশও ছেড়ে দিচ্ছে তারা।

The post বাংলাদেশসহ ৯৫ দেশকে করোনার ওষুধ উৎপাদনের অনুমতি ফাইজারের appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3ClnlT8

Monday, November 15, 2021

আমিরাতের নতুন শ্রমআইনে যা আছে

আন্তর্জাতিক ডেস্ক:

সুবিধাজনক কর্মঘণ্টা, বেতনসহ ছুটি ও তিন বছরের চুক্তির সুযোগ রেখে নতুন শ্রম আইন পাস করেছে সংযুক্ত আরব আমিরাত (ইউএই)। দেশটির প্রেসিডেন্ট শেখ খালিফা বিন জায়েদ আল নাহিয়ান এ সংক্রান্ত বিলে স্বাক্ষর করায় সোমবার (১৫ নভেম্বর) থেকে তা আইনে পরিণত হয়েছে।

এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে আমিরাতভিত্তিক দৈনিক খালিজ টাইমস। আগামী বছর ২০২২ সালের ২ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে নতুন আইন।

নতুন আইন অনুযায়ী কোনো পদে কোনো ব্যক্তিকে নিয়োগ দিতে হলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে ওই ব্যক্তির সঙ্গে কমপক্ষে তিন বছরের জন্য চুক্তি করতে হবে এবং নূন্যতম ১৬ বছর বয়স হওয়ার আগ পর্যন্ত কাউকে কোনো প্রতিষ্ঠানের কোনো পদে নিয়োগ দেওয়া যাবে না।

১৬ থেকে ১৯ বছর বয়সী তরুণ-তরুণীদের কোনো প্রতিষ্ঠানের কোনো পদে নিয়োগ দেওয়ার ক্ষেত্রে কিছু বিশেষ শর্ত পালনের বিধানও রাখা হয়েছে নতুন আইনে।

সোমবার এক সংবাদ সম্মেলনে ইউএইর মানবসম্পদ বিষয়ক মন্ত্রী ড. আব্দুলরহমান আল আওয়ার সোমবার এক সংবাদ ব্রিফিংয়ে বলেন প্রধানত দু’টি কারণে এই নতুন আইন প্রণয়ন করা হয়েছে। প্রথমত, প্রযুক্তিগত উৎকর্ষের ফলে বিশ্ব জুড়ে ‘কর্মস্থল’ ধারণার পরিবর্তন এসেছে। উন্নত প্রযুক্তির ফলে বর্তমানে বিশ্বের এক প্রান্তে বসেও অন্যপ্রান্তে অফিস করতে পারেন একজন কর্মী এবং দ্বিতীয় কারণ হলো করোনা মহামারি।

তাছাড়া, আগামী ৫০ বছর পর্যন্ত আমিরাতের শ্রমবাজার ও উৎপাদনে যেন কোনো বিঘ্ন না আসে- সেদিকেও মনোযোগ দেওয়া হয়েছে আইন প্রণয়নের সময়।

সংবাদ সম্মেলন আওয়ার বলেন, ‘আমাদের লক্ষ্য হলো এমন একটি আকর্ষণীয় কর্মপরিবেশ তৈরি করা, যাতে বিশ্বের সেরা মেধাবী ও দক্ষ মানুষজন ইউএইতে কাজ করতে আগ্রহবোধ করে। পাশপাশি, আমরা দক্ষ কর্মী চাই এবং নতুন আইন আমাদের লক্ষ্য অর্জনে সহায়ক হবে।’

নতুন এই আইন আমিরাতের সর্বত্র যেন মানা হয়, সে বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ মন্ত্রণালয় আগামী বছর ফেব্রুয়ারির আগেই নেবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছেন আমিরাতের মানবসম্পদমন্ত্রী।

The post আমিরাতের নতুন শ্রমআইনে যা আছে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3Hk2ovv

Sunday, November 14, 2021

দুর্নীতিসহ রেড জোনে রেকর্ড করেছে বাংলাদেশ: এমসিসির মূল্যায়ন

ফাতেহ ডেস্ক:

মার্কিন যুক্তরাষ্ট্রের মূল্যায়নে এবার লাল তালিকায় রেকর্ড করেছে বাংলাদেশ। দেশটির ‘মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশনের’(এমসিসি) মূল্যায়নে দুর্নীতি নিয়ন্ত্রণসহ ২০ সূচকের মধ্যে ১৬টিতেই বাংলাদেশ রেড জোনে পড়েছে। গত ১৮ বছরের মধ্যে এই প্রথম এত বেশি লাল সূচকভুক্ত হলো দেশ। গ্রিন বা সবুজ জোনে রয়েছে মাত্র ৪টি সূচক। এবার নতুন করে অবনতি ঘটেছে চারটি সূচকে। আর উন্নতি ঘটেছে একটিতে। গত বছর ১৩টি সূচক ছিল রেড জোনে। প্রতিবছর ‘রেড’ এবং ‘গ্রিন’ রং দিয়ে সূচকের মান প্রকাশ করে এমসিসি। সম্প্রতি ২০২২ সালের জন্য বাংলাদেশের মূল্যায়ন প্রতিবেদনটি প্রকাশ করেছে মার্কিন এ সংস্থা (এমসিসি)।

লালসূচক বেশি পাওয়ায় মার্কিন যুক্তরাষ্ট্রের মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ডের (এমসিএফ) মোটা অঙ্কের অনুদান পাওয়া ফের অনিশ্চিত হয়ে পড়ল। স্কোর কার্ডের উন্নতির ভিত্তিতে সাধারণত কোনো দেশকে এই ফান্ডে যুক্ত করা হয়। অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) পক্ষ থেকে দীর্ঘ কয়েক বছর চেষ্টা করেও এই ফান্ডে যুক্ত হতে পারছে না বাংলাদেশ। এবারও হলো না।

রেড জোনের সূচকগুলো হচ্ছে, কন্ট্রোল অব করাপশন (দুর্নীতি নিয়ন্ত্রণ), রাজনৈতিক অধিকার, সরকারের কার্যকারিতা, জমির অধিকার ও প্রাপ্যতা, নিয়ন্ত্রক সংস্থাগুলোর কার্যকারিতা, বাণিজ্য নীতিমালা, ফ্রিডম অব ইনফরমেশন (তথ্যের স্বাধীনতা), অর্থনীতিতে নারী ও পুরুষের সমতা, স্বাস্থ্য খাতে সরকারি ব্যয়, প্রাথমিক শিক্ষায় সরকারি ব্যয় এবং প্রাকৃতিক সম্পদ রক্ষা সূচক। এছাড়া আরও রয়েছে বেসামরিক লোকের স্বাধীনতা, আইনের কার্যকারিতা, ঋণপ্রাপ্তির সহজলভ্যতা, ফিসক্যাল পলিসি (রাজস্বনীতি) এবং শিশু স্বাস্থ্য।

এমসিসির প্রতিবেদনে সবুজ তালিকায় থাকা সূচকগুলো হচ্ছে-মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ, টিকা দেওয়ার হার, বিজনেস স্টার্ট আপ (ব্যবসা শুরুর)। এছাড়া গত বছর রেড জোনে থাকলেও এবার গ্রিন জোনে উঠে এসেছে মেয়েদের মাধ্যমিক শিক্ষায় অন্তর্ভুক্তির সূচকটি। ইআরডির সাবেক সিনিয়র সচিব কাজী শফিকুল আযম যুগান্তরকে বলেন, অনেক বছর ধরে চেষ্টা করেও কোনো ফল হচ্ছে না। স্কোর উন্নতিতে ইআরডির তেমন কিছুই করার নেই। এক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয় উদ্যোগ নিতে পারে। তবে বিষয়টি অনেকটাই রাজনৈতিক। অর্থনৈতিক অংশ কম আছে। এক প্রশ্নের জবাবে তিনি বলেন, করোনা মহামারির কারণে শিশুস্বাস্থ্যসহ কিছু সূচক নতুন করে রেড জোনে আসতে পারে। কেননা করোনা মোকাবিলা করতে গিয়ে এগুলোতে বেশি নজর দেওয়া সম্ভব হয়নি।

২০০৪ সাল থেকে এখন পর্যন্ত বাংলাদেশ সবচেয়ে বেশি সূচক রেড জোনভুক্ত হলো ২০২২ সালের প্রতিবেদনে। ২০২১ প্রতিবেদনে রেড জোনে ছিল ১৩টি সূচক। এছাড়া ২০২০ সালে ১২টি, ২০১৯ সালে ১১টি, ২০১৮ সালে ৭টি এবং ২০১৭ সালে ছিল ১০টি সূচক। এর আগে ২০১৬, ২০১৫ এবং ২০১৪ সালের প্রতিবেদনে ছিল ৯টি করে সূচক। ২০১৩ ও ২০১২ সালের প্রতিবেদনে রেড জোনে ছিল ১০টি করে সূচক।

মার্কিন যুক্তরাষ্ট্রের স্টেট ডিপার্টমেন্ট মিলেনিয়াম চ্যালেঞ্জ ফান্ড গঠন করে এবং এটি পরিচালনার জন্য ২০০৪ সালে প্রতিষ্ঠা করে মিলেনিয়াম চ্যালেঞ্জ করপোরেশন (এমসিসি)। ফান্ড গঠনের প্রধান উদ্দেশ্যই হচ্ছে উন্নয়নশীল দেশগুলোকে আর্থিক সহায়তা প্রদান করা।

The post দুর্নীতিসহ রেড জোনে রেকর্ড করেছে বাংলাদেশ: এমসিসির মূল্যায়ন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3kBwcdl

২০২২ সালের এসএসসি মে-জুনে

ফাতেহ ডেস্ক:

শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি বলেছেন, এ বছর করোনার কারণে এসএসসি-এইচএসসি পরীক্ষা বিলম্বে হচ্ছে। আগামী বছর এত বিলম্ব না হলেও যথাসময়ে নেওয়া সম্ভব হচ্ছে না।

রোববার (১৪ নভেম্বর) মতিঝিল সরকারি বালক উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন শেষে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, বর্তমানে করোনা পরিস্থিত স্বাভাবিক আছে। এ অবস্থায় থাকলে আগামী বছরের এসএসসি পরীক্ষা খুব বেশি বিলম্বে হবে না। আশা করছি মে-জুন নাগাদ এ পরীক্ষা নেওয়া সম্ভব হবে।

তিনি বলেন, সাধারণত প্রত্যেক বছর ফেব্রুয়ারি মাসে এসএসসি পরীক্ষা হয়। তবে আগামী বছর আমাদের ফেব্রুয়ারি মাসেই এসএসসি পরীক্ষা নেওয়া সম্ভব হবে না। কারণ শিক্ষার্থীদের সিলেবাস সম্পন্ন করার একটি বিষয় আছে।

সশরীরে শ্রেণি কার্যক্রম শুরুর পর থেকে ২০২২ সালের এসএসসি পরীক্ষার্থীদের গুরুত্ব দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে। আশা করছি পরিস্থিতি স্বাভাবিক থাকবে। আর এ ধারাবাহিকতা থাকলে আগামী মে-জুন নাগাদ আমরা এসএসসি ও সমমানের পরীক্ষা নিতে সক্ষম হবো।

তিনি কেন্দ্রের বাইরে অযথা ভিড় না করে অভিভাবকদের স্বাস্থ্যবিধি মানার আহ্বান জানান।

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক সৈয়দ গোলাম ফারুক প্রমুখ, ঢাকা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক নেহাল আহমেদ প্রমুখ।

The post ২০২২ সালের এসএসসি মে-জুনে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3neMaM5