Tuesday, February 2, 2021

বিশ্বে করোনায় মৃত্যু প্রায় সাড়ে ২২ লাখ

ফাতেহ ডেস্ক:

বিশ্বে চলছে করোনার দ্বিতীয় ঢেউ এবং ইউরোপসহ কয়েকটি দেশে মিলেছে করোনার নতুন ধরন। এটি আগের ভাইরাস থেকে অনেকটা শক্তিশালী বলে ধারণা করছেন বিশেষজ্ঞরা। এরইমধ্যে বর্তমানে করোনায় বিশ্বে আক্রান্তের সংখ্যা ছাড়িয়েছে ১০ কোটি ৩৯ লাখ এবং মৃতের সংখ্যা ছাড়িয়েছে ২২ লাখ ৪৭ হাজার।

করোনাভাইরাসে আক্রান্ত ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, মঙ্গলবার (২ ফেব্রুয়ারি) সকাল পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১০ কোটি ৩৯ লাখ ২১ হাজার ২৭৫ জন এবং মৃত্যু হয়েছে ২২ লাখ ৪৭ হাজার ১০ জনের। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন সাত কোটি ৫৭ লাখ ১১ হাজার ৬৬৭ জন।

করোনায় এখন পর্যন্ত সবচেয়ে বেশি সংক্রমণ ও মৃত্যু হয়েছে যুক্তরাষ্ট্রে। তালিকায় শীর্ষে থাকা দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন দুই কোটি ৬৯ লাখ ১১ হাজার ২৯৯ জন। মৃত্যু হয়েছে চার লাখ ৫৪ হাজার ২১৩ জনের।

আক্রান্তে দ্বিতীয় ও মৃত্যুতে তৃতীয় অবস্থানে থাকা ভারতে এখন পর্যন্ত সংক্রমিত হয়েছেন এক কোটি সাত লাখ ৬৭ হাজার ২০৬ জন এবং মারা গেছেন এক লাখ ৫৪ হাজার ৫২২ জন।

আক্রান্তে তৃতীয় এবং মৃত্যুতে দ্বিতীয় অবস্থানে থাকা লাতিন আমেরিকার দেশ ব্রাজিলে এখন পর্যন্ত করোনায় ৯২ লাখ ৩০ হাজার ১৬ জন সংক্রমিত হয়েছেন। মৃত্যু হয়েছে দুই লাখ ২৫ হাজার ১৪৩ জনের।

আক্রান্তের দিক থেকে রাশিয়া চতুর্থ স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৩৮ লাখ ৬৮ হাজার ৮৭ জন। ভাইরাসটিতে মারা গেছে ৭৩ হাজার ৬১৯ জন।

আক্রান্ত ও মৃত্যুর হিসেবে যুক্তরাজ্য বিশ্বে পঞ্চম স্থানে রয়েছে। দেশটিতে এখন পর্যন্ত করোনায় সংক্রমিত হয়েছেন ৩৮ লাখ ৩৫ হাজার ৭৮৩ জন। এর মধ্যে মারা গেছে এক লাখ ছয় হাজার ৫৬৪ জন।

এদিকে আক্রান্তের তালিকায় ফ্রান্স ষষ্ঠ, স্পেন সপ্তম, ইতালি অষ্টম, তুরস্ক নবম এবং জার্মানি দশম স্থানে আছে। এছাড়া বাংলাদেশের অবস্থান ২৭তম।

গত বছরের ডিসেম্বরের শেষ দিকে চীনের হুবেই প্রদেশের উহান থেকে করোনাভাইরাস সংক্রমণ শুরু হয়। এখন পর্যন্ত বাংলাদেশসহ বিশ্বের ২১৮টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে কোভিড-১৯।

The post বিশ্বে করোনায় মৃত্যু প্রায় সাড়ে ২২ লাখ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3anZiGZ

Monday, February 1, 2021

দেশে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তর দাবি গণস্বাস্থ্যর

ফাতেহ ডেস্ক:

দেশে করোনাভাইরাসের নতুন একটি ধরন শনাক্তের দাবি করেছে গণস্বাস্থ্য কেন্দ্রের গবেষকরা। তারা বলেছেন, দেশে পাওয়া নতুন ভাইরাসের সঙ্গে দক্ষিণ আফ্রিকার করোনাভাইরাসের মিল রয়েছে। তবে এটি নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়েছেন তারা।

সোমবার রাজধানীর গণস্বাস্থ্য নগর হাসপাতালে ‘নতুন অনন্য সার্স-কোভ-২ ভেরিয়েন্ট করোনাভাইরাস শনাক্ত’ শীর্ষক মতবিনিময় সভায় গবেষকরা এ তথ্য জনায়।

সভায় বলা হয়, গণস্বাস্থ্য-আরএনএ মলিকুলার ডায়াগনস্টিক অ্যান্ড রিসার্চ সেন্টার করোনাভাইরাস ভেরিয়েন্টের সম্পূর্ণ জেনোম সিকোয়েন্স করেছে। গবেষকরা জেনোম সিকোয়েন্সের ডেটার মধ্যে ভাইরাসের মেমব্রেন অঞ্চলসহ স্পাইক ও নিউক্লিওক্যাপসিড অঞ্চলে এক বা একাধিক (E484K, D614G) মিউটেশন দেখতে পেয়েছেন। করোনাভাইরাসের এই ধরনটি দক্ষিণ আফ্রিকা ও ব্রাজিলসহ কয়েকটি দেশে দেখা দিয়েছে।

গবেষকরা জানান, আমাদের গবেষণায় ওই ধরনের সঙ্গে সাদৃশ্য পাওয়া গেছে এবং আফ্রিকান মিউট্যান্ট যে কারণে সবচেয়ে ক্ষতিকর বলা হয়, সেই ক্ষতিকরটা পাওয়া গেছে। বড় পরিসরে জেনোম সিকোয়েন্সিং করা হলে তখন দেখা যাবে বাংলাদেশে কতটা ছড়িয়েছে। এই মুহূর্তে এটিকে একটি আইসোলেটেড কেইস হিসেবে দেখছি আমরা।

সরকারের টিকা কার্যক্রমকে স্বাগত জানিয়ে গবেষকরা বলেন, যত দ্রুত আমরা জনগনকে টিকা দিতে পারবো, তত তাড়াতাড়ি কোরনাভাইরাস ছড়িয়ে পড়া বাধাগ্রস্থ হবে। পাশাপাশি কোনও মারত্মক মিউট্যান্ট বিকাশকেও সিমাবদ্ধ রাখবে। তাই আমরা সরকারের টিকা কর্যক্রমকে স্বাগত জানাই।

The post দেশে করোনাভাইরাসের নতুন ধরন শনাক্তর দাবি গণস্বাস্থ্যর appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2MFIuDf

১২ বছরের উন্নয়ন রূপকথাকেও হার মানায় : অর্থমন্ত্রী

ফাতেহ ডেস্ক:

জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর আনীত ধন্যবাদ প্রস্তাবের ওপর আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গত ১২ বছরে বাংলাদেশের অভূতপূর্ব উন্নয়ন-অগ্রগতি রূপকথাকেও হার মানায়। এত অল্প সময়ে এত অগ্রগতি বাংলাদেশকে বিশ্বে উন্নয়নের রোল মডেলে পরিণত করেছে।

সোমবার ছিল রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনার দশম দিন।

গত ১৮ জানুয়ারি বছরের প্রথম অধিবেশনের প্রথম দিন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ জাতীয় সংসদে ভাষণ দেন। গত ১৯ জানুয়ারি চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাব উত্থাপন করলে সরকারি দলের সদস্য উপাধ্যক্ষ আবদুস শহীদ এ প্রস্তাব সমর্থন করেন।

স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে বৈঠকের শুরুতে প্রশ্ন জিজ্ঞাসা উত্তর টেবিলে উপস্থাপন ও ৭১ বিধিতে নোটিশের কার্যক্রম স্থগিত করা হয়। এর পর আইন প্রণয়ন কার্যাবলী শেষে রাষ্ট্রপতির ভাষণের ওপর আলোচনা শুরু হয়।

আজ আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল, হুইপ আবু সাইদ আল মাহমুদ স্বপন, বিরোধী দলের চিফ হুইপ মশিউর রহমান রাঙা, সরকারি দলের সদস্য বেগম মতিয়া চৌধুরী, আবদুল মজিদ খান, নুরুজ্জামান বিশ্বাস, মোজাফফর হোসেন, কানিজ সুলতানা, জাতীয় পার্টির আনিসুল ইসলাম মাহমুদ, বিএনপির হারুনুর রশীদ ও ওয়ার্কার্স পার্টির ফজলে হোসেন বাদশা।

আলোচনায় অংশ নিয়ে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেন, রাষ্ট্রপতি তাঁর ভাষণে গত এক যুগে শেখ হাসিনার নেতৃত্বে জাতীয় উন্নয়নে অর্জিত অভূতপূর্ব সাফল্যের চিত্র তুলে ধরার সঙ্গে সঙ্গে ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেছেন।

অর্থমন্ত্রী বলেন, জাতির পিতার জন্মশতবার্ষিকী পালন ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপনের এ বছরই সব ঠিক থাকলে বাংলাদেশ নিম্ন আয়ের দেশ থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হবে।

মুস্তফা কামাল বলেন, বৈশ্বিক মহামারি করোনার এ সময় বিশ্ব অর্থনীতিতে সার্বজনীন মহামন্দা চলছে। এ সময়েও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঠিক ও দূরদর্শী নেতৃত্বে বাংলাদেশের অর্থনীতি সঠিক পথে এগিয়ে চলছে। করোনাকালে অর্থনীতির চাকা সচল ও সাধারণ মানুষের জীবনমান স্বাভাবিক রাখতে তিনি এক লাখ ২৫ হাজার কোটি টাকারও বেশি প্রণোদনা দিয়েছেন। এতে অর্থনীতি যেমনি আবার ঘুরে দাঁড়ানো শুরু করেছে, তেমনি দেশের মানুষের জীবনযাত্রাও স্বাভাবিক রয়েছে।

অর্থমন্ত্রী বলেন, করোনার গভীর ক্ষতে বিশ্বের প্রায় সব দেশেরই জিডিপি সংকুচিত হয়েছে। আর জিডিপির প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ দক্ষিণ এশিয়ার মধ্যে শীর্ষে এবং বিশ্বে তৃতীয় অবস্থানে রয়েছে। এ সময়ে দেশের পুঁজিবাজারে পুঁজি শতকরা ২৭ ভাগ বেড়েছে। প্রবাস আয় বেড়েছে ৪৩ ভাগ।

আ হ ম মুস্তফা কামাল করোনাপূর্ব সময়ে বর্তমান সরকারের এক যুগে দেশের আর্থ-সামাজিক ক্ষেত্রে দেশের এক অনন্য উচ্চতায় উত্তরণের কথা বিশেষভাবে উল্লেখ করেন। তিনি বলেন, আধুনিক বাংলাদেশের রূপকার কিংবদন্তি প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাত ধরে সব ক্ষেত্রেই এ উন্নয়ন সম্ভব হয়েছে। এ পরিপ্রেক্ষিতে তিনি পদ্মা সেতু, কর্ণফুলি বঙ্গবন্ধু ট্যানেল, মাতারবাড়ি বিদ্যুৎ কেন্দ্র, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রসহ বিভিন্ন মেগা প্রকল্পের উল্লেখ করেন। এছাড়া নারীর ক্ষমতায়নসহ বিভিন্ন আর্থ-সামাজিক সূচকে বাংলাদেশের ঊর্ধ্বগতির কথা তুলে ধরেন।

The post ১২ বছরের উন্নয়ন রূপকথাকেও হার মানায় : অর্থমন্ত্রী appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3cwdssh

ভেজাল মদপানে ১৪ দিনে ১৪ জনের মৃত্যু!

ফাতেহ ডেস্ক:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় গত দুই সপ্তাহে ভেজাল মদ পান করে অন্তত ১৪ জনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। কোথাও চোলাই মদ আবার কোথাও বিদেশি মদের নামে ভেজাল মদপানে অসুস্থ হয়ে চিকিৎসাধীন অবস্থায় তাদের মৃত্যু হয়।

সোমবার ভুক্তভোগীদের স্বজন, হাসপাতালসংশ্লিষ্ট ব্যক্তি ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কর্মকর্তাদের সঙ্গে কথা বলে এসব তথ্য পাওয়া গেছে। তারা বলেছেন, রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হঠাৎ করেই ভেজাল মদের সরবরাহ বেড়েছে। এসব মদ পান করে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। অনেকের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। তবে মৃত ব্যক্তির কোনো স্বজন লিখিত অভিযোগ করছেন না।

বগুড়ায় ভেজাল মদ পান করে পাঁচজনের মৃত্যু হয়েছে। এছাড়া রাজধানীর ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) এক ছাত্রী ও তার বন্ধু আরাফাতের মৃত্যু মদপানজনিত বলে বলছে পুলিশ। তবে সেটা ভেজাল মদ কি না তা জানা যায়নি। হাসপাতালের চিকিৎসকরা জানান, প্রাথমিকভাবে অতিরিক্ত অ্যালকোহল পানেই মৃত্যু হয়েছে বলে তারা মনে করছেন। তবে মদের মধ্যে অন্য কোনো বিষাক্ত পদার্থ ছিল কি না তা পরীক্ষার আগে বলা যাচ্ছে না।

এর আগে ২৭ জানুয়ারি বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের তমাল নামে এক শিক্ষার্থী মদ পান করার পর মগবাজারে রাশমনো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। সেখানকার চিকিৎসকরাও তমালের পাকস্থলীতে অ্যালকোহল বিষক্রিয়ার কথা বলেছেন পরিবারের সদস্যদের কাছে। তবে হাসপাতাল কর্র্তৃপক্ষ এ বিষয়ে সংবাদমাধ্যমে কথা বলতে নারাজ।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জানান, করোনাকালীন খ্রিস্টীয় নতুন বছর ও বিভিন্ন উৎসবে নামে তরুণ-তরুণীরা বিভিন্ন ব্র্যান্ডের মদের নামে প্রতারকদের কাছ থেকে ভেজাল মদ সংগ্রহ করেন। নিছক শখের বশে ঘরোয়া পরিবেশে সেই মদ পান করে এদের অনেকেই অসুস্থ হয়ে পড়েন।

এমনই ঘটনা ঘটে রাজধানীর বাড্ডা খিলবাড়িরটেকে। গত ১৮ জানুয়ারি একসঙ্গে মদ পান করেন নাঈম, অভি ও তার স্ত্রী। এ সময় প্রথমে অসুস্থ হয়ে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন নাঈম। পরদিন চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। অভি ও তার স্ত্রী নাঈমের মৃত্যুর খবর তার পরিবারের কাছে জানিয়ে সেখান থেকে চলে যাওয়ার পরপরই অভির স্ত্রী অসুস্থ হয়ে পড়েন। পরে তাকেও আরেকটি ক্লিনিকে ভর্তি করা হয়। কিন্তু বাঁচানো সম্ভব হয়নি। অভি তার স্ত্রীর লাশ নিয়ে অ্যাম্বুলেন্সে করে ময়মনসিংহের বাড়ির পথে রওনা দিয়ে অ্যাম্বুলেন্সেই অসুস্থ হয়ে মৃত্যুর কোলে ঢোলে পড়েন।

এদিকে রাজধানীর একটি নামকরা বিজ্ঞাপনী সংস্থার সহযোগী প্রতিষ্ঠানের একটি টিম গাজীপুরে গিয়ে বিষাক্ত মদ পান করার পর টিমের ১৩ জন সদস্য গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এদের মধ্যে শিহাব, শরীফ ও কায়সার নামে তিনজন মারা যান। এছাড়া আরও ১০ জন গুরুতর অসুস্থ অবস্থায় রাজধানীর বেসরকারি বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে চিকিৎসা নিচ্ছেন। তাদের অবস্থাও আশঙ্কাজনক বলে জানা গেছে।

The post ভেজাল মদপানে ১৪ দিনে ১৪ জনের মৃত্যু! appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/36w09Ek

স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ

ফাতেহ ডেস্ক:

করোনার টিকাদান কর্মসূচির জন্য আগামী ১০ ফেব্রুয়ারি পর্যন্ত স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করতে নির্দেশ দিয়েছেন স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশীদ আলম। তবে জরুরি প্রয়োজনে যে কেউ ছুটি নিতে পারবেন।

সোমবার দেশের সব জেলা সিভিল সার্জন, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা এবং মেডিক্যাল কলেজের পরিচালকদের সঙ্গে অনলাইন সভায় তিনি এ কথা জানান।

তিনি বলেন, সরকারি ছুটির দিন শুক্রবার টিকা কর্মসূচি বন্ধ থাকবে। এছাড়া বাকি দিনগুলোতে টিকা কার্যক্রম চলবে। ইতোমধ্যে ৬৪ জেলায় টিকা পৌঁছে গেছে। মাঠ পর্যায়ের স্বাস্থ্যকর্মীরা টিকা কার্যক্রম এগিয়ে নিতে প্রস্তুত আছে। এখন পর্যন্ত ২০ হাজারের বেশি মানুষ টিকা পেতে নিবন্ধন করেছেন। যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না, তাদের সহায়তা করবেন মাঠ স্বাস্থ্যকর্মীরা।

ডা. খুরশীদ আলম বলেন, আগামী ৭ ফেব্রুয়ারি থেকে সারাদেশে একযোগে টিকা কার্যক্রম শুরু হচ্ছে। নিবন্ধনের জন্য সুরক্ষা অ্যাপ প্রস্তুত রয়েছে। আমরা ইতোমধ্যেই গুগল প্লে-স্টোরে অ্যাপটা আপলোড করেছি। আগামী ৪ ফেব্রুয়ারির মধ্যেই এটা অনুমোদন হয়ে যাবে। তখন থেকে অ্যাপটি ডাউনলোড করা যাবে। আপাতত ওয়েবসাইটের মাধ্যমে আমাদের নিবন্ধন প্রক্রিয়া চলছে। আর যারা অনলাইনে নিবন্ধন করতে পারবেন না, তাদের উপজেলা পর্যায়ে সহায়তা করবে আমাদের স্বেচ্ছাসেবকরা।

এ সময় অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. মীরজাদী সেব্রিনা ফ্লোরা জানান, ঢাকা জেলার জন্য করোনার টিকা বরাদ্দ রাখা হয়েছে চার লাখ।

The post স্বাস্থ্যকর্মীদের কর্মস্থল ত্যাগ না করার নির্দেশ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/36ArC81

গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা শনাক্ত ৪৪৩, মৃত্যুু ১০

ফাতেহ ডেস্ক:

করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় সারাদেশে আরও ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে জন ৯ জন পুরুষ ও একজন নারী। এ নিয়ে দেশে করোনায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল ৮ হাজার ১৩৭ জনে।

সোমবার (১ ফেব্রুয়ারি) স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষরিত করোনাবিষয়ক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ২০৬টি ল্যাবরেটরিতে ১২ হাজার ৫৫৬টি নমুনা সংগ্রহ ও ১২ হাজার ৪৭৫টি নমুনা পরীক্ষা করা হয়। এ নিয়ে মোট নমুনা পরীক্ষার সংখ্যা দাঁড়াল ৩৬ লাখ ৬৪ হাজার ১৯৭টি। এই সময়ের মধ্যে করোনাভাইরাসে আক্রান্ত নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও ৪৪৩ জন। এ নিয়ে দেশে মোট করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৫ লাখ ৩৫ হাজার ৫৮২ জনে দাঁড়াল।

এদিকে, রাজধানীসহ দেশের বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে উপসর্গবিহীন রোগীসহ গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৪৭২ জন। এ পর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ লাখ ৮০ হাজার ২১৬ জন।

গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষার হার ৩ দশমিক শূন্য ৫৫ শতাংশ। এ পর্যন্ত নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ১৪ দশমিক ৬২ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৮৯ দশমিক শূন্য ৬৬ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৫২ শতাংশ।

গেল বছরের ৮ মার্চ দেশে প্রথম করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত এবং ১৮ মার্চ প্রথম করোনা রোগীর মৃত্যু হয়। এ পর্যন্ত মোট মৃতদের মধ্যে পুরুষ ৬ হাজার ১৬৬ জন (৭৫ দশমিক ৭৮ শতাংশ) ও নারী ১ হাজার ৯৭১ জন (২৪ দশমিক শূন্য ২২ শতাংশ)।

The post গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনা শনাক্ত ৪৪৩, মৃত্যুু ১০ appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/3ajtlQk

স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে মন্ত্রীকে তুলোধুনো করলেন এমপিরা

ফাতেহ ডেস্ক:

স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে কঠোর সমালোচনা করেছেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। স্বাস্থ্যমন্ত্রীকে জবাবদিহিতার মুখোমুখি করলেন তারা। কেউ কেউ বলেছেন স্বাস্থ্য মন্ত্রণালয় দুর্নীতির ডিপোতে পরিণত হয়েছে। মন্ত্রী আসছে মন্ত্রী যাচ্ছে কিন্তু মিঠু সিন্ডিকেট বহাল তবিয়তে। তবে মন্ত্রী দুর্নীতির বিরুদ্ধে নেওয়া পদক্ষেপের কথা বললেও মিঠু সিন্ডিকেট নিয়ে একটি কথাও বলেননি।

সোমবার (০১ ফেব্রুয়ারি) সকালে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে একাদশ সংসদের একাদশ অধিবেশনে শেখ হাসিনা মেডিকেল বিশ্ববিদ্যালয় স্থাপনে আনিত বিলের ওপর আনিত সংশোধনী প্রস্তাবের ওপর আলোচনা করতে গিয়ে কড়া সমালোচনা করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা।

বিএনপি দলীয় সংসদ সদস্য হারুনুর রশীদ মন্ত্রীকে উদ্দেশ্যে করে বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয় কি দুর্নীতির ডিপোতে পরিণত হয়নি? স্বাস্থ্যমন্ত্রী বলতে পারবেন স্বাস্থ্য অধিদফতরে ২০১৩ থেকে ২০১৭ সাল পর্যন্ত মেডিকেল পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে? সেই সময় মন্ত্রী সচিব বলেছে প্রশ্নপত্র ফাঁস হয় নাই। এখন সিআইডি বলছে প্রশ্ন ফাঁস হয়েছে। তাদের বিরুদ্ধে কি ব্যবস্থা নিয়েছেন?

রুমিন ফারহানা বলেন, বিশ্ববিদ্যালয় মেডিকেল কলেজ স্থাপন করে কি লাভ হবে? যদি তার সুফল সাধারণ মানুষ না পায়। মন্ত্রী তার বক্তব্যে বলেছেন যখন করোনা এসেছে তখন ব্যবস্থা আর অব্যবস্থাপনা কি এসব সম্পর্কে বিশ্ববাসীর কোন ধারণাই ছিল না। আমিও একমত। এই সম্পর্কে বিশ্ববাসীর কোন ধারণা ছিল না। কিন্তু ধারণা না থাকা সত্ত্বেও আমরা দেখেছি বাংলাদেশের মন্ত্রীরা বলেছেন যে করোনার চেয়ে আমরা অনেক বেশি শক্তিশালী। বিশ্বের যে কোন দেশের চেয়ে করোনা মোকাবিলায় আমরা অনেক বেশি সক্ষম। তারা বলেছেন করোনা সর্দি কাশির চেয়ে বেশি গুরুতর কোন অসুস্থতা নয়। এসব না জেনেই বলেছিলাম। আমরা না জেনেই বলেছিলাম আমাদের বেড সংখ্যা কত আমাদের মাস্ক পিপিই আছে কি না? আমাদের সেন্ট্রাল অক্সিজেন ফ্লো আছে কি না। আমরা মানুষকে চিকিৎসা সেবা দিতে পারব কি না। আমাদের সেই সক্ষমতা আছে কি না। ডাক্তার নার্স অপ্রতুল নাকি যথেষ্ট সংখ্যক আছে কি না এসব কিছু না জেনেই মন্তব্যগুলো করেছিলাম।

‘সেই কারণে করোনার শুরু থেকে স্বাস্থ্য খাতে একের পর এক কেলেঙ্কারি। আমরা দেখেছি নকল এন-৯৫ মাস্ক। এখন দেখছি নকল এন-৯৫ মাস্ক যে কোম্পানি সরবরাহ করেছিল জেএমআই। সেই কোম্পানিটি এতোই শক্তিশালী যে এখন টিকাদানের জন্য তাদের কাছ থেকে সিরিঞ্জ নেওয়া হচ্ছে। এরপর গ্লাভস পিপিইর মতো সুরক্ষা সরঞ্জাম কেনা ওয়েবসাইড বানানো সেমিনার করতে অবিশ্বাস্য ব্যয় এর মতো ঘটনা এসেছে।

তিনি বলেন, এবার আমরা প্রথম জানতে পারি স্বাস্থ্য খাতে মিঠু সিন্ডিকেটের কথা। মন্ত্রী এসেছেন মন্ত্রী গেছেন একজন একজন করে তিনজন মন্ত্রী বদল হয়েছেন স্বাস্থ্যখাতে গত ১২ বছরে। কিন্তু আশ্চর্য হয়ে দেখি মিঠু সিন্টিকেট এখনো তার জায়গায় রয়ে গেছে। মিঠু সিন্ডিকেটের ব্যাপারে কোন রকম কোন ব্যবস্থা নেওয়া হয় নাই। সকলের সাথে মিঠুর এতোই সম্পর্ক। দুর্নীতি কেন কমে না সেটাও কিন্তু ভালো মতো জানি। এই করোনাকালে দুই একটা চুনোপুটিকে বাদ দিয়ে কোন রাঘব বোয়ালকে ধরা হয় নাই। করোনার শুরুর দিকে মাস্ক কেলেঙ্কারির সাথে আওয়ামী লীগের একজন উচ্চপদস্থ নেতার নাম এসেছে। যখন পুলিশ তাকে খুঁজছে। করোনা পরীক্ষা নিয়ে কেলেঙ্কারি ঘটে যাবার পরে দুজন ব্যক্তি শাহেদ এবং সাবরিনাকে বিচারের আওতায় আনা হয়েছে। একজন প্রতারক যিনি আদালত কর্তৃক প্রতারক হিসেবে প্রমাণিত হয়েছেন আগেই সেই শাহেদের সাথে কি করে স্বাস্থ্যমন্ত্রী স্বয়ং এবং স্বাস্থ্য সচিব উপস্থিত হয়ে করোনার জন্য চুক্তি স্বাক্ষর করে?

গণফোরামের মোকাব্বির খান বলেন, যে কোন বড় বড় প্রকল্পগুলো সাধারণত মন্ত্রিপরিষদ সদস্যরা নীতি নির্ধারণীতে থাকেন এটা পাস হয়। কিন্তু এটা বাস্তবায়নের দায়িত্বে থাকেন আমাদের সচিব সাহেবরা। প্রজেক্ট ডাইরেক্টর সাহেবরা। কিন্তু যারা বাস্তবায়নে থাকেন। তাদের হাত দিয়েই বড় বড় দুর্নীতি হয়। আজ পর্যন্ত একটি নজিরও নাই যে একজন প্রকল্প পরিচালক বা একজন সচিব যার দায়িত্বে অবহেলার জন্য দৃষ্টান্তমূলক কোন শাস্তি হয়েছে। সব দোষ আসে মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী, সংসদ সদস্য বা রাজনীতিবিদদের ওপর। কিন্তু আমলাতন্ত্র এতো শক্তিশালী মনে হয় পৃথিবীর ইতিহাসে এটা নজিরবিহীন। আমাদের আমলাতন্ত্র এতো শক্তিশালী যে তারা ধরা ছোয়ার বাইরে। এই ব্যাপারে আলোচনা হওয়া দরকার। আমলারা যদি অসৎ হয় প্রকল্প পরিচালক যদি অসৎ হয় যত ভালো সিদ্ধান্তই গ্রহণ করা হোক না কেন আর দুর্নীতির বিরুদ্ধে যত আলোচনা সমালোচনা করি সিদ্ধান্ত গ্রহণ করি কিন্তু ভালো আমলা যদি না হয় তাহলে ভালোকাজ আদায় করা অত্যন্ত কঠিন।

The post স্বাস্থ্যখাতের দুর্নীতি নিয়ে মন্ত্রীকে তুলোধুনো করলেন এমপিরা appeared first on Fateh24.



from Fateh24 https://ift.tt/2MlHpRf