Saturday, August 7, 2021

দেশে একদিনে করোনায় মৃত্যু ২৬১

ফাতেহ ডেস্ক:

দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় আরও ২৬১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২২ হাজার ৪১১ জনে।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা শনাক্ত হয়েছে ৮ হাজার ১৩৬ জনের। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ৪৩ হাজার ৩৯৬ জনে।

শনিবার (৭ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

The post দেশে একদিনে করোনায় মৃত্যু ২৬১ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3CqySSo

Friday, August 6, 2021

ধর্মীয় প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা

ফাতেহ ডেস্ক :

করোনা সংক্রমণ কমাতে আগামী ১০ আগস্ট পর্যন্ত ধর্মীয় প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানতে বিশেষ নির্দেশনা জারি করেছে ধর্মবিষয়ক মন্ত্রণালয়।

শুক্রবার (৬ আগস্ট) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মো. আনোয়ার হোসেন স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, চলমান বিধিনিষেধের মেয়াদ বৃদ্ধির কারণে ধর্মবিষয়ক মন্ত্রণালয় থেকে ২৩ জুলাই জারি করা বিজ্ঞপ্তির অনুবৃত্তিক্রমে দেশের বর্তমান প্রেক্ষাপটে সব ধর্মের ধর্মীয় প্রতিষ্ঠানে আরোপিত বিধিনিষেধ অনুসরণ করার জন্য এবং মসজিদসমূহে জামাতে নামাজ আদায়ের জন্য আবশ্যিকভাবে নিম্নবর্ণিত শর্তসমূহ পালনের জন্য অনুরোধ করা হলো।

বিজ্ঞপ্তিতে বলা হয়, মসজিদের প্রবেশদ্বারে হ্যান্ড স্যানিটাইজার/হাত ধোয়ার ব্যবস্থাসহ সাবান-পানি রাখতে হবে এবং আগত মুসল্লিদেরকে অবশ্যই মাস্ক পরে মসজিদে আসতে হবে।

মহানবী হজরত মুহাম্মদ (সা.) সাধারণ অবস্থায়ও সুন্নত ও নফল নামাজ বাসায় আদায় করে ফরজ নামাজ জামাতের সঙ্গে মসজিদে আদায় করতেন। বর্তমান করোনা সংক্রমণ পরিস্থিতিতে প্রত্যেক মুসল্লিকে নিজ নিজ বাসা থেকে ওজু করে, সুন্নত ও নফল নামাজ ঘরে আদায় করে কেবল ফরজ নামাজ মসজিদে আদায় করতে হবে এবং ওজু করার সময় কমপক্ষে ২০ সেকেন্ড সাবান দিয়ে হাত ধুতে হবে।

The post ধর্মীয় প্রতিষ্ঠানে স্বাস্থ্যবিধি মানতে ধর্ম মন্ত্রণালয়ের নির্দেশনা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3Amzc2m

Thursday, August 5, 2021

দেশে করোনায় এতিম হয়েছে সাড়ে ৩ হাজার শিশু

ফাতেহ ডেস্ক:

দেশে গত ১৬ মাসে করোনা মহামারিতে মারা গেছেন ২১ হাজারের বেশি মানুষ। এই মৃত্যুতে বাবা অথবা মাকে হারিয়ে এতিম হয়েছে বাংলাদেশের সাড়ে তিন হাজার শিশু। গবেষণা বলছে, মায়ের চেয়ে বাবা হারানো শিশুর সংখ্যা পাঁচ গুণ। কোভিড-১৯ মহামারির মধ্যে ‘লুক্কায়িত মহামারি’ হচ্ছে ১৮ বছরের কম বয়সীদের এতিম হওয়া।

করোনায় এতিম হওয়া শিশুদের নিয়ে গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছে চিকিৎসাবিষয়ক প্রভাবশালী সাময়িকী ল্যানসেট। ২০২০ সালের ১ মার্চ থেকে ২০২১ সালের ৩০ এপ্রিল পর্যন্ত ২১টি দেশের করোনাসংশ্লিষ্ট মৃত্যুর তথ্য নিয়ে গবেষণাটি করা হয়।

ল্যানসেট-এর গবেষণালব্ধ ফলাফল ব্যবহার করে ‘কোভিড-১৯ অরফানহুড টুল’ তৈরি করেছে ইমপিরিয়াল কলেজ অব লন্ডন। সেখানে প্রতিটি দেশে করোনায় এতিম হওয়া শিশুদের আনুমানিক তথ্য দেওয়া হয়েছে। এই টুলে দেশগুলোর করোনায় মৃত্যুর তথ্য নেওয়া হয়েছে জনস হপকিনস বিশ্ববিদ্যালয় থেকে। আর দেশগুলোর প্রজননহার নেওয়া হয়েছে জাতিসংঘের জনসংখ্যার বৈশ্বিক তথ্য থেকে।

ইমপিরিয়াল কলেজের অরফানহুড টুলের তথ্য অনুযায়ী, গত ৩০ জুলাই পর্যন্ত বাংলাদেশের ৩ হাজার ৫০০ শিশু বাবা অথবা মাকে হারিয়েছে। প্রত্যক্ষ পরিচর্যাকারী হারিয়েছে ৩ হাজার ৯০০ শিশু। আর ৬ হাজার ১০০ শিশু প্রত্যক্ষ অথবা পরোক্ষ পরিচর্যাকারী হারিয়েছে।

কোনো শিশুর মা-বাবার একজন অথবা দুজনই মারা গেলে সে শিশুকে এতিম ধরা হয়েছে। মা-বাবার পাশাপাশি অভিভাবকসুলভ দাদা-দাদি, নানা-নানিকে প্রত্যক্ষ পরিচর্যাকারী হিসেবে ধরা হয়েছে। আর পরিবারে বসবাসকারী দাদা-দাদি, নানা-নানি অথবা ৬০ থেকে ৮৪ বছর বয়সী কোনো আত্মীয়কে পরোক্ষ পরিচর্যাকারী বিবেচনা করা হয়েছে।

The post দেশে করোনায় এতিম হয়েছে সাড়ে ৩ হাজার শিশু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3fAGZSC

করোনায় ময়মনসিংহ মেডিকেলে একদিনে ৩০ জনের মৃত্যু

ফাতেহ ডেস্ক:

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এরমধ্যে করোনায় ১৬ জন ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছে ১৪ জনের।

এ হাসপাতালের করোনা ইউনিটে এটিই একদিনে সর্বোচ্চ মৃত্যু।

আজ শুক্রবার (৬ আগস্ট) সকালে বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান মুন জানান, বৃহস্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালের করোনা ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় ৩০ জনের মৃত্যু হয়েছে। এছাড়াও করোনা ও উপসর্গ নিয়ে নতুন ভর্তি হয়েছেন ৫১ জন ও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৮৭ জন।

The post করোনায় ময়মনসিংহ মেডিকেলে একদিনে ৩০ জনের মৃত্যু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2TYJ8Qn

দেশে করোনায় মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেল

ফাতেহ ডেস্ক:

দেশে করোনাভাইরাসের (কোভিড-১৯) সংক্রমণ ও মৃত্যুর মিছিল ক্রমেই দীর্ঘ হচ্ছে। এরই ধারাবাহিকতায় গত ২৪ ঘণ্টায় এ ভাইরাসে আক্রান্ত হয়ে সারাদেশে আরও ২৬৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ২১ হাজার ৯০২ জনে। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যু এটি। এর আগে ২৭ জুলাই ২৫৮ জনের মৃত্যু হয়েছিল।

এছাড়া একই সময়ে নতুন করে করোনা রোগী শনাক্ত হয়েছেন আরও ১২ হাজার ৭৪৪ জন। এ নিয়ে দেশে মোট শনাক্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ১৩ লাখ ২২ হাজার ৬৫৪ জনে।

বৃহস্পতিবার (৫ আগস্ট) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, একই সময়ে সরকারি ও বেসরকারি ৭০৭টি ল্যাবরেটরিতে ৪৬ হাজার ৫২২টি নমুনা সংগ্রহ ও ৪৬ হাজার ৯৯৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়ালো ৭৯ লাখ ৯৫ হাজার ৬৭৮টি। নমুনা পরীক্ষার তুলনায় শনাক্তের হার ২৭ দশমিক ১২ শতাংশ। মোট পরীক্ষার তুলনায় শনাক্তের হার ১৬ দশমিক ৫৪ শতাংশ।

আরও বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৮৬ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ১১ লাখ ৫৬ হাজার ৯৪৩ জন।

মৃত ২৬৪ জনের মধ্যে পুরুষ ১৪০ ও নারী ১২৪ জন। এদের মধ্যে সরকারি হাসপাতালে ১৯০, বেসরকারি হাসপাতালে ৫৫ এবং বাড়িতে ১৫ জনের মৃত্যু হয়।

মৃত ২৬৪ জনের মধ্যে শূন্য থেকে দশ বছরের একজন, দশোর্ধ্ব একজন, বিশোর্ধ্ব ৫ জন, ত্রিশোর্ধ্ব ২৫ জন, চল্লিশোর্ধ্ব ৩১ জন, পঞ্চাশোর্ধ্ব ৫৯ জন, ষাটোর্ধ্ব ৭৪ জন, সত্তরোর্ধ্ব ৫০ জন, আশির্ধ্ব ১৫ জন এবং নব্বই বছরের বেশি বয়সী ৩ জন মারা যান।

বিভাগওয়ারি হিসাব অনুযায়ী, ঢাকায় ৮৭ জন, চট্টগ্রামে ৫৬ জন, রাজশাহীতে ১৯ জন, খুলনায় ৩৫ জন, বরিশালে ১৬ জন, সিলেটে ২৩ জন, রংপুরে ১৮ জন এবং ময়মনসিংহে ১০ জনের মৃত্যু হয়।

গত বছরের ৮ মার্চ দেশে প্রথম ৩ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। এর ১০ দিন পর ১৮ মার্চ দেশে এ ভাইরাসে আক্রান্ত হয়ে প্রথম একজনের মৃত্যু হয়।

The post দেশে করোনায় মৃত্যুর সব রেকর্ড ছাড়িয়ে গেল appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3CiyuVI

আগামী পাঁচদিন ব্যাংক চলবে যেভাবে

ফাতেহ ডেস্ক:

সরকারের লকডাউন বাড়ানোর সিদ্ধান্তে আগামী সপ্তাহে ব্যাংকিং কার্যক্রম কীভাবে পরিচালিত হবে সে বিষয়ে নতুন একটি নির্দেশনা জারি করেছেন কেন্দ্রীয় ব্যাংক। এতে বলা হয়েছে রোববার ব্যাংকিং কার্যক্রম বন্ধ থাকবে।

বৃহস্পতিবার বাংলাদেশ ব্যাংক এ সংক্রান্ত সার্কুলারে বলেছে, আগামী সোমবার ও মঙ্গলবার লেনদেন হবে সকাল ১০টা থেকে বেলা ৩টা পর্যন্ত। তবে অন্যান্য কার্যক্রম সম্পন্ন করার জন্য ব্যাংক খোলা থাকবে বিকাল সাড়ে ৪টা পর্যন্ত।

এর আগে দেশে করোনাভাইরাসের সংক্রমণের বিদ্যমান পরিস্থিতি বিবেচনা করে ১ ও ৪ আগস্ট ব্যাংক বন্ধ ছিল। বাকি কার্যদিবসে ব্যাংক সকাল ১০টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত খোলা রাখার সিদ্ধান্ত দেওয়া হয়। এর মধ্যে গত মঙ্গলবার চলমান বিধিনিষেধ আরও ৫ দিন বাড়িয়ে ১০ আগস্ট পর্যন্ত করেছে সরকার। আজ সেই প্রজ্ঞাপন জারি করেছে মন্ত্রিপরিষদ বিভাগ।

এ অবস্থায় আজ নতুন প্রজ্ঞাপন জারি করে আগামী রোববার ব্যাংক বন্ধ থাকবে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

The post আগামী পাঁচদিন ব্যাংক চলবে যেভাবে appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3fB1WMW

Wednesday, August 4, 2021

আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু ১২ আগস্ট

ফাতেহ ডেস্ক:

এইচএসসি পরীক্ষার সঙ্গে মিল রেখে আগামী ১২ আগস্ট থেকে শুরু হচ্ছে মাদরাসার আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণ। অনলাইনে এ ফরম পূরণ কার্যক্রম চলবে ২৫ আগস্ট পর্যন্ত। তবে ৩০ আগস্ট পর্যন্ত শিক্ষার্থীরা ফি পরিশোধ করতে পারবেন।

বুধবার (৪ আগস্ট) এসব তথ্য জানিয়ে আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে মাদরাসা শিক্ষা বোর্ড।

বিজ্ঞপ্তি অনুসারে, আগামী ১১ আগস্ট বোর্ডের ওয়েবসাইটে শিক্ষার্থীদের সম্ভাব্য তালিকা প্রকাশ করা হবে। ২৫ আগস্ট পর্যন্ত অনলাইনে ফরম পূরণ চলবে। একইসঙ্গে আগামী ৩০ আগস্টের মধ্যে আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণের ফি সোনালী ব্যাংক ও বিভিন্ন মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে জমা দিতে হবে। করোনার কারণে এবারের আলিমের টেস্ট পরীক্ষা অনুষ্ঠিত হবে না।

বোর্ড বলছে, যথাযথ স্বাস্থ্যবিধি মেনে ঘরে বসে অনলাইনে আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণ ও ফি জমা দিতে হবে। কোনো অবস্থাতেই পরীক্ষার্থী বা তার অভিভাবককে শিক্ষাপ্রতিষ্ঠানে সশরীরে আসতে বলা যাবে না। প্রয়োজনে মোবাইলে ফোন করে শিক্ষার্থীদের ফরম পূরণের বিষয় জানাতে হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, আলিম পরীক্ষার্থীদের নির্বাচনী পরীক্ষা অনুষ্ঠিত হবে না। এ সংক্রান্ত কোনো ফি আদায় করা যাবে না। কেবল বৈধ রেজিস্ট্রেশনকারী শিক্ষার্থীরা আলিম পরীক্ষার ফরম পূরণ করতে পারবেন। নিয়মিত, অনিয়মিত, আংশিক বিষয়ে ফেল করা, শুধু আবশ্যিক বিষয়ে ফেল করা, প্রাইভেট পরীক্ষার্থী, জিপিএ উন্নয়ন পরীক্ষার্থী সবাইকেই ফরম পূরণ করতে হবে।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, পরীক্ষার্থী বা তার অভিভাবক এ বছর সোনালী ব্যাংকের অনলাইন পেমেন্ট সিস্টেমের মাধ্যমে ঘরে বসেই বোর্ড ফি, কেন্দ্র ফি ও প্রতিষ্ঠানের পাওনা পরিশোধ করবেন। ফি পরিশোধের বিস্তারিত প্রক্রিয়া নির্দেশিকা বোর্ডের ওয়েবসাইটে দেওয়া থাকবে। শিক্ষার্থীরা সোনালী ব্যাংক বা মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের বিকাশ, নগদ, রকেট, শিউর ক্যাশ বা উপায়ের মাধ্যমে পরিশোধ করতে পারবেন।

আলিম পরীক্ষার ফি বাবদ শিক্ষার্থীদের কাছ থেকে পত্রপ্রতি ১০০ টাকা, ব্যবহারিকের ফি বাবদ পত্রপ্রতি ৫ টাকা, একাডেমিক ট্রান্সক্রিপ্টের ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫০ টাকা, মূল সনদ বাবদ শিক্ষার্থী প্রতি ১০০ টাকা, বয়েজ স্কাউট ও গার্লস গাইড ফি বাবদ ১৫ টাকা এবং জাতীয় শিক্ষা সপ্তাহ ফি বাবদ পরীক্ষার্থী প্রতি ৫ টাকা নির্ধারণ করা হয়েছে।

অনিয়মিত পরীক্ষার্থীর ক্ষেত্রে ১০০ টাকা রিটেনশন ফি দিয়ে ফরম পূরণ করতে হবে। এছাড়া জিপিএ উন্নয়ন ও প্রাইভেট পরীক্ষার্থীদেরও ১০০ টাকা ফি নির্ধারণ করা হয়েছে। অনিয়মিত পরীক্ষার্থীদের ১০০ টাকা সনদ ফি দিতে হবে।

আলিম পরীক্ষার কেন্দ্র ফি বাবদ প্রতি পরীক্ষার্থীকে ৩০০ টাকা ও ব্যবহারিক পরীক্ষার ব্যবস্থাপনার জন্য পত্রপ্রতি ৫ টাকা ফি দিতে হবে।

The post আলিম পরীক্ষার্থীদের ফরম পূরণ শুরু ১২ আগস্ট appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3lzjSv9