Friday, October 8, 2021

দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার মানচিত্র

ফাতেহ ডেস্ক:

করোনা মহামারীতে দেশের তরুণ প্রজন্ম এবং বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার প্রবণতা উদ্বেগজনক হারে বাড়ছে। করোনা মহামারী শুরুর পর (৮ মার্চ ২০২০-৮ মার্চ ২০২১ পর্যন্ত) সর্বমোট আত্মহত্যা করে ১৪ হাজার ৪৩৬ জন। এর মধ্যে ৩২২টি কেস স্টাডি করে দেখা যায়, আত্মহত্যাকারীদের মধ্যে ৪৯ শতাংশই তরুণ-তরুণী। যাদের বয়স ২০ থেকে ৩৫ বছরের মধ্যে।

‘করোনায় বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের মানসিক বিপর্যয় : একটি প্রায়োগিক জরিপ’-এ এসব তথ্য উঠে এসেছে। বেসরকারি সংগঠন ‘আঁচল ফাউন্ডেশন’ এ জরিপ চালায়; সংগঠনটি তরুণদের মানসিক ভারসাম্য নিয়ে কাজ করে। তারা গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত জরিপকালে দেশের ২ হাজার ৫৫২ জন বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীর মতামত নেয়।

আঁচল ফাউন্ডেশনের জরিপে ঢাকা বিভাগ থেকে অংশগ্রহণকারীর হার সবচেয়ে বেশি। যা ১ হাজার ৪৮৪ জন (৫৮ দশমিক ২%)। দেখা যায়, মহামারীতে অধিকাংশ শিক্ষার্থী শহরেই অবস্থান করেন। এর মধ্যে ৭৭৪ জন গ্রামে আর বাকিরা শহরে ছিলেন। এ শিক্ষার্থীদের মধ্যে ২ হাজার ৩৮০ জন অবিবাহিত এবং ১৬২ জন বিবাহিত। ১০ জন তালাকপ্রাপ্ত। অংশগ্রহণকারীদের ৯৯৯ জন পুরুষ আর ১ হাজার ৫৫২ জন নারী। একজন তৃতীয় লিঙ্গের।

অংশগ্রহণকারীদের মধ্যে উল্লেখসংখ্যক ২ হাজার ১২৫ জন ১৮ থেকে ২৩ বছর বয়সী। এর মধ্যে ১ হাজার ২৬ জন শিক্ষার্থী সরকারি বিশ্ববিদ্যালয়ের। বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ৭৩৩ জন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত প্রতিষ্ঠানে আছেন ৫৮৭ জন। ৬২ জন মেডিকেল শিক্ষার্থী। জাতীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ১৩৬ জন। উচ্চ পর্যায়ের অন্যান্য শিক্ষাপ্রতিষ্ঠানের ৮ জন শিক্ষার্থী।

প্রতিবেদন থেকে প্রাপ্ত তথ্যে, অংশগ্রহণকারীদের ২ হাজার ১৬০ জন (৮৪ দশমিক ৬%) মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হয়। ১৮ মাস ধরে চলা মহামারীতে ৯৮১ জন শিক্ষার্থী (৩৮ দশমিক ৪%) নিজে বা তার পরিবারের কেউ করোনায় আক্রান্ত হয়। এ সময়ে করোনা আক্রান্ত ৮৮০ জন মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন। এ ছাড়া করোনায় আক্রান্ত না হয়েও ১২৮০ জন মানসিক সমস্যায় ভোগেন। মহামারীতে অনিশ্চিত ভবিষ্যতের কথা ভেবেই অধিকাংশ শিক্ষার্থীর মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। ১ হাজার ৫৪১ জন শিক্ষার্থী অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে উদ্বেগে ছিলেন। এ ছাড়া একাকিত্বের কারণে ১ হাজার ৫৩৭ জন শিক্ষার্থী মানসিক স্বাস্থ্য সমস্যায় পড়েন। এদের মধ্যে ১ হাজার তিনজন শিক্ষার্থী লকডাউনে আশপাশের পরিস্থিতি ও থমথমে পরিবেশ এবং করোনা আক্রান্তের মৃত্যুর সংখ্যা জেনে মানসিক চাপে ছিলেন। ১ হাজার ৫৮ জন সেশনজটকে উদ্বেগের কারণ হিসেবে চিহ্নিত করেন। ১ হাজার ২৮ জন টিউশনি চলে যাওয়া এবং আর্থিক অসচ্ছলতার কারণে অশান্তিতে ভোগেন। হীনমন্যতায় ভোগেন ৯৮৮ জন, করোনায় নিজে এবং পরিবার সংক্রমিত হওয়ার ভয়ে ছিলেন ৮৪৪ জন। এ ছাড়া পারিবারিক কলহের কারণে ৫০৭ জন, ক্লাস করার পর্যাপ্ত ডিভাইস না থাকায় ২৫৬ জন এবং পরিবার থেকে বিয়ের চাপের জন্য ২৫১ জনের মানসিক স্বাস্থ্য ক্ষতিগ্রস্ত হয়। আর সংশ্লিষ্টরা বলছেন, দেশে সম্প্রতি শিক্ষার্থী ও তরুণদের আত্মহত্যার পেছনে ওপরের কারণগুলো অন্যতম।

প্রতিবেদন থেকে আরও জানা যায়, মহামারীতে লেখাপড়ার আগ্রহ হারিয়ে ফেলেন ১ হাজার ৯২৮ জন (৭৫ দশমিক ৫%) শিক্ষার্থী। এ সময় ১ হাজার ৩৬৫ জন শিক্ষার্থী অনলাইন শিক্ষা নিয়ে অসন্তুষ্টি প্রকাশ করেন।

এ সময় কর্মহীন ছিলেন ১ হাজার ৪১৮ জন শিক্ষার্থী। আবার কেউ কেউ টিউশনি, লেখালেখি, ব্যবসা, পার্টটাইম চাকরি, ফ্রিল্যান্সিংয়ের মাধ্যমে কর্মসংস্থানের ব্যবস্থা করেন। তবে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অর্ধেকের বেশি কর্মহীন ছিলেন। পড়ালেখার ক্ষেত্রে কোনো ব্যস্ততা না থাকায় শিক্ষার্থীরা অলস সময় কাটান, যা তাদের মানসিক স্বাস্থ্যের ওপর বিরূপ প্রভাব ফেলে। বেশির ভাগ শিক্ষার্থী যথাসময়ে না ঘুমানোর ফলে মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন। ফলত তাদের মানসিক ও শারীরিক স্বস্থ্যের ক্ষতি হয়। এ ছাড়া লকডাউনে ৩৬ দশমিক ৩% শিক্ষার্থী সাত-আট ঘণ্টার ওপর ভার্চুয়াল স্ক্রিনের সামনে থাকেন। জরিপে অংশগ্রহণকারীদের প্রায় সবাই দীর্ঘ সময় স্ক্রিনের সামনে থাকায় মাথাব্যথা, মনোযোগ কমে যাওয়া, অনিদ্রার সমস্যার সম্মুখীন হন। এ কারণে ৫৬ দশমিক ৩%-এর মাথাব্যথা, ৫১% এর ঘুমের সমস্যা, ৩৩ দশমিক ১%-এর চোখের সমস্যা, ৩৮ দশমিক ২% এর অনিয়মিত খাদ্যাভ্যাস, ঘাড়, হাত ও পিঠের ব্যথা ৩০ দশমিক ৪% এর, ৩০ দশমিক ৪ শতাংশের ওজন বৃদ্ধি, ২১ দশমিক ৭% এর পারিবারিক দূরত্ব বেড়ে যাওয়া, ৫৯ দশমিক ৭% এর মনোযোগ বা স্মৃতিশক্তি কমে যাওয়ার সমস্যা হয়। মহামারীতে বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের ২ হাজার ১৬০ জন মানসিক সমস্যায় ভোগেন। শহরে অবস্থানরত বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তুলনামূলক বেশি হারে মানসিক স্বাস্থ্য সমস্যার সম্মুখীন হন। পাবলিক বিশ্ববিদ্যালয়ের ৮৬ দশমিক ৮৪ শতাংশ শিক্ষার্থী সবচেয়ে বেশি মানসিক স্বাস্থ্য সমস্যায় পড়েন। এ ছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের ৫৯১ জন বা ৮০ দশমিক ৬ শতাংশ মানসিক সমস্যার সম্মুখীন হন। এ সময় ১ হাজার ৪১৮ জন কর্মহীন শিক্ষার্থীর ১২১৮ জন মানসিক স্বাস্থ্য সমস্যা হয়। অর্থাৎ বেকারত্ব মানসিক সমস্যা বাড়িয়ে দেয়।

The post দেশজুড়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আত্মহত্যার মানচিত্র appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3FuMYni

Thursday, October 7, 2021

১৫ অক্টোবর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু

আন্তর্জাতিক ডেস্ক:

বিদেশি পর্যটকদের জন্য সীমান্ত খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ভারত। আগামী ১৫ অক্টোবর থেকে দেশটিতে প্রবেশ করতে পারবেন পর্যটকরা। করোনা মহামারির কারণে দেড় বছর বন্ধ থাকার পর আবার তারা চালু করছে পর্যটন ভিসা।

দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, আগামী ১৫ নভেম্বর থেকে বিদেশিদের নতুন করে পর্যটন ভিসা দেওয়া শুরু হবে। তবে যারা চার্টার্ড ফ্লাইটে করে ভারতে যাবেন তাদের আগামী ১৫ অক্টোবর থেকেই ভিসা দেওয়া হবে।

গত বছরের মার্চে দেশজুড়ে লকডাউন ঘোষণার পর থেকে কোভিড-১৯ মহামারিতে ক্ষতিগ্রস্ত পর্যটন, আতিথেয়তা এবং বিমান পরিবহন খাতকে পুনরুজ্জীবিত করার প্রচেষ্টা হিসেবে ভারতের সরকার এই পদক্ষেপ নিয়েছে। এ জন্য প্রথম পাঁচ লাখ বিদেশি পর্যটককে বিনামূল্যে ভিসা দেওয়ার একটা ঘোষণাও কিছুদিন আগে (১৯ সেপ্টেম্বর) এসেছে নয়াদিল্লি থেকে।

দেড় বছর ধরে বন্ধ থাকা ট্যুরিস্ট ভিসা চালুর বিষয়ে দেশটির কল্যাণবিষয়ক মন্ত্রণালয় বলেছে, ভারতের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, পররাষ্ট্র মন্ত্রণালয়, বেসামরিক বিমান চলাচল মন্ত্রণালয়, পর্যটন মন্ত্রণালয় এবং রাজ্য সরকারের মতো অংশীদারদের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের জ্যেষ্ঠ একজন কর্মকর্তা বলেছেন, বিদেশি পর্যটকদের ভারতে আসার অনুমতি দেওয়ার জন্য বিভিন্ন রাজ্য সরকারের পাশাপাশি পর্যটন খাতের বিভিন্ন অংশীদারদের কাছ থেকে মন্ত্রণালয়ে আবেদন আসছে। আমরা আলোচনার পর ভ্রমণ বিধি-নিষেধ শিথিল করার সিদ্ধান্ত নিয়েছি।

সেপ্টেম্বরের শেষের দিকে ভারতে ভ্রমণকারী ৫ লাখ পর্যটককে বিনামূল্যে ভিসা দেওয়া হতে পারে বলে দেশটির স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের একজন কর্মকর্তা জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, এই ভিসার মেয়াদ আগামী বছরের ১ মার্চ পর্যন্ত করা হতে পারে। প্রথম দফায় প্রায় পাঁচ লাখ ভিসা ইস্যু করতে ভারত সরকারের মোট ১০০ কোটি রুপি ব্যয় হতে পারে বলে জানান তিনি।

ওই কর্মকর্তা বলেন, বিনামূল্যে ভিসা দেওয়ার এই পদক্ষেপ স্বল্পসময়ের জন্য ভারত সফরে আসা পর্যটকদের উৎসাহিত করবে বলে আশা করা হচ্ছে। ভারতের এক মাস মেয়াদের ই-ট্যুরিস্ট ভিসার খরচ প্রায় ২৫ মার্কিন ডলার (বাংলাদেশি প্রায় ২ হাজার ১৩৩ টাকা)। এছাড়া এক বছর মেয়াদের মাল্টিপল এন্ট্রি ই-ট্যুরিস্ট ভিসার খরচ প্রায় ৪০ ডলার (বাংলাদেশি প্রায় ৩ হাজার ৪১৩ টাকা)।

সূত্র: এনডিটিভি।

The post ১৫ অক্টোবর থেকে ভারতীয় ট্যুরিস্ট ভিসা চালু appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3oHEoeN

বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিল বাহরাইন

আন্তর্জাতিক ডেস্ক:

বাংলাদেশ থেকে বাহরাইনে প্রবেশে নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হয়েছে। আগামী ১০ অক্টোবর থেকে বাংলাদেশ থেকে প্রবেশ করা যাবে দেশটিতে।

পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আজ শুক্রবার (৮ অক্টোবর) এক বার্তায় এ তথ্য জানিয়েছেন।

ড. মোমেন জানান, প্রতিদিন শত শত বাংলাদেশি জানতে চান, কবে বাহরাইনে যাওয়া যাবে। তাদের জন্য সুখবর, আগামী ১০ অক্টোবর থেকে বাহরাইন সরকার বাংলাদেশকে তাদের ভ্রমণের লাল তালিকা থেকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।

করোনাভাইরাসের বিস্তার রোধে গত মে মাসের শেষ সপ্তাহে বাংলাদেশসহ পাঁচ দেশ থেকে বাহরাইনে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা দিয়েছে বাহরাইন সরকার। করোনা মহামারি নিয়ন্ত্রণে এটি দেশটির সর্বশেষ পদক্ষেপ।

বাহরাইনের সিভিল এভিয়েশন অ্যাফেয়ার্স এক ঘোষণায় বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা এবং নেপাল থেকে ভ্রমণকারীদের ২৪ মে থেকে দেশটিতে প্রবেশে সাময়িক নিষেধাজ্ঞা আরোপ করে। এই পাঁচটি দেশকে ‘লাল তালিকায়’ গণ্য করে দেশটি। এতে দেশে এসে আটকে পড়েন কয়েক হাজার বাহরাইন প্রবাসী বাংলাদেশি।

The post বাংলাদেশ থেকে প্রবেশে নিষেধাজ্ঞা তুলে নিল বাহরাইন appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/308DH40

যুক্তরাষ্ট্রে শিশুদের করোনার টিকার অনুমোদন চেয়েছে ফাইজার

আন্তর্জাতিক ডেস্ক:

যুক্তরাষ্ট্রে ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকার জন্য দেশটির নিয়ন্ত্রক সংস্থার কাছে অনুমোদন চেয়েছে ফাইজার। বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

মার্কিন ওষুধ প্রস্তুতকারক প্রতিষ্ঠান ফাইজার গতকাল বৃহস্পতিবার এ কথা জানায়। প্রতিষ্ঠানটি বলেছে, তারা ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের ক্ষেত্রে করোনার টিকার জরুরি ব্যবহারের অনুমোদন চেয়ে যুক্তরাষ্ট্রের সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থার কাছে আনুষ্ঠানিকভাবে অনুরোধ জানিয়েছে।

করোনার নতুন ধরন ডেলটায় শিশুদের অধিক মাত্রায় সংক্রমিত হওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। স্কুল খোলা রাখার জন্য শিশুদের টিকা দেওয়াকে একটি গুরুত্বপূর্ণ উপায় হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি করোনা মহামারির অবসানে শিশুদের টিকাদানের আওতায় আনা জরুরি।

গত সেপ্টেম্বরের শেষ দিকে ফাইজার-বায়োএনটেক ৫ থেকে ১১ বছর বয়সী শিশুদের করোনার টিকার নথিপত্র যুক্তরাষ্ট্রের খাদ্য ও ঔষধ প্রশাসনের (এফডিএ) কাছে জমা দিতে শুরু করে। তাদের এই টিকা মার্কিন নিয়ন্ত্রক সংস্থা এফডিএর কাছ থেকে অনুমোদন পাবে বলেই মনে করা হচ্ছে।

The post যুক্তরাষ্ট্রে শিশুদের করোনার টিকার অনুমোদন চেয়েছে ফাইজার appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2Ys2K1z

ঢাবিতে সশরীর ক্লাস-পরীক্ষা শুরু ১৭ অক্টোবর

ফাতেহ ডেস্ক:

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বর্ষে সশরীর ১৭ অক্টোবর থেকে ক্লাস-পরীক্ষা শুরু হবে। এই কার্যক্রম শুরুর পরও বিশ্ববিদ্যালয়ের বিভাগ-ইনস্টিটিউটগুলো চাইলে অনলাইনে ক্লাস নিতে পারবে। তবে সে ক্ষেত্রে অনলাইনে সর্বোচ্চ ৪০ শতাংশ ক্লাস নেওয়া যাবে। আজ বৃহস্পতিবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা পরিষদের (একাডেমিক কাউন্সিল) সভায় এসব সিদ্ধান্ত হয়।

সভা শেষে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী গণমাধ্যমকে বলেন, একাডেমিক কাউন্সিল ১৭ অক্টোবর থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সব বিভাগ-ইনস্টিটিউটে সশরীর শ্রেণি কার্যক্রম পরিচালনার সিদ্ধান্ত নিয়েছে। বিভাগ-ইনস্টিটিউটগুলো চাইলে শনিবারও শ্রেণি কার্যক্রম চালাতে পারবে। তবে এটি বাধ্যতামূলক নয়। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের করা একাডেমিক ক্ষতি পুনরুদ্ধার পরিকল্পনাটি সবাইকে অনুসরণ করতে হবে।

প্রক্টর বলেন, ‘পরীক্ষা অনলাইনে নাকি অফলাইনে হবে, সে সিদ্ধান্ত নেবে বিভাগ। কোনো শিক্ষার্থী করোনায় আক্রান্ত হলে পরীক্ষা দেওয়া সম্ভব না হলে তাঁর পরীক্ষা পুনরায় নেওয়ার ব্যবস্থা করা হবে।’

চলতি মাসের ৫ তারিখ থেকে অন্তত এক ডোজ করোনা টিকা নেওয়ার প্রমাণপত্র থাকা সাপেক্ষে বিশ্ববিদ্যালয়ের স্নাতক চতুর্থ বর্ষ ও স্নাতকোত্তরের শিক্ষার্থীদের জন্য হলগুলো খুলে দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, একই শর্তে ১০ অক্টোবর থেকে অন্যান্য বর্ষের জন্যও হল খুলে দেওয়া হচ্ছে।

The post ঢাবিতে সশরীর ক্লাস-পরীক্ষা শুরু ১৭ অক্টোবর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2YudKuZ

Sunday, October 3, 2021

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ১৮

ফাতেহ ডেস্ক:

গত ২৪ ঘণ্টায় দেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ১৮ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে ভাইরাসটিতে প্রাণ হারিয়েছেন ২৭ হাজার ৫৭৩ জন।

রোববার বিকালে স্বাস্থ্য অধিদপ্তরের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গত ২৪ ঘণ্টায় নতুন করে শনাক্ত হয়েছেন ৬১৭ জন। এখন পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছেন ১৫ লাখ ৫৭ হাজার ৯৪৬ জন।

দেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল গত বছরের ৮ মার্চ। প্রথম রোগী শনাক্তের ১০ দিন পর গত বছরের ১৮ মার্চ দেশে প্রথম মৃত্যুর তথ্য নিশ্চিত করে স্বাস্থ্য অধিদপ্তর। সেই বছর সর্বোচ্চ মৃত্যু হয়েছিল ৬৪ জনের।

ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পড়ায় চলতি বছর জুন থেকে রোগীর সংখ্যা হু-হু করে বাড়তে থাকে। ২৮ জুলাই একদিনে সর্বোচ্চ ১৬ হাজার ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছিল।

চলতি বছরের গত ৭ জুলাই প্রথমবারের মতো দেশে করোনায় মৃতের সংখ্যা ২০০ ছাড়িয়ে যায়। এর মধ্যে ৫ ও ১০ আগস্ট ২৬৪ জন করে মৃত্যু হয়, যা মহামারির মধ্যে একদিনে সর্বোচ্চ মৃত্যু।

বেশকিছু দিন ২ শতাধিক মৃত্যু হয়। এরপর গত ১৩ আগস্ট মৃত্যুর সংখ্যা ২০০ এর নিচে নামা শুরু করে। দীর্ঘদিন শতাধিক থাকার পর গত ২৮ আগস্ট মৃত্যু ১০০ এর নিচে নেমে আসে।

The post গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ১৮ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2WCdGbZ

Saturday, October 2, 2021

আমিরাতগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি তিতে হবে না

ফাতেহ ডেস্ক:

‘সংযুক্ত আরব আমিরাতে আসার সময় প্রবাসী কর্মীদের বিমানবন্দরে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার (আরটি-পিসিআর) ফির এক হাজার ৬০০ টাকা দিতে হবে না। এই ফি প্রবাসীকল্যাণ মন্ত্রণালয় থেকে পরিশোধ করা হবে।’

শনিবার (২ অক্টোবর) বিকেলে সংযুক্ত আরব আমিরাতের বাংলাদেশ দূতাবাসে বাংলাদেশি প্রবাসীদের সঙ্গে মতবিনিময়সভায় এসব কথা বলেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমেদ।

সংযুক্ত আরব আমিরাতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. আবু জাফরের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। এ সময় দুবাইতে নিযুক্ত বাংলাদেশের কনসাল জেনারেল বি এম জামালও উপস্থিত ছিলেন।

প্রবাসীকল্যাণমন্ত্রী বলেন, প্রবাসী কর্মীরা আমাদের দেশের রেমিট্যান্স যোদ্ধা। তাঁরা মাথার ঘাম পায়ে ফেলে দেশে রেমিট্যান্স পাঠান। দেশের অর্থনীতিতে তাঁদের অবদান অনস্বীকার্য। সরকারও তাঁদের কল্যাণ নিশ্চিত করতে সদা তৎপর।

 

The post আমিরাতগামী কর্মীদের করোনা পরীক্ষার ফি তিতে হবে না appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/39XijAq